Home আঞ্চলিক দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের বিচার দাবিতে কুশপুত্তলিকা দাহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের বিচার দাবিতে কুশপুত্তলিকা দাহ

3

সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরার শ্যামনগরে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

বিক্ষোভকারীরা গাজী নজরুল ইসলামের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। একই সঙ্গে সাতক্ষীরা-৪ আসনে উপনির্বাচনের দাবিও জানান তারা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্যামনগর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ জড়ো হন। পরে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে স্থানীয় নাগরিক নেতা আসাদুজ্জামান মিটু, আবুল কালাম মোড়ল, রেজাউল ইসলাম, আসিসুর রহমান, নূরনগরের আবুল ইউসুফসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনা কোনোভাবেই ধামাচাপা দেওয়া যাবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তদন্তে তাদের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গাজী নজরুল ইসলামের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবি জানান। তারা অভিযোগ করেন, গাজী নজরুল ইসলাম সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভুল বুঝিয়ে ভোট নিয়েছেন। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি ও পরবর্তী কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলেও তারা দাবি করেন।

গাজী নজরুল ইসলামের বাড়ির পাশের বাসিন্দা ও সাবেক জামায়াত কর্মী শাহজাহান বলেন, আমি আগে জামায়াতের কর্মী ছিলাম। আমার দাবি, যারা জামায়াতের ঘোষিত কর্মী ছিলেন বা এখনো আছেন, তাদের চোখ খোলার দরকার। মানুষের সামনে বিষয়গুলো তুলে ধরতে হবে। চারিত্রিক ও মানবিক দিক বিবেচনায় বিষয়গুলো নিয়ে তাদের ভাবা দরকার।

স্থানীয়রা বলেন, মরিয়ম খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে বের করতে হবে। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

পরে বিক্ষোভকারীরা শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। সেখানে গাজী নজরুল ইসলামের ফাঁসির দাবিতে তার কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে মরিয়ম খাতুনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানানো হয়।

একই সঙ্গে সাতক্ষীরা-৪ আসনে উপনির্বাচনের দাবিও জানান বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।

মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে। পুলিশ গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে গ্রেফতার করেছে।