Home খেলাধুলা টেস্ট ক্রিকেটের জন্য সূর্যবংশীর মতো খেলোয়াড় প্রয়োজন : কুক

টেস্ট ক্রিকেটের জন্য সূর্যবংশীর মতো খেলোয়াড় প্রয়োজন : কুক

2

স্পোর্টস ডেস্ক।।

সাদা বলের ক্রিকেটে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে আলোচনার কেন্দ্রে ভারতের বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৫ বছর। অথচ এই বয়সেই ব্যাটিংয়ের বিস্ময়কর সামর্থ্যে মুগ্ধ করেছেন ক্রিকেট বিশ্বকে।

এবার সূর্যবংশীকে লাল বলের ক্রিকেটেও দেখতে চান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। তার বিশ্বাস, সূর্যবংশীর মতো নির্ভীক ও আক্রমণাত্মক ব্যাটার টেস্ট ক্রিকেটেও বড় প্রভাব ফেলতে পারেন। এমনকি তার খেলার ধরন নতুন প্রজন্মকে পাঁচ দিনের ক্রিকেটের প্রতিও আগ্রহী করে তুলতে পারে।

মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে সূর্যবংশীর। এর মধ্য দিয়ে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার কীর্তি গড়েছেন তিনি। ভেঙেছেন নারী ক্রিকেটার শেফালি ভার্মার রেকর্ড।

সাদা বলের ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া এই কিশোরকে এবার টেস্টেও দেখতে চান কুক।

বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক বলেন, ‘প্রতিটি প্রজন্মের এমন একজন অনুপ্রেরণাদায়ী খেলোয়াড় প্রয়োজন, যাকে দেখে শিশুরা বড় হওয়ার স্বপ্ন দেখবে। সূর্যবংশী যদি সব ধরনের ক্রিকেটেই এমন প্রভাব ফেলতে পারে, তাহলে তা টেস্ট ক্রিকেটের জন্য বড় প্রাপ্তি হবে। সাদা বলের পাশাপাশি লাল বলের ক্রিকেটেও সে ঝড় তুলুক, এটাই আমার চাওয়া।’

সূর্যবংশীর প্রতিভা নিয়ে মুগ্ধ কুক। তার মতে, টেস্ট ক্রিকেটে নিজেকে যাচাই করার চ্যালেঞ্জ নেওয়া উচিত এই তরুণের, ‘এমন প্রতিভা আমি আগে কখনো দেখিনি।

টেস্ট ক্রিকেটে সে কতটা ভালো করতে পারে, সেটি জানার চ্যালেঞ্জ তার নিজের মধ্যেও থাকা উচিত। টেস্ট ক্রিকেটে এমন খেলোয়াড় প্রয়োজন, যারা চেষ্টা করতে প্রস্তুত। সে সফল না-ও হতে পারে, তাতে সমস্যা নেই। সাদা বলের ক্রিকেটে সে যেভাবে আধিপত্য বিস্তার করছে, টেস্টেও তেমন কিছু করুক, এটাই আশা করি। ক্রিকেটকে অনুপ্রাণিত করার জন্য এমন একজন খেলোয়াড় প্রয়োজন।’

সূর্যবংশীর উত্থানও রূপকথার মতো। ২০২৫ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে আলোচনায় আসেন তিনি। বনে যান টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। ২০২৬ আইপিএলেও নিজের ব্যাটিং ধারাবাহিকতা ধরে রাখেন। করেন ৭৭৬ রান, আসরে সর্বোচ্চ ৭২টি ছক্কাও মারেন।

সম্প্রতি দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপেও নিজের সামর্থ্যের জানান দিয়েছেন সূর্যবংশী। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে মাত্র ৫৩ বলে উপহার দেন ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস। তাতে ছিল ২৮টি ছক্কা ও ৭টি চার।

এমন বিধ্বংসী ব্যাটিংয়ের পর সূর্যবংশীকে নিয়ে প্রত্যাশা বাড়ছে। এবার দেখার বিষয়, সাদা বলের ক্রিকেটে ঝড় তোলা এই কিশোর লাল বলের ক্রিকেটেও কবে সুযোগ পান।