Home আঞ্চলিক বৈরী আবহাওয়ায় সুন্দরবনসহ উপকূলে আশ্রয় নিল কয়েক শ ফিশিং বোট

বৈরী আবহাওয়ায় সুন্দরবনসহ উপকূলে আশ্রয় নিল কয়েক শ ফিশিং বোট

2


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।

বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে টিকতে না পেরে সুন্দরবনসহ উপকূলের বিভিন্ন এলাকায় নিরাপদ আশ্রয় নিয়েছে কয়েক শ ফিশিং বোট। কিছু বোট এখনো উপকূলের দিকে ফিরছে। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে।

শরণখোলা উপজেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল হোসেন বলেন, বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। উত্তাল সাগরে টিকতে না পেরে কয়েক শ ফিশিং বোট রায়েন্দা, মহিপুর, খেপুপাড়া, নিদ্রাসখিনা, পাথরঘাটাসহ উপকূলের বিভিন্ন এলাকায় এবং সুন্দরবনের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। কিছু বোট এখনো উপকূলে ফিরছে।

শরণখোলার রাজৈর মৎস্যঘাটের আড়তদার কবীর হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে ফিশিং বোটগুলো সাগরে না গিয়ে দুই দিন ধরে রায়েন্দা মৎস্যঘাটে নোঙর করে আছে।

সাগরসংলগ্ন দুবলার মেহের আলী লাইট হাউসের কর্মী সবুজ হাওলাদার গতকাল মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনে বলেন, সাগর খুবই উত্তাল। ঝোড়ো হাওয়ার সঙ্গে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সাগরে মাছ ধরতে না পেরে ফিশিং বোটগুলো উপকূলে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। কয়েকটি বোট সুন্দরবনের মেহের আলী খালেও আশ্রয় নিয়েছে বলে জানান তিনি।

বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জেলেরা সাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ছেন। উত্তাল সাগরে টিকতে না পেরে ফিশিংবোটগুলো উপকূলের দিকে ফিরে আসছে।

দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিলটন রায় বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগরে এখন কোনো ফিশিং বোট নেই। প্রবল ঝোড়ো বাতাসের সঙ্গে দুবলারচর এলাকায় বৃষ্টিপাত হচ্ছে।