স্পোর্টস ডেস্ক।।
প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ হকি ফাইভ-এস বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের। আগামী মাসে মিসরের রাজধানী কায়রোতে বসছে এই টুর্নামেন্টের উদ্বোধনী আসর।
প্রথাগত হকির চেয়ে ভিন্ন এবং দ্রুতগতির এই সংস্করণে বিশ্বমঞ্চে নিজেদের প্রথম পদক্ষেপ ফেলতে যাচ্ছে লাল-সবুজের যুবারা।
আগামী ৯ থেকে ১২ ডিসেম্বর কায়রোতে অনুষ্ঠিত হবে ১২ দলের এই বিশ্বকাপ।
টুর্নামেন্টে অংশ নিতে আগামী ৬ ডিসেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। বিশ্বকাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, চিলি এবং সুইজারল্যান্ড।
৯ ডিসেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। প্রথাগত ১১ জনের হকির চেয়ে হকি ফাইভ-এস বেশ সংক্ষিপ্ত ও দ্রুতগতির।
এই সংস্করণে প্রতি দলে পাঁচজন করে খেলোয়াড় খেলেন যার মধ্যে চারজন আউটফিল্ড খেলোয়াড় এবং একজন গোলরক্ষক। তুলনামূলক ছোট মাঠে বাউন্ডারি বোর্ড ঘেরা অবস্থায় ২০ মিনিটের ম্যাচ অনুষ্ঠিত হয়। বোর্ডের কারণে বল সবসময় খেলার ভেতরেই থাকে, ফলে খেলোয়াড়দের দম ফেলার ফুরসত মেলে না বললেই চলে। ম্যাচের বিরতি থাকে মাত্র দুই মিনিটের।
২০১৪ সালে চীনের নানজিংয়ে যুব অলিম্পিক গেমসে প্রথম এই সংস্করণের যাত্রা শুরু হয়। এরপর ২০২৪ সালে ওমানের মাস্কাটে অনুষ্ঠিত হয় সিনিয়র হকি ফাইভ-এস বিশ্বকাপের প্রথম আসর। আক্রমণের বেশি সুযোগ ও ঘন ঘন গোলের সম্ভাবনা থাকায় এই ফরম্যাট দর্শকদের বাড়তি রোমাঞ্চ দেয়।
গত জুলাইয়ে ওমানে অনুষ্ঠিত এশিয়ান বাছাইপর্ব পেরিয়ে অনূর্ধ্ব-১৮ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে ওই বাছাইপর্ব ছাড়া এই ফরম্যাটে খেলার তেমন কোনো অভিজ্ঞতা নেই দলটির। তাই কায়রোর এই আসরটি তরুণ খেলোয়াড়দের জন্য শেখার একটি বড় মঞ্চ হতে যাচ্ছে। আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বিশ্বের উদীয়মান হকি খেলুড়ে দেশগুলোর বিপক্ষে নিজেদের সামর্থ্য যাচাই করার লক্ষ্য থাকবে বাংলাদেশের।
বিশ্বকাপের এই মিশনের জন্য ৬০ লাখ টাকা বাজেট নির্ধারণ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। শুধু এই টুর্নামেন্টেই সীমাবদ্ধ না থেকে ভবিষ্যতের কথা ভেবে প্রথাগত ১১ জনের হকির পাশাপাশি ফাইভ-এস ফরম্যাটের জন্য একটি আলাদা দল গঠনের পরিকল্পনাও করছে ফেডারেশন।











































