Home আঞ্চলিক সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

2

খুলনাঞ্চল রিপোর্ট।।

নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয় সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।

সভায় নড়াইলের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন। মুক্ত আলোচনায় বক্তারা জেলার বিদ্যমান নানা সমস্যা, সমাধানের উপায় এবং নানামুখী সম্ভাবনার কথা বিস্তারিত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, “আগামী প্রজন্মের জন্য একটি টেকসই, সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকে যার যার অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে। বর্তমান সরকারের ৫ বছর মেয়াদী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ইতোমধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সফলভাবে এগিয়ে চলেছে।”

পরিবেশ সুরক্ষায় বিশেষ নির্দেশনা দিয়ে প্রতিমন্ত্রী জানান, নতুন গ্রামীণ রাস্তা নির্মাণের ক্ষেত্রে প্রথাগত ইটের ব্যবহার বন্ধ করে শতভাগ পরিবেশবান্ধব ব্লক ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের দূষণ রুখতে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও সরকারি দপ্তরে একবার ব্যবহারযোগ্য পলিথিন ব্যাগ ও প্লাস্টিক পণ্যের ব্যবহার অবিলম্বে বন্ধ করার নির্দেশনা দেন।

বর্তমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার ঘোষিত নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান সফল করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও হাসপাতালগুলোতে আগত ডেঙ্গু ও হামে আক্রান্ত রোগীদের যেন সুচিকিৎসা নিশ্চিত হয়, সেদিকে স্বাস্থ্য বিভাগকে নজর রাখতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর হুঁশিয়ারি দিয়ে শেখ ফরিদুল ইসলাম বলেন, চিহ্নিত অপশক্তি বা গুপ্তচরদের ওপর সার্বক্ষণিক নজরদারি বাড়াতে হবে যেন তারা কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। মাদক ও সন্ত্রাসবিরোধী চলমান অভিযান অব্যাহত রাখার তাগিদ দিয়ে তিনি সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বক্তব্যের শেষভাগে তিনি উল্লেখ করেন, সরকারের যেকোনো উন্নয়ন উদ্যোগে জনসম্পৃক্ততা বাড়াতে পারলে প্রকল্প বাস্তবায়ন অনেক সহজ ও দীর্ঘস্থায়ী হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নড়াইলসহ সমগ্র দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি সভা সমাপ্ত ঘোষণা করেন।