স্টাফ রিপোর্টার।।
ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন, বাড়িঘর ভাঙচুর ও মসজিদে অগ্নিসংযোগের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশবিরোধী উস্কানিমূলক বক্তব্যেরও নিন্দা জানান বক্তারা।
শুক্রবার বিকেলে খুলনা জেলা ইমাম পরিষদের উদ্যোগে নগরীর ডাকবাংলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা শুভেন্দু অধিকারীকে মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তারা বলেন, এ ধরনের বিদ্বেষমূলক বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে।
বক্তারা জাতীয় সংসদে শুভেন্দু অধিকারীর বক্তব্যের নিন্দা জানিয়ে প্রতিবাদ প্রস্তাব গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, এ বিষয়ে সরকারের নীরবতা মুসলিম বিদ্বেষকে প্রশ্রয় দেওয়ার শামিল হতে পারে।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি ডাকবাংলা মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেটসংলগ্ন বায়তুন নূর মসজিদ কমপ্লেক্স এলাকায় গিয়ে শেষ হয়।
খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা নূর সাঈদ জালালী, মাওলানা হেকমত আলী, শেখ মো. নাছির উদ্দিন ও মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।











































