স্পোর্টস ডেস্ক ।।
গত নয় মাসে ফুটবল ক্যারিয়ারে এক অসাধারণ যাত্রার মধ্যে দিয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার তরুণ প্রতিভাবান ডিফেন্ডার লুকাস হ্যারিংটন। বিশ্বকাপের পর আবারও মাঠে নামছে অস্ট্রেলিয়া।
চলতি সপ্তাহে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে সকারুজরা। আসন্ন প্রীতি ম্যাচকে ঘিরে প্রস্তুত হচ্ছেন অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সী উদীয়মান সেন্ট্রাল ডিফেন্ডার।
চ্যানেল নিউজ এশিয়ার প্রতিবেদন অনুযায়ী, কারণ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিজ শহরে ব্রিসবেনে খেলতে নামবে সকারুদের প্রতিনিধি হয়ে। ব্রাজিলের বিপক্ষে নিজ শহরে খেলতে নামার আগে উচ্ছ্বাস প্রকাশ করে হ্যারিংটন বলেছেন, ব্যাপারটা অবিশ্বাস্য… সময়টা যেন চোখের পলকে কেটে গেল।
বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। ২০২৬ সালে হ্যারিংটনের ক্যারিয়ারের গ্রাফ যেভাবে ওপরের দিকে উঠেছে, তা যেকোনো তরুণ ফুটবলারের জন্য স্বপ্নের মতো। মাত্র ৯ মাসের ব্যবধানে চারটি ভিন্ন লিগ ও ফুটবল সংস্করণে নিজের আধিপত্য দেখিয়েছেন তিনি।
বছরের শুরুতে অস্ট্রেলিয়ার ঘরোয়া ফুটবল লিগে ব্রিসবেন রোরের জার্সিতে পেশাদার ক্যারিয়ার শুরু করেন।
মেধার জোরে দ্রুতই নজর কাড়েন মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব কলোরাডো র্যাপিডের। কলোরাডোর পারফরম্যান্সের ওপর ভর করে জায়গা করে নেন অস্ট্রেলিয়ার মূল জাতীয় দলে। এরপর ২০২৬ ফিফা বিশ্বকাপে সকারুজদের রক্ষণভাগের মূল স্তম্ভে পরিণত হন। বিশ্বকাপে দুর্দান্ত ডিফেন্ডিংয়ের পুরস্কার হিসেবে টুর্নামেন্ট শেষেই তাকে দলে ভেড়ায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব হাল সিটি।
এই মাসের শুরুতে ১৯ বছর পূর্ণ করা হ্যারিংটন বলেন,‘আমার জন্য এই যাত্রাটা দারুণ ছিল।
আমি এর প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এখন শুধু বিনয়ী থাকার, কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার এবং এই যাত্রাটাকে উপভোগ করার চেষ্টা করছি।’
সম্প্রতি অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের সেরা সম্মাননা ‘হ্যারি কিউয়েল মেডেল’ জিতে নিজের জাত চিনিয়েছেন এই সকারুজ তারকা।
ব্রিসবেন থেকে কলোরাডো, সকারুস থেকে ইপিএল পর্যন্ত—এগুলো সবই ভিন্ন পরিবেশ উল্লেখ করে তিনি বলেন, স্বাভাবিকভাবেই, আমাকে প্রতিটি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়েছে।
সবকিছুর সঙ্গেই মানিয়ে নিতে হয়। কিন্তু দিনের শেষে, এটা শুধুই ফুটবল এবং আমি ফুটবল খেলতে ভালোবাসি বলে যোগ করেন তিনি।
আগামী শুক্রবার উত্তর কুইন্সল্যান্ডের টাউন্সভিল শহরে ব্রাজিলের মুখোমুখি হওয়ার পর, মঙ্গলবার ব্রিসবেনের ল্যাং পার্কে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলবে সকারুসরা। এই ল্যাং পার্কেই দুই বছরেরও কম সময় আগে হ্যারিংটন তার পেশাদার ফুটবলে অভিষেক করেছিলেন।











































