Home আঞ্চলিক খুলনায় দুপুরের আলোয় চাঞ্চল্যকর গোলাগুলি: সন্ত্রাসী হামলায় যুবক গুলিবিদ্ধ

খুলনায় দুপুরের আলোয় চাঞ্চল্যকর গোলাগুলি: সন্ত্রাসী হামলায় যুবক গুলিবিদ্ধ

37

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীর ৩নং কাশেম সড়ক এলাকায় দিনের আলোতেই দুর্বৃত্তদের গুলিতে জনি (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) বিকেল ৩টা ২৬ মিনিটের দিকে ৩নং কাশেম সড়কস্থ ইদ্রিস সাহেবের বাড়ির সামনে এ নৃশংস হামলার ঘটনা ঘটে।

আহত জনি নগরীর ২নং কাশেম সড়ক এলাকার মৃত হামিদের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৩টা ২৬ মিনিটে জনি ইদ্রিস সাহেবের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে দুই অজ্ঞাতনামা সন্ত্রাসী দ্রুত গতিতে সেখানে এসে জনিকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে মোটরসাইকেল নিয়ে স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

স্থানীরা জানান, দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি জনির নিতম্বে বিদ্ধ হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খুলনা সদর থানা পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আলামত সংগ্রহ করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের এক কর্মকর্তা জানান, আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত ও গ্রেফাতারে পুলিশ ইতোমধ্যে অভিযানে নেমেছে।

প্রকাশ্য দিবালোকে এভাবে মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়ে যাওয়ার ঘটনায় ওই এলাকার স্থানীয় অধিবাসীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনতিবিলম্বে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।