স্পোর্টস ডেস্ক
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ)। বিষয়টি আরও তদন্তের জন্য শৃঙ্খলা কমিটিতে পাঠানো হয়েছে। তদন্ত শেষ করে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সাময়িক নিষেধাজ্ঞার মধ্যে থাকতে হবে পর্তুগিজ অধিনায়ককে।
এফপিএফের পক্ষ থেকে শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গজনিত কার্যধারা শুরু হয়েছে।’ অত্যন্ত সংবেদনশীল এই ঘটনাটিকে ‘জরুরি’ হিসেবে চিহ্নিত করেছে ফেডারেশন। আর চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত পর্তুগালের সব ধরনের ম্যাচ থেকে রোনালদো সাময়িক নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।
নরওয়ের বিপক্ষে ম্যাচে বিরতির পর মাঠে নামার আশা করেছিলেন রোনালদো। কিন্তু পুরো ম্যাচেই তাকে বেঞ্চে বসে থাকতে হয়। এরপর ডেনমার্কের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না জানতে পেরে নির্ধারিত ম্যাচের এক দিন আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান পর্তুগিজ অধিনায়ক। এ ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
কোচ হোর্হে জেসুসের সঙ্গে মনোমালিন্য থেকেই রোনালদোর ক্যাম্প ছাড়ার ঘটনা ঘটে বলে জানা গেছে। আন্তর্জাতিক বিরতি শেষে বিষয়টি নিয়ে দীর্ঘ বিবৃতি দেন তিনি। সেখানে নিজের ভুল স্বীকার করে পর্তুগিজ সমর্থকদের কাছে ক্ষমা চান। একই সঙ্গে জেসুসের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তোলেন রোনালদো। তার দাবি, নেশনস লিগের ম্যাচগুলোতে পর্যাপ্ত খেলার সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েও তা রাখেননি কোচ।
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় নিজের ভুল স্বীকার করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ জন্য যেকোনো শাস্তি মেনে নিতেও প্রস্তুত পর্তুগালের অধিনায়ক। রোনালদো বলেন, ‘আমি যদি শারীরিকভাবে ফিট থাকি, ক্লাবের হয়ে খেলি, আশা করি গোলও পাব, তবে আমার ওপর যে নিষেধাজ্ঞাই আরোপ করা হোক না কেন, সেটা কাটানোর পর জাতীয় দলের হয়ে প্রতিযোগিতা করতে ও জিততে আমি আগের মতোই প্রস্তুত থাকব।’
পর্তুগালের ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধি অনুযায়ী, অনুমতি ছাড়া ক্যাম্প ত্যাগের অভিযোগ প্রমাণিত হলে এক থেকে ছয় মাসের নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানাও হতে পারে ৪১ বছর বয়সী এই তারকার। নিয়ম অনুযায়ী পেশাদার খেলোয়াড়দের জন্য ৫ থেকে ১০ অ্যাকাউন্টিং ইউনিট, প্রায় ৫০০ থেকে ১,০০০ ইউরো জরিমানা হতে পারে।
রোনালদোকে ছাড়াই অবশ্য নেশন্স লিগে দারুণ ছন্দে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। টানা চার জয়ে দুই ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা। ‘এ’ লিগের চার নম্বর গ্রুপে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি।
জাতীয় দল নিয়ে বিতর্কের মধ্যেই শুক্রবার রাতে ক্লাব ফুটবলে ফিরেছেন রোনালদো। সৌদি প্রো লিগে আল দিরিয়াহর বিপক্ষে ৩-০ গোলে জিতেছে তার দল আল নাসর। দলের হয়ে প্রথম গোলটি করেন পর্তুগিজ মহাতারকা। এই গোলের মধ্য দিয়ে পেশাদার ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮০-এ।








































