Home স্বাস্থ্য প্রতিদিন রসুন খেলে কি কমবে কোলেস্টেরল ও ফ্যাটি লিভার?

প্রতিদিন রসুন খেলে কি কমবে কোলেস্টেরল ও ফ্যাটি লিভার?

0

মিলি রহমান।।

কোলেস্টেরল নিয়ন্ত্রণ, হার্টের স্বাস্থ্য ও ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে রসুনের ভূমিকা নিয়ে নানা আলোচনা থাকলেও এ বিষয়ে বৈজ্ঞানিক গবেষণায় মিশ্র চিত্র উঠে এসেছে। চিকিৎসকদের মতে, রসুনকে কোনো রোগের ওষুধ বা চিকিৎসার বিকল্প হিসেবে নয়, বরং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি সাধারণ অংশ হিসেবে দেখা উচিত।

রসুনে অ্যালিসিনসহ বিভিন্ন অর্গানোসালফার যৌগ রয়েছে, যা অ্যান্টি-অক্সিড্যান্ট ও প্রদাহনাশক হিসেবে পরিচিত। রসুনের কোয়া থেতো করে বাতাসে রাখলে অ্যালিসিন তৈরি হয়।

কিছু গবেষণায় দেখা গেছে, এসব উপাদান শরীরে কোলেস্টেরল তৈরির প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে এবং ক্ষতিকর এলডিএল কোলেস্টেরলের মাত্রা সামান্য কমাতে পারে। তবে সব গবেষণায় একই ফল পাওয়া যায়নি এবং ট্রাইগ্লিসারাইড কমানোর ক্ষেত্রেও এর কার্যকারিতা সবসময় একরকম নয়।

হার্ট ও লিভারের স্বাস্থ্যে সীমাবদ্ধতা

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, রসুন কোলেস্টেরলের মাত্রা সামান্য কমালেও তা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে-এমন জোরালো প্রমাণ বড় কোনো গবেষণায় মেলেনি। তাই স্ট্যাটিন জাতীয় প্রমাণিত ওষুধের বিকল্প হিসেবে রসুন ব্যবহারের সুযোগ নেই; তুলনামূলকভাবে রসুনের প্রভাব বেশ সীমিত।

অন্যদিকে, বিপাক ও কোলেস্টেরল তৈরিতে লিভারের ফ্যাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষাগার ও প্রাণীদের ওপর করা কিছু গবেষণায় রসুনের সালফারযুক্ত উপাদান ফ্যাট জমা ও বিপাকে প্রভাব ফেলার ইঙ্গিত দিলেও ফ্যাটি লিভারের চিকিৎসার জন্য এটি যথেষ্ট কার্যকর—এমন প্রমাণ এখনো প্রতিষ্ঠিত হয়নি।

কাঁচা না রান্না করা রসুন?

রসুন থেতো বা কুচি করার পর অ্যালিসিন তৈরি হলেও রান্নার তাপে এর পরিমাণ ও কার্যকারিতায় পরিবর্তন আসে। এ কারণে সক্রিয় উপাদানের কার্যকারিতা অক্ষুণ্ণ রাখতে অনেকে কাঁচা বা থেতো করা রসুন খাওয়ার কথা বলেন। তবে কাঁচা রসুন খেলেই দ্রুত কোলেস্টেরল কমবে, এমন কোনো নিশ্চিত প্রমাণ নেই।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে ডাল, সবজি, মাছ বা মাংসের মতো নিয়মিত রান্নায় রসুন ব্যবহার করা যেতে পারে। সুস্থ প্রাপ্তবয়স্করা দৈনন্দিন খাবারে সামান্য পরিমাণে রসুন রাখতে পারেন, তবে অতিরিক্ত কাঁচা রসুন খেলে গ্যাস, অম্বল, পেটফাঁপা, পেটব্যথা ও বমি বমি ভাবের মতো সমস্যা দেখা দিতে পারে।