বিনোদন ডেস্ক।।
বিজ্ঞাপনে মুখ দেখানোই কি কাল হলো বলিউড সুপারস্টার সালমান খানের? পানের মসলার একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়িয়েছেন বলিউডের ‘ভাইজান’। এ ঘটনায় অভিনেতা ও সংশ্লিষ্ট প্রস্তুতকারক সংস্থাকে নোটিশ পাঠিয়েছে রাজস্থান রাজ্য ক্রেতা কমিশন। অভিযোগ, বিপজ্জনক পণ্যের প্রচারে বিভ্রান্তিকর বিজ্ঞাপন করেছেন সালমান।
আগামী ১৯ জানুয়ারি ২০২৭ তারিখে এ মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।
যোধপুরের বাসিন্দা গজেন্দ্র কুমার এই বিজ্ঞাপনকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছেন। তার অভিযোগ, ‘জশন কা টশান’ শীর্ষক বিজ্ঞাপনে সালমানকে পাঁচ থেকে ১০ টাকার একটি পাউচের প্রচার করতে দেখা যায়। বিজ্ঞাপনে পণ্যটিতে জাফরান ও এলাচের মতো উন্নত মানের উপাদান থাকার দাবি করা হয়েছে। তবে অভিযোগকারীর মতে, এ ধরনের বিজ্ঞাপন সাধারণ ক্রেতাদের বিভ্রান্ত করতে পারে। বিশেষ করে জনপ্রিয় তারকাদের দিয়ে এমন পণ্যের প্রচার করালে তরুণ প্রজন্মের মধ্যে নেশাসক্তির প্রবণতা বাড়তে পারে, যা পরবর্তী সময়ে মুখের ক্যানসারের ঝুঁকিও তৈরি করতে পারে।
বিজ্ঞাপন নিয়ে আপত্তির পাশাপাশি আদালতে জমা দেওয়া কয়েকটি নথির স্বাক্ষর নিয়েও প্রশ্ন তুলেছেন গজেন্দ্র। যোধপুর জেলা ক্রেতা কমিশন-২-এ জমা দেওয়া সালমানের পাওয়ার অব অ্যাটর্নিসহ কয়েকটি নথিতে থাকা স্বাক্ষর সত্যিই অভিনেতার কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি। এর আগে সালমানকে ব্যক্তিগতভাবে হাজির করানোর পাশাপাশি স্বাক্ষরের ফরেনসিক পরীক্ষার আবেদনও করেছিলেন অভিযোগকারী। তবে জেলা কমিশন সেই আবেদন খারিজ করে দেয়। এরপরই রাজ্য কমিশনের দ্বারস্থ হন তিনি।
এদিকে, পুনর্বিবেচনার আবেদনটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলায় কোনো সিদ্ধান্ত না নিতে জেলা কমিশনকে নির্দেশ দিয়েছে রাজ্য কমিশন। বিষয়টি নিয়ে রাজস্থান হাই কোর্টেও মামলা চলছে। সালমানের আবেদনের পরিপ্রেক্ষিতে আপাতত ক্রেতা কমিশনের শুনানিতে স্থগিতাদেশ দিয়েছেন উচ্চ আদালত।
অন্যদিকে, সালমানের আইনজীবীদের দাবি, অভিনেতা পানের মসলার বিজ্ঞাপন করেননি, বরং তিনি প্রচার করেছেন রুপার প্রলেপ দেওয়া এলাচের। একই সঙ্গে এ ধরনের মামলা শুনানির ক্ষেত্রে ক্রেতা কমিশনের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
উল্লেখ্য, বিমল এলাচির বিজ্ঞাপনে এর আগে শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকেও দেখা গেছে। ওই ব্র্যান্ডের সঙ্গে পানের মসলার যোগ থাকায় এ ধরনের প্রচারকে নিষিদ্ধ পণ্যের পরোক্ষ বা ‘সারোগেট’ বিজ্ঞাপন হিসেবে বিবেচনা করার সুযোগ রয়েছে খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থার (এফডিএ)।
এ ধরনের বিজ্ঞাপনের আইনি দিক ব্যাখ্যা করে মহারাষ্ট্রের এফডিএ কমিশনার তুকারাম মুন্ডে জানিয়েছেন, ২০১৮ সালের বিজ্ঞাপন ও দাবি সংক্রান্ত বিধি অনুযায়ী, কোনো পণ্যের বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রস্তুতকারক সংস্থার পাশাপাশি বিজ্ঞাপনদাতা বা প্রচারকেরও সমান দায়িত্ব রয়েছে। বিজ্ঞাপনে পণ্য সম্পর্কে দেওয়া তথ্য অবশ্যই সত্য হতে হবে।
প্রশান্ত গুপ্তার পডকাস্টে দেওয়া বক্তব্যে তিনি আরও জানান, এই বিধি তার তৈরি নয়। ২০১৮ সালে খাদ্যপণ্যের ক্ষেত্রে এ নিয়ম চালু করা হয় এবং ২০১৯ সাল থেকে তা কার্যকর রয়েছে।










































