Home Lead জাগ্রত সীমান্ত

জাগ্রত সীমান্ত

3

নাশকতা-অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সঙ্গে স্থানীয় জনতার সতর্ক পাহারা

খুলনাঞ্চল রিপোর্ট।।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশ বিরোধী প্রচারণায় আন্তর্জাতিক জনমত গঠনে ব্যর্থ হয়ে ‘রাজনৈতিক স্ট্যা-বাজি’ শুরু করেছেন শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইবুনালে মৃত্যুদ- দেয়ার পর বাংলাদেশ সরকার কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে হস্তান্তরের কয়েকদফা প্রস্তাব দিয়েছে। সে প্রস্তাবে দিল্লি সায় না দেয়ায় সে দেশের ‘গদি মিডিয়া’ দিল্লি প্রোভাইডেড হাসিনার পক্ষে খবর প্রচার করছে। দীর্ঘ ২৮ মাস প্রকাশ্যে না এলেও আত্মগোপনে থেকেই শেখ হাসিনা এখন দেশে ফেরার ঘোষণা দিয়ে বাংলাদেশে নাশকতা ছড়িয়ে দিয়েছেন। একদিকে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের জ্বালাও-পোড়াও, অফিস-আদালতে অগ্নিসংযোগ এবং নাশকতার নির্দেশনা দিচ্ছেন। অন্যদিকে ‘গদি মিডিয়াকে’ ইচ্ছামতো ব্যবহার করছেন।

হাসিনার নির্দেশনায় গোপালগঞ্জ জেলার কিছু আওয়ামী লীগার অবরোধের নামে জেলার সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছেন। দেশের ছোট্ট জেলাটি এখন আশপাশের জেলাগুলোর বর্জনের মুখে। ভারতের গণমাধ্যম তথা দেশটির জনগণের নাম দেয়া ‘গদি মিডিয়া’ ১৬ ডিসেম্বর হাসিনা বাংলাদেশে আসছেন এমন গুজব ছড়িয়ে দিচ্ছেন। এমনকি দিল্লির নজরদারি উপেক্ষা করে আওয়ামী লীগের পলাতক নেতারা সীমান্ত পরিদর্শন করেছেন এমন খবর প্রচার করা হচ্ছে। হাসিনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন এমন গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া হয়েছে। দায়িত্বশীল সূত্রগুলো ‘হাসিনা ফেরা’ খবরকে ‘ফেইক নিউজ’ অভিহিত করে প্রচারণা চালালেও আইন-শৃংখলা বাহিনী ও সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি গুরুত্বসহকারে নিয়েছে। সীমান্তে তারা কড়া প্রহরা ও নজরদারি বাড়িয়েছেন। কিন্তু বিজিবি ও আইন-শৃংখলা বাহিনীর চেয়েও ‘যে কোনো পুশইন-পুশব্যাক’ ঠেকাতে সীমান্ত গ্রামগুলোর মানুষ জেগে উঠেছে।

সীমান্ত গ্রামগুলোতে বসবাসকারী মানুষ সদা জাগ্রত থাকেন সীমান্ত দিয়ে প্রবেশ-অনুপ্রবেশ ঠেকাতে। সীমান্ত গ্রামগুলোর মানুষ মনে করেন হাসিনার ‘ভারতপ্রীতি নীতি’ সীমান্ত এলাকার মানুষের উপর বিএসএফের জুলুম-নির্যাতন বাড়িয়েছিল। হাসিনা দিল্লির নাচের পুতুল। হাসিনার বাংলাদেশে প্রবেশ প্রতিহত করতে সতর্ক পাহারা ও নজরদারি করছেন। সীমান্ত গ্রামগুলোর মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, ভারত ও মিয়ানমার সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক ও অস্ত্র চোরাচালান ঠেকাতে বিজিবি নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি চালাচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকার মানুষ রাতে দা-কুড়াল-লাঠি-বল্লম নিয়ে পালা করে প্রহরা দিচ্ছেন। সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা কারো গতিবিধি সন্দেহজনক মনে হলেই তাকে চ্যালেঞ্জ করছেন এবং আইন-শৃংখলা বাহিনীকে জানাচ্ছেন।

এদিকে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ডান-বাম ও মধ্যপন্থী বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ইস্যুতে মতভেদ থাকলেও আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবি এবং ফ্যাসিস্ট হাসিনা ঠেকাও ইস্যুতে ইস্পাতকঠিন ঐক্য। কেন্দ্র থেকে শুরু করে শেকড় পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা মনে করেন জুলাই অভ্যুত্থানের পর থেকে নরেন্দ্র মোদি ‘হাসিনানীতি’ গ্রহণ করে ভারতের গদি মিডিয়াকে বাংলাদেশ বিরোধী প্রচারণায় মাঠে নামিছেয়ে। ভারতের দ্য টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, আনন্দবাজার, দৈনিক জাগরণ, দৈনিক ভাস্করসহ শতাধিক গণমাধ্যম রুটিন করে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে। শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসনে তারা যেন বিবিসি, রয়টার্সের মতোই মিশন নিয়ে প্রচারণায় নেমেছে।

গণমাধ্যমের এক জরিপে দেখা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানের পর ভারতের দ্য টাইমস অব ইন্ডিয়া ১৫০টি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে ১৪৫টি প্রতিবেদন ছিল বাংলাদেশের বিরুদ্ধে এবং পলাতক শেখ হাসিনার পক্ষে। সীমান্তের উপজেলাগুলোতে কাজ করেন জানান, ভারত বিরোধিতা এবং হাসিনা ঠেকাও ইস্যুতে সীমান্তের গ্রামগুলোতে এমন অবস্থা যে বিজিবি, পুলিশ, গোয়েন্দা সংস্থার লোকজন ও গ্রামের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে প্রহরা দিচ্ছেন। ১৯৭৫ সালে ৭ নভেম্বর সিপাহি-জনতার যে ঐক্য গড়ে উঠেছিল এখন ভারতের আগ্রাসন প্রতিরোধ, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং শেখ হাসিনাকে ঠেকাতে সেই ঐক্য গড়ে উঠেছে।

ভারতের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৪,১৫৬ কিলোমিটার। পশ্চিমবঙ্গের ২,২১৭ কিমি, ত্রিপুরা: ৮৫৬ কিমি, মেঘালয়: ৪৪৩ কিমি, আসাম: ২৬২ কিমি ও মিজোরাম: ১৮০ কিমি সীমান্ত বিস্তৃত। ৩টি জেলার সঙ্গে মিয়ানমারের সীমান্ত। মূলত বাংলাদেশের মোট ৩২টি জেলার সীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমাঞ্চল সীমান্তের প্রবেশপথগুলো সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনী জেলায়। উত্তরাঞ্চলীয় সীমান্ত করিডোরে কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার বিভিন্ন পয়েন্ট রয়েছে। অন্যদিকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় করিডোর, বিশেষ করে মিয়ানমার সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে মূলত ইয়াবা ও ক্রিস্টাল মেথের চোরাচালান আসে।

এসব সীমান্তের বেশির ভাগ এলাকায় কাঁটাতারের বেড়া দেয়া হলেও পাহাড়, নদী, বনভূমিসহ অনেক এলাকায় কাঁটাতার নেই। ১৮টি জেলার ১০৫টি সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢুকছে ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকের চোরাচালান। এসব সীমান্ত দিয়ে পুশইন করার চেষ্টা হয়। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী সুভেন্দু অধিকারী ঘোষণা দিয়ে এসব পয়েন্ট দিয়ে ‘পুশব্যাক’ চেষ্টা করেন। সীমান্তের সাধারণ জনগণ ও বিজিবি ঐক্যবদ্ধভাবে সে সব অবৈধ পুশব্যাক ঠেকিয়ে দিয়েছে। এছাড়াও দেশে ঘোষিত ২৪টি স্থলবন্দরের প্রায় সবগুলোই বাংলাদেশ-ভারত সীমান্তে অবস্থিত। এ বন্দরগুলো দিয়ে যাতে কেউ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে জন্য বিজিবি-জনতা যৌথ প্রহরা দেয়া হচ্ছে। ভারতের গণমাধ্যম আওয়ামী লীগের নেতাদের যশোর ও ত্রিপুরা সীমান্ত প্রদক্ষিণের খবর প্রচার হওয়ার পর ওই স্থলবন্দর ও আশপাশের সীমান্ত গ্রামগুলোর মানুষ লাঠি-বল্লমসহ হাতে রাতে প্রহরা দিচ্ছেন।

ছাগলনাইয়া (ফেনী) থেকে মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, ফেনীর ১১৯ কিলোমিটার সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচারসহ যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। আগে একটি টহল দল দায়িত্ব পালন করলেও বর্তমানে চারটি টহল দল নিয়মিত দায়িত্ব পালন করছে। পাশাপাশি সীমান্তের ছয়টি ক্যাম্পে বাড়ানো হয়েছে জনবল। ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলা ছাড়াও চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট সীমান্ত এলাকায় এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী থানার পুলিশকেও সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সীমান্ত নিরাপত্তায় নিয়মিত টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। সীমান্তের স্পর্শকাতর পয়েন্ট, নদীতীরবর্তী এলাকা ও দুর্গম পথে সন্দেহজনক চলাচল শনাক্ত করতে নজরদারি বাড়ানো হয়েছে। প্রয়োজনে বিশেষ তল্লাশি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সীমান্ত পরিদর্শনের খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন সীমান্ত এলাকায় বিক্ষোভ মিছিল ও রাত-দিন পাহারা দিতে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের। স্থানীয় বাসিন্দারাও সীমান্তের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছেন। ডিসেম্বর মাসকে সামনে রেখে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ, নাশকতামূলক কর্মকা- ও সীমান্তকেন্দ্রিক যেকোনো ধরনের অস্থিতিশীলতা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবির পাশাপাশি স্থানীয় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ও সাধারণ মানুষও সীমান্তের নিরাপত্তায় ভূমিকা রাখছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, বর্তমানে প্রতিটি টহল দলে ৮ থেকে ১২ জন সদস্য দায়িত্ব পালন করছেন। ছয়টি সীমান্ত ক্যাম্পে নতুন করে ৮ থেকে ১০ জন করে সদস্য যুক্ত করা হয়েছে। ফলে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির উপস্থিতি ও নজরদারি আগের তুলনায় বেড়েছে। গত ২২ নভেম্বর দুপুরে ফেনীর পরশুরামের বিলোনিয়া ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) ও সীমান্তের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। পরে তিনি বিলোনিয়ার মজুমদারহাট সীমান্ত ফাঁড়িও পরিদর্শন করেন।

ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল ইসলাম বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

বিজিবির পাশাপাশি সীমান্তের নিরাপত্তা ও সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী এবং সাধারণ মানুষও সতর্ক অবস্থানে রয়েছেন। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় খোঁজখবর রাখছেন। বিশেষ করে ভারত থেকে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ কিংবা নাশকতামূলক কর্মকা-ে জড়ানোর চেষ্টা করলে তা প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হচ্ছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাইফুল ইসলাম বলেন, আমাদের চারটি সীমান্তবর্তী থানা রয়েছে। থানাগুলোর ঝুঁকি বিশ্লেষণ করে চেকপোস্ট স্থাপন ও টহল জোরদার করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা আহ্বায়ক শাহ ওলীউল্লাহ মানিক বলেন, আমরা মনে করি, শেখ হাসিনা আর দেশে আসবেন না। কারণ, পালিয়ে যাওয়া ব্যক্তি কখনো ফিরে আসেন না। গত ১৭ বছরে গুম, খুন, আয়নাঘরসহ যত জুলুম, নির্যাতন, অত্যাচার ও অপরাধ হয়েছে, সেসব অপরাধের দায় নিয়ে তিনি দেশে ফিরবেন না বলে আমরা মনে করি। তাঁর মধ্যে কোনো অনুশোচনাও লক্ষ্য করা যাচ্ছে না।
গণদলের চেয়ারম্যান, জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা ও ফেনীর সন্তান এটিএম গোলাম মাওলা চৌধুরী বলেন, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো অপতৎপরতা রোধে স্বাধীনতার চেতনায় দেশবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। যেকোনো অপতৎপরতার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রকে অস্থিতিশীল করতে দেয়া হবে না।

ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান বলেন, এ ব্যাপারে জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে জেলা ও উপজেলা জামায়াত কাজ করে যাচ্ছে। যাতে এ দেশে ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে এবং শেখ হাসিনাসহ সকল খুনির বিচার নিশ্চিত হয়, সে জন্য তাঁরা মাঠে সক্রিয় থাকবেন বলে জানান তিনি।
ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, সীমান্তের ওপার থেকে যেকোনো অপতৎপরতা রোধ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফেনী সীমান্তে দিবা-রাত্রি পাহারা দেয়া হচ্ছে। এ পাহারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আখাউড়া থেকে মইনুল ভূইয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার তিন সীমান্ত উপজেলা কসবা, আখাউড়া ও বিজয়নগরে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ। ভারত থেকে পলাতক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোন নেতা যাতে সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করতে না পারে সে জন্য জেলা, উপজেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের সরকার দলীয় নেতা-কর্মীরা এবং সাধারণ মানুষ নানান কর্মসূচি নিয়ে মাঠে অবস্থান করছে।

ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কোনো অবৈধ বা বিতর্কিত ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে অবৈধভাবে কেউ যাতে অন্য দেশে যেতে না পারে, তা ঠেকাতেও কাজ করছে বিজিবি।

গতকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী কুমিল্লা, ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।

গত শুক্রবার সন্ধ্যায় বিএনপি আখাউড়ায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। পৌর মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের সড়কবাজার ঘুরে মায়াবী সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়। পরে আদর আলী কমপ্লেক্সের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ। উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন খান সঞ্চালনা করেন। বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীসহ দেশের আপামর জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন।’ ফ্যাসিবাদের সমর্থক ও সংশ্লিষ্টদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা। সম্ভাব্য অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলা এবং সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয় বিএনপির পক্ষ থেকে।

কলারোয়া (সাতক্ষীরা) থেকে জাকির হোসেন জানান, সাতক্ষীরার কলারোয়া সীমান্তে নিষিদ্ধ আ’লীগের নেতা কর্মীদের প্রবেশ ঠেকাতে বিজিবির সদস্যরা নিরবিচ্ছিন্ন ভাবে দায়িত্বপালন করছেন। সীমান্তের জামালউদ্দিন জানান, গতকাল বিজিবি’র পক্ষ থেকে নিষিদ্ধ আ’লীগের পলাতক নেতা কর্মীদের ধরিয়ে দিতে পারলে তৎক্ষণাৎ ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে মাইকিং করেছে বিজিবি। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত আছে স্থানীয়রা।

তেঁতুলিয়া (পঞ্চগড়) থেকে মুহম্মদ তরিকুল ইসলাম জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত সংক্রান্ত যেকোনো অনাকাক্সিক্ষত ঘটনা প্রতিরোধে কঠোর সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদিকে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদারসহ নজরদারি বৃদ্ধি করেছে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)।

ইতোমধ্যে পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকা- প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে বাংলাবান্ধা আন্তর্জাতিক সমন্বিত চেকপোস্ট (আইসিপি) পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া।
বিজিবি জানায়, তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা আইসিপি ও সংশ্লিষ্ট সীমান্ত এলাকা পরিদর্শনকালে তিনি ইমিগ্রেশন পুলিশ, তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, পোর্ট ম্যানেজারসহ দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে বিতর্কিত কোনো ব্যক্তি যাতে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে আইসিপিতে বিদ্যমান কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি ও তদারকি কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন সেক্টর কমান্ডার। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও সুসংহত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেন তিনি।

পরিদর্শনকালে কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয়, সহযোগিতা ও প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান আরও জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তে যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলা, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকা- প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি সীমান্ত নিরাপত্তা সুদৃঢ় ও কার্যকর রাখতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর কথা বলেন।
এ সময় পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তেঁতুলিয়া উপজেলার শারিয়ালজোত, ভুতিপুকুর ও শুকানী সীমান্ত এলাকার বাসিন্দা আজিজুল হক, আবু সাঈদ ও রমজান আলীর সঙ্গে কথা বলে জানা গেছে, আগের তুলনায় বর্তমানে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি বেড়েছে। তাঁদের ভাষ্যমতে, আগে তাঁরা সীমান্তের কাঁটাতারের বেড়া-সংলগ্ন এলাকায় গরু-ছাগল চরাতে পারতেন। তবে গত কয়েক দিন ধরে বিজিবির পক্ষ থেকে ওই এলাকায় তেমন গবাদিপশু চরানোর সুযোগ দেয়া হচ্ছে না। সীমান্তের নিরাপত্তা জোরদার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির এমন তৎপরতা তাঁদের চোখে পড়েছে।