Home স্বাস্থ্য শুধু চিনি কমালেই কি ডায়াবেটিসের ঝুঁকি এড়ানো সম্ভব?

শুধু চিনি কমালেই কি ডায়াবেটিসের ঝুঁকি এড়ানো সম্ভব?

1

মিলি রহমান।।

ডায়াবেটিস প্রতিরোধে খাদ্যাভ্যাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অতিরিক্ত চিনি গ্রহণ কমানো টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। তবে শুধু চিনি খাওয়া কমিয়ে দিলেই যে ডায়াবেটিস থেকে পুরোপুরি সুরক্ষিত থাকা যাবে, বিষয়টি তেমন নয়। এর জন্য প্রয়োজন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি ওজন নিয়ন্ত্রণ ও নিয়মিত শরীরচর্চা।

ডায়াবেটিস হওয়ার আগে অনেকের শরীরে দেখা দেয় প্রি-ডায়াবেটিস। এ অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলেও তা ডায়াবেটিস নির্ণয়ের পর্যায়ে পৌঁছায় না। সাধারণত দৃশ্যমান কোনো উপসর্গ না থাকায় অনেকেই বিষয়টি বুঝতে পারেন না। তবে আশার কথা, সঠিক সময়ে জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারলে প্রি-ডায়াবেটিসের অবস্থা উন্নত করা সম্ভব।

প্রি-ডায়াবেটিস মানেই ডায়াবেটিস নয়

প্রি-ডায়াবেটিসকে রোগের চূড়ান্ত পর্যায় হিসেবে না দেখে আগাম সতর্কসংকেত হিসেবে বিবেচনা করা উচিত। এ সময় থেকেই খাদ্যাভ্যাস ও দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন আনলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

যেহেতু এই অবস্থায় সাধারণত তেমন কোনো শারীরিক সমস্যা অনুভূত হয় না, তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা গুরুত্বপূর্ণ। বিশেষ করে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে বিষয়টিকে অবহেলা করা উচিত নয়।

প্রতিদিনের খাবারেই লুকিয়ে থাকতে পারে অতিরিক্ত চিনি

অনেকের ধারণা, শুধু মিষ্টি বা সরাসরি চিনিই শরীরে বাড়তি চিনির পরিমাণ বাড়ায়। বাস্তবে প্রতিদিনের পরিচিত অনেক খাবার ও পানীয় থেকেও অজান্তে অতিরিক্ত চিনি গ্রহণ করা হয়।

প্যাকেটজাত ফলের রস, মিষ্টি চা-কফি, এনার্জি ড্রিংক এবং কোমল পানীয় এ ক্ষেত্রে অন্যতম উৎস। এসব পানীয়তে প্রচুর পরিমাণে চিনি ও ক্যালোরি থাকলেও প্রয়োজনীয় পুষ্টি তুলনামূলকভাবে কম থাকে।

উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি দিনে চারবার চা পান করেন এবং প্রতিবার তিন চামচ করে চিনি মেশান, তাহলে শুধু চা থেকেই প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ বাড়তি চিনি শরীরে প্রবেশ করছে।

এছাড়া বিস্কুট, ব্রেকফাস্ট সিরিয়াল, ফ্লেভারড দই এবং বিভিন্ন প্যাকেটজাত সসেও অতিরিক্ত চিনি থাকতে পারে। তাই বাজার থেকে খাবার কেনার সময় প্যাকেটের পুষ্টিগুণ ও উপাদানের তালিকা দেখে নেওয়া ভালো।

সব ধরনের কার্বোহাইড্রেট বাদ দেওয়ার দরকার নেই

চিনি কমাতে গিয়ে অনেকেই ভাত, রুটি কিংবা ফলমূল খাওয়া বন্ধ করে দেন। তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের জন্য সব ধরনের কার্বোহাইড্রেট বর্জন করার প্রয়োজন নেই।

আস্ত ফল, শাকসবজি, ডাল, লাল চাল এবং আটার রুটির মতো খাবারে ফাইবার ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। এগুলো সুষম খাদ্যতালিকার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।

মূল লক্ষ্য হওয়া উচিত খাবার থেকে প্রাকৃতিকভাবে পাওয়া শর্করা বাদ দেওয়া নয়, বরং অতিরিক্ত বা সংযোজিত চিনি গ্রহণ কমানো। বিশেষ করে ফলের পরিবর্তে প্যাকেটজাত ফলের রস পান করার অভ্যাস এড়িয়ে চলা ভালো।

ডায়াবেটিস প্রতিরোধে প্রয়োজন সামগ্রিক জীবনযাত্রার পরিবর্তন

শুধু চিনি কমিয়ে দিলেই প্রি-ডায়াবেটিসের ঝুঁকি পুরোপুরি কাটবে, এমন নিশ্চয়তা নেই। বরং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি শরীরের অতিরিক্ত ওজন কমানো এবং নিয়মিত শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তোলা বেশি কার্যকর।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের (NIH) ডায়াবেটিস প্রিভেনশন প্রোগ্রামের গবেষণায় দেখা গেছে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ওজন হ্রাস এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা ৫৮ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।

অন্যদিকে, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (ICMR) সঙ্গে সংশ্লিষ্ট INDIAB গবেষণার লেখকেরাও প্রি-ডায়াবেটিসে আক্রান্ত বিপুলসংখ্যক মানুষের জন্য এটিকে ডায়াবেটিস প্রতিরোধের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে তুলে ধরেছেন।

নিয়মিত পরীক্ষায় বুঝুন কতটা এগোচ্ছেন

জীবনযাত্রায় পরিবর্তন আনার পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করাও জরুরি। HbA1c পরীক্ষা এবং রক্তের গ্লুকোজ পরীক্ষার মাধ্যমে বোঝা যায়, খাদ্যাভ্যাস ও শরীরচর্চার পরিবর্তন কতটা কার্যকর হচ্ছে। প্রি-ডায়াবেটিস ধরা পড়লে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরীক্ষা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।