স্টাফ রিপোর্টার।।
খুলনার খানজাহান আলী থানাধীন তিনটি পৃথক স্থানে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুই যুবক।
রবিবার (২৯ নভেম্বর) ভোরে মোটরসাইকেলে করে এসে দুই যুবক এসব নাশকতা করে দ্রুত পালিয়ে যায়। তবে, প্রতিটি ঘটনাতেই বড় ধরনের ক্ষয়-ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
রবিবারবিকেল সাড়ে ৪টার দিকে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বশার সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোর সাড়ে ৪টার দিকে শিরোমনি বাজার-সংলগ্ন গ্রামীণ ব্যাংকের আটরা-গিলাতলা ও ফুলতলা উপজেলা শাখার জানালা লক্ষ্য করে প্রথম বোমাটি ছোড়া হয়। এতে কাঁচ ভেঙে ভেতরে আগুন ধরে গেলে নৈশপ্রহরী ও পুলিশ দ্রুত তা নিভিয়ে ফেলে।
এর ঠিক ১০ মিনিট পর একই এলাকার বিআরটিসি বাস ডিপো লক্ষ্য করে দ্বিতীয় বোমাটি নিক্ষেপ করা হয়, যা ডিপোর বাইরে পড়ায় কোনো ক্ষতি হয়নি। এর ৫ মিনিট পর স্থানীয় ল্যাটেক্স প্ল্যান্ট লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা ছোড়া হয়। এর একটি বাইরের দেয়ালে লেগে পাশের ড্রেনের পানিতে পড়ে নিভে যায় এবং অপরটি দেয়ালে বিস্ফোরিত হলেও কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলেও জানিয়েছে পুলিশ।
ওসি আবুল বশার জানান, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। এসব ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।










































