স্পোর্টস ডেস্ক।।
বায়ার্ন মিউনিখে যেন দুর্যোগের ঘনঘটা! জার্মানির সফলতম ক্লাবটি টানা তিন ম্যাচ জয়হীন, চ্যাম্পিয়নস লিগে হার, বুন্দেসলিগায় পয়েন্ট হারানো—এর সঙ্গে যোগ হয়েছে একের পর এক খেলোয়াড়ের চোট। পরিস্থিতি এমন যে আক্রমণভাগে অভিজ্ঞ খেলোয়াড় নেই বললেই চলে।
সদ্য চোট কাটিয়ে ফেরা লুইস দিয়াজই এখন কোচ ভিনসেন্ট কোম্পানির বড় ভরসা। গতকাল (২৮ নভেম্বর) হামবুর্গের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বায়ার্ন। ১৪ ম্যাচ পর গোল করতে ব্যর্থ হয়েছে তারা। প্রথমার্ধের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে অধিনায়ক জশুয়া কিমিখকে।
তবে বায়ার্নের সবচেয়ে বড় দুশ্চিন্তা খেলোয়াড়দের চোট। হ্যারি কেইন, মাইকেল ওলিসে, জামাল মুসিয়ালা, সের্গে গ্যানাব্রি, আলফনসো ডেভিস, মানুয়েল নয়্যার ও ইসমায়েল সাইবারি—সবাই চোটের কারণে মাঠের বাইরে। ফলে আক্রমণভাগে বিকল্প খুঁজতে হিমশিম খাচ্ছেন কোম্পানি।
সদ্য চোট থেকে ফেরা দিয়াজও পুরোপুরি ছন্দে থাকা নিয়েও প্রশ্ন আছে। হামবুর্গের বিপক্ষে লেনার্ট কার্লকে বিরতির পরপরই তুলে নেওয়ায় নতুন করে চোটের শঙ্কা তৈরি হয়েছিল। তবে ম্যাচ শেষে কোম্পানি জানিয়েছেন, কার্ল চোট পাননি। তাকে পুরো ৯০ মিনিট খেলানোর পরিকল্পনা ছিল না।
কিন্তু কার্লের বদলি হিসেবে নামা কনরাড লাইমার শেষ দিকে চোট পেয়ে মাঠ ছাড়েন।
লাইমারের অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কোচ। এর আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কোম্পানিকেও। সম্প্রতি সুস্থ হয়ে ফিরেছেন তিনি।
একদিকে চোটের তালিকা দীর্ঘ হচ্ছে, অন্যদিকে কমছে বিকল্পএমন পরিস্থিতিতে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়টা কীভাবে সামাল দেয় বায়ার্ন, সেটিই এখন দেখার বিষয়।











































