Home খেলাধুলা টেস্টের হতাশা ভুলে ওয়ানডেতে জয়ের স্বপ্ন তাসকিনের

টেস্টের হতাশা ভুলে ওয়ানডেতে জয়ের স্বপ্ন তাসকিনের

1

স্পোর্টস ডেস্ক।।

দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। টেস্ট সিরিজে ধবলধোলাই তো হয়েছেই; এমনকি হারের ধরনও দৃষ্টিকটু।

তবে তাসকিন আহমেদের আশা, টেস্টের ব্যর্থতা ভুলে সাদা বলের সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর দেশের ক্রিকেটপ্রেমীদের একের পর এক হতাশা বয়ে এনেছে বাংলাদেশ। তিন সংস্করণ মিলিয়ে টানা ১০ ম্যাচে জয়ের দেখা নেই। শুধু আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি করে টেস্ট ড্র করেছে; হেরেছে অন্য ৮ ম্যাচ।

আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) কুগোম্পো সিটিতে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ সামনে রেখে আজ তাসকিন আহমেত যখন সাংবাদিকদের সামনে এসেছেন, তখন অনুপ্রেরণা খুঁজেছেন ২০২২ সালের সফর থেকে। চার বছর আগের সেই সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

এবার টেস্ট সিরিজে খারাপ করলেও ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করার প্রত্যাশা তাসকিনের।

বাংলাদেশের অভিজ্ঞ এই পেসার বলেছেন, ‘যেহেতু টেস্ট সিরিজে প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি, ওয়ানডেতে কিভাবে ভালো খেলে শুরু করা যায়, আমরা সেই চেষ্টা করছি। সর্বশেষ এখানে ওয়ানডে সিরিজ ভালো হয়েছিল। যদিও সেটা অনেক দিন আগে। আশা করি সিরিজ জিতব। তার চেয়ে গুরুত্বপূর্ণ, প্রথম ম্যাচ কিভাবে ভালো শুরু করা যায়। ’

২০২২ সালে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল। সেই সিরিজে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তামিম ইকবাল। সময়ের ব্যবধানে তামিম এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি।

সেই সিরিজে তাসকিন সর্বোচ্চ ৮ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছিলেন। তার আশা, চাপের মুখে থাকা বাংলাদেশ এবারও দারুণভাবে ঘুরে দাঁড়াবে, ‘ইনশাআল্লাহ আশাবাদী। অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। ওয়ানডেতে আমাদের যে বোলিং লাইনআপ আছে, তারা অতীতেও ভালো করেছে। যখন দল হারতে থাকে, মানসিকভাবে সবাই একটু ভেঙে পড়ে। তবে আমার বিশ্বাস, প্রথম ম্যাচ ভালোভাবেই শুরু করব।’