স্টাফ রিপোর্টার।।
পদ্মা সেতু হয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবরোধ ও সহিংসতার পাশাপাশি গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মহাসড়কে গাছ ফেলে রাখায় শনিবার রাত থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সবশেষ রবিবার (২৯ নভেম্বর) বিকাল পর্যন্ত পদ্মা সেতু হয়ে কয়েকটি রুটের বাস চলাচল করলেও বেশিরভাগ বাস বন্ধ রয়েছে।
এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বরগুনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। রবিবার সকাল থেকে রাজধানী অভিমুখী সব পরিবহনের বাস চলাচল বন্ধ আছে। এতে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে বরগুনা থেকে বরিশালসহ অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক আছে।
এদিকে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে শনিবার (২৮ নভেম্বর) বিকাল ৫টা থেকে আবারও গোপালগঞ্জ ও পদ্মাসেতু হয়ে দূরপাল্লা বাস চলাচল বন্ধ রয়েছে। খুলনা, সাতক্ষীরা বাগেরহাটসহ এ অঞ্চলের কোনও বাস গোপালগঞ্জ হয়ে চলাচল করছে না।
পরিবহনমালিক ও শ্রমিক সূত্রে জানা গেছে, পদ্মা সেতু হয়ে বাস চলাচলের ক্ষেত্রে ছয়টি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এগুলো হলো—গোপালগঞ্জ মোড়, মোল্লারহাট মোড়, ঘোনাপাড়া, মুকসুদপুর, ভাটিয়াপাড়া ও খুলনা জিরো পয়েন্ট। এসব স্থানে নিরাপত্তা জোরদার করতে গত ১৯ নভেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি পুলিশের প্রধান কার্যালয়ে চিঠি দিয়েছে। পাশাপাশি এসব এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাহারা বসানোর অনুরোধ জানানো হয়েছে।
পরিবহন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ১৭ নভেম্বর থেকে এসব স্থানের কোনও না কোনও জায়গায় সংঘর্ষ, সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ এবং বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। ফলে স্বাভাবিক সময়েও এ পথে বাস চলাচল কমিয়ে দিয়েছেন পরিবহনমালিকরা।
পরিবহনমালিকরা বলছেন, শনিবার বিকালের পর মোল্লারহাট সেতুতে সংঘর্ষের ঘটনার পর খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ কয়েকটি জেলার বাস চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে দিনের বেলায় ঢাকায় ফেরার পথে একটি বাস হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে সন্ধ্যা থেকে ওই পথে বাস চলাচল বন্ধ করে দেন মালিকরা। রবিবার সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘাতের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাস চলাচল আরও ব্যাহত হয়।
পরিবহনমালিক-শ্রমিকদের হিসাবে, পদ্মা সেতু দিয়ে প্রতিদিন প্রায় দেড় হাজার বাস চলাচল করে। বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন জেলা ছাড়াও ঢাকা বিভাগের ফরিদপুর, শরীয়তপুর ও মাদারীপুরের বাস এ পথে চলাচল করে। অন্তত ১৫টি বড় কোম্পানিসহ অসংখ্য ছোট পরিবহন প্রতিষ্ঠান এ রুটে বাস পরিচালনা করে। এসব বাসের অধিকাংশ ঢাকার সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়। তবে কিছু পরিবহন বিকল্প হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি পথে সীমিতসংখ্যক বাস চালাচ্ছে।
বরগুনা জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রোকনুজ্জামান সালাম বলেন, বরগুনা থেকে বরিশালসহ বিভাগের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক আছে। ঢাকাগামী পরিবহনগুলো শনিবার রাতে ছেড়ে গেছে। কিছু বাস ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আসছেও। তবে নিরাপত্তার সংকটে রবিবার রাজধানীর সঙ্গে বাস চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। গাড়ি ভাঙচুর বা পুড়িয়ে দেওয়ার আশঙ্কায় মালিকরা নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধ রেখেছেন। এ নিয়ে আমাদের কিছুই করার নেই।










































