Home আঞ্চলিক জবানবন্দি দিলেন প্রতাপ ও রুবেল, খুবির আরেক সাবেক ছাত্র গ্রেপ্তার

জবানবন্দি দিলেন প্রতাপ ও রুবেল, খুবির আরেক সাবেক ছাত্র গ্রেপ্তার

1

স্টাফ রিপোর্টার।।

খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্র আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী প্রতাপ সরকার ও হল গেটের সামনে রুবেল জুস কর্নারের মালিক তারেক হাসান রুবেল। বুধবার দুপুরে খুলনা মহানগর হাকিম ইব্রাহিম খলিল মুহিম তাদের জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে মঙ্গলবার দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী হাসনাত হাবিব রিফাত।

এদিকে আজমুল হত্যা মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ১৮ ব্যাচের সাবেক শিক্ষার্থী শেখ আসিফ হোসেনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি-০৬)। মঙ্গলবার রাত আড়াইটার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে হরিণটানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হরিণটানা থানার ওসি ইকবাল হোসেন বলেন, আজমুল হত্যা মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের মধ্যে তিনজনকে এসআরবি এবং একজনকে ডিবি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ পর্যন্ত তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চতুর্থ আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনিও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে চুরির অপবাদ দিয়ে আজমুলকে একটি মেস ভবনের চতুর্থ তলা ও ছাদে নিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তিনি চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।

আজমুল ছাদ থেকে লাফ দিয়ে পড়েছেন, নাকি তাঁকে মারধরের পর ফেলে দেওয়া হয়েছে, তা তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় আজমুলের বাবা কুতুব উদ্দীন বাদী হয়ে হরিণটানা থানায় হত্যা মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।