Home Lead দিনব্যাপী দেশের বিভিন্ন জেলায় নাশকতা-সহিংসতা, নিহত ২

দিনব্যাপী দেশের বিভিন্ন জেলায় নাশকতা-সহিংসতা, নিহত ২

1

খুলনাঞ্চল রিপোর্ট।।


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দ্বিতীয় দফার লকডাউনের প্রথম দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে শরীয়তপুরে দুজন নিহত হয়েছেন। রাজধানীর সার্বিক পরিবেশ স্বাভাবিক থাকলেও শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জসহ দক্ষিণবঙ্গের সঙ্গে সড়কপথে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাবনার বেড়ায় থানায় আক্রমণের ঘটনা ঘটেছে। তবে পুলিশের অভিযানে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ছাড়া জামালপুরে রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করা হয়েছে।

লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, পাবনা, গাজীপুর, জামালপুর, ময়মনসিংহ, বাগেরহাট, সিলেট ও কুমিল্লাসহ বিভিন্ন জেলায় সহিংসতা ও নাশকতার তৎপরতা দেখা গেছে। নিরাপত্তার কারণ দেখিয়ে বরগুনা থেকে ঢাকাগামী সব বাস চলাচলও বন্ধ রাখা হয়। অন্যদিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে চেকপোস্ট বসিয়ে যাত্রী, যানবাহন এমনকি অ্যাম্বুলেন্সেও তল্লাশি চালিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত দুই দিনের লকডাউন কর্মসূচিকে ঘিরে এসব ঘটনায় সাধারণ মানুষ ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজধানীতে লকডাউনের আগের রাত অর্থাৎ শনিবার রাতেও কয়েকটি নাশকতার ঘটনা ঘটে।

এদিকে নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনও অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

আগের রাতে রাজধানীতে তিন বাসে আগুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে রাজধানী ঢাকায় এক রাতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কর্মসূচির আগের রাত, শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৭টা থেকে রাত ১১টার মধ্যে মিরপুর ও দৈনিক বাংলা মোড়ে এসব ঘটনা ঘটে।

মিরপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম এবং ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ও রাফি আল ফারুক এসব তথ্য নিশ্চিত করেন।

শনিবার সন্ধ্যায় মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর-১-এর দিকে যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন লাগে। রাত ৭টা ৩৮ মিনিটে খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা আগুন নির্বাপণ করেন।

এডিসি মো. জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বাসটির চালক ও হেলপার পুলিশ হেফাজতে রয়েছেন।

রাত ১১টার দিকে মিরপুর-১৪ নম্বরে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।

এরপর দৈনিক বাংলা মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। শনিবার রাত সাড়ে ১১টার দিকে গাবতলী-সায়েদাবাদ রুটে চলাচলকারী ৮ নম্বর বাসে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এ আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

শরীয়তপুরে নিহত ২, সংঘর্ষ মাদারীপুরেও

মাদারীপুরের টেকেরহাট বন্দর, শিবচর এবং শরীয়তপুরের জাজিরা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ইব্রাহিম (২৩) ও নিজাম মৃধা (৪৫)। স্থানীয়দের দাবি, তারা যুবলীগের কর্মী। সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছেন। এ সময় অন্তত ২০টি মোটরসাইকেল ও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

রবিবার (২৯ নভেম্বর) ভোর থেকে এসব ঘটনা ঘটে। সংঘর্ষ ও সড়ক অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়ক এবং ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাত থেকেই মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন। তাদের সঙ্গে গোপালগঞ্জ ও ফরিদপুর থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগ দেন। ভোর থেকে তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করলে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অন্যদিকে, ভোর ৪টার দিকে শিবচরের কাঠালবাড়ি থেকে পদ্মা সেতুসংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জাজিরা অংশ পর্যন্ত বিভিন্ন স্থানে লকডাউনের সমর্থনে বিক্ষোভ মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নেন। বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। একের পর এক ককটেল বিস্ফোরণ এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। বিক্ষোভ মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে স্লোগান দেওয়া হয়।

জামালপুরে রেললাইন কাটার চেষ্টা, বেড়ায় থানা আক্রমণ

জামালপুর সদর উপজেলার জোকারপাড়া এলাকায় রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রবিবার ভোরে এ ঘটনা ঘটে। তবে এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে দুর্বৃত্তরা রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে ফেলে। পরে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেন। দ্রুত মেরামত সম্পন্ন হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন উপলক্ষে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে রেললাইনটি কাটার চেষ্টা করা হয়েছিল।

জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম বলেন, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। বর্তমানে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ছাড়া এদিন ভোরে পাবনার বেড়া মডেল থানায় দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা। থানার পাশের বেড়া পৌরসভার শম্ভুপুর মহল্লা থেকে অর্ধশতাধিক ব্যক্তি এ হামলা চালান বলে জানিয়েছে পুলিশ। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১২টি কাঁদানে গ্যাসের শেল ও ১২৩টি রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পাশাপাশি পাবনা-ঢাকা মহাসড়কে চলাচলকারী আলহামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়েছে।

থানায় হামলার খবর ছড়িয়ে পড়ার পর বেড়া পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন।

বরগুনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

লকডাউনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বরগুনা থেকে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। রবিবার সকাল থেকে রাজধানী অভিমুখী পরিবহনের বাস চলাচল বন্ধ থাকায় ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। তবে বরগুনা থেকে বরিশালসহ অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

সকালে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার পৌর বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকা অভিমুখী কোনও যাত্রীবাহী বাস চলাচল করছে না। বাস না পেয়ে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে টার্মিনালে আসা যাত্রীরা ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

বরগুনা জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রোকনুজ্জামান সালাম বলেন, বরগুনা থেকে বরিশালসহ বিভাগের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক আছে। ঢাকাগামী পরিবহনগুলো শনিবার রাতে ছেড়ে গেছে। কিছু বাস ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আসছেও। তবে নিরাপত্তার সংকটে রবিবার রাজধানীর সঙ্গে বাস চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। গাড়ি ভাঙচুর বা পুড়িয়ে দেওয়ার আশঙ্কায় মালিকরা নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধ রেখেছেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সার্বক্ষণিক মাঠে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাস টার্মিনালেও পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

পদ্মা সেতু এলাকায় যাত্রী-অ্যাম্বুলেন্সে তল্লাশি

লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অগ্নিসংযোগ ঠেকাতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রবিবার (২৯ নভেম্বর) সকাল থেকে সেখানে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়। দুপুরে দক্ষিণবঙ্গ থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সেও তল্লাশি করতে দেখা যায় তাদের।

তল্লাশির সময় কারও বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ আছে কি না, তা যাচাই করা হয়। এ জন্য মোবাইল ফোনে ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের তথ্যও পরীক্ষা করা হয়। সম্পৃক্ততার প্রমাণ না পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা।

মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। তবে সন্দেহভাজন কাউকে আটক করতে পারেননি বলে জানিয়েছেন সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশে আবারও অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছি। ওই সময়ে কয়েকজনের মোবাইল চেক করা হয়।’

জেলা যুবদলের সহসভাপতি প্রার্থী মনিরুজ্জামান মোন্না বলেন, ‘পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে আছেন নেতাকর্মীরা। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন এখানে কোনও রকম সহিংসতা করতে না পারে, সে জন্য আমাদের নেতাকর্মীরা এই সড়কে অবস্থান নেন। যারা এই সড়ক দিয়ে চলাচল করছেন, তাদের সালাম দিয়ে তাদের সঙ্গে কথা বলেছি। এতে তাদের কোনও রকম সমস্যা হয়নি।’

অ্যাম্বুলেন্সে তল্লাশির বিষয়ে তিনি বলেন, ‘পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত থেকে অনেক অ্যাম্বুলেন্স আসছিল। সেই কারণে চেক করা হয়েছে। তবে সন্দেহভাজন কিংবা আওয়ামী লীগ সংশ্লিষ্ট কাউকে আটক করা হয়নি।’

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানিয়েছেন, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অপ্রীতিকর ঘটনা ঘটলেও মাওয়া প্রান্তে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এ সময় তাদের অনেকে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালান। তবে এতে কোনো যানজটের সৃষ্টি হয়নি।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আনিছুর রহমান বলেন, ‘পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এসআরবিও পদ্মা সেতু এলাকায় আছেন।’

সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা

প্রথম দিনের লকডাউনের পর সোমবারও সংঘর্ষ ও নাশকতার আশঙ্কা করছেন গোয়েন্দারা। তারা বলছেন, প্রথম ১৯ তারিখের লকডাউনে ২১ জেলায় নাশকতা হয়েছিল। গোপালগঞ্জ ছাড়া অন্যান্য জেলায় তেমন ঘটনা ঘটেনি। তবে এবার শরীয়তপুর, মাদারীপুর ও বাগেরহাটে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনা ক্রমে আরও বিস্তৃত হতে পারে। বিশেষ করে ঢাকার আশপাশের গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

এ কারণে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ নাশকতা প্রতিরোধে পুলিশকে আরও কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন গোয়েন্দারা।

২২ দিনে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ১০৭ পরিবহনে

এছাড়া দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। গত ২২ দিনে সারা দেশে ১২০টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১০৭টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের স্থাপনা ও যানবাহনেও হামলা চালানো হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৫২টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৮০ জনকে। রবিবার পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এসব নাশকতার ঘটনা ঘটে। এ সময়ে পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। পুলিশের ২৮টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশের তিনটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। একটি গাড়িও ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২২ দিনে ১২০টি স্থানে ককটেল বিস্ফোরণের পাশাপাশি ১০৭টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জননিরাপত্তার পাশাপাশি যানবাহন চলাচল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ সময়ের নাশকতার ঘটনায় ৫২টি মামলা দায়েরের পাশাপাশি ৮০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুততম সময়ে সাড়া দেওয়ার মতো কার্যক্রম নেওয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ দল যাতে কোনোধরনের নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে। কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।

এদিকে ঢাকায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া) আকতার হোসেন। তিনি বলেন, যাত্রীবেশে বাসে উঠে আগুন দেওয়ার প্রবণতা ঠেকাতে গণপরিবহন ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া রাজধানীসহ ঝুঁকিপূর্ণ জেলাগুলোর প্রবেশমুখ, রেলপথ ও রাষ্ট্রীয় স্থাপনায় পুলিশ, র‍্যাব ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।

আইজিপির কঠোর নির্দেশনা

আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনও ধরনের অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। রবিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক (অক্টোবর ২০২৬) অপরাধ পর্যালোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আহসান হাবীব পলাশ।

সভায় সিআইডি, এসআরবি, এসআরইউ, এসবি, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশসহ মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে হবে। এ লক্ষ্যে টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করতে হবে।

পুলিশ প্রধান আরও বলেন, দেশের ভেতর ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।