Home আঞ্চলিক নগরীতে হোটেল কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার, কথিত স্ত্রী আটক

নগরীতে হোটেল কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার, কথিত স্ত্রী আটক

2

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সোহেল রানা ওরফে বাবু (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে সদর থানার খানজাহান আলী রোডের ‘কপোতাক্ষ আবাসিক হোটেল’-এর দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোহেল রানা লবণচরা থানার হরিণটানা অটোস্ট্যান্ড রোডের লোকমান ফকিরের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার কথিত স্ত্রী ফাতেমাকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

জানা যায়, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে কপোতাক্ষ আবাসিক হোটেলের ওই কক্ষে ওঠেন। সেখানে বিয়ের দাবি ও নানা বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওড়না দিয়ে পেঁচিয়ে সোহেল রানাকে শ^াসরোধে হত্যা করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন রিপন জানান, নিহত সোহেল রানার আগের এক স্ত্রী রয়েছেন, যিনি ঢাকায় থাকেন এবং তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই।

এদিকে ফাতেমার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং ফাতেমা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। রোববার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে ওড়না গলায় পেঁচিয়ে শ^াসরোধে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ফাতেমা। অভিযুক্ত ফাতেমাকে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।