স্টাফ রিপোর্টার।।
আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খুলনার রাজনৈতিক সংগঠক ও শিক্ষাবিদ আজিজা খানম এলিজা| শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন| দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে দলীয় রাজনীতি ও আন্দোলনে সক্রিয় এই নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নীতি ও আদর্শের প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন|
১৯৮৭ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা| ১৯৯০ সালের ˆ¯^রাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে হামলার শিকার হন তিনি| পরবর্তীতে মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন| তিনি খুলনা মহানগর মহিলা দলের সভাপতি (২০২২-২০২৫), মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (২০২১-২০২৫) এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-যুগ্ম সম্পাদকসহ একাধিক পদে দায়িত্ব পালন করেছেন|
ছাত্রজীবনে পাইওনিয়ার সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি ও ভিপি এবং খুলনা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন| ২০১২ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় গ্রেফতার হয়ে কারাবরণ করেন তিনি|
এছাড়া ২০১৮ ও ২০২৩ সালে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়, যা দীর্ঘদিন বিচারাধীন ছিল| আন্দোলনে সক্রিয় থাকার কারণে তিনি একাধিকবার হামলার শিকার হয়েছেন বলেও জানান| শিক্ষাজীবনে তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে এমএড ও বিএড ডিগ্রি অর্জন করেন এবং সরকারি বিএল কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন| বর্তমানে তিনি করোনেশন মাধ্যমিক বিদ্যানিকেতনে শিক্ষকতা করছেন এবং বিদ্যালয় পরিচালনা পরিষদে শিক্ষক প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন|
রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত| তিনি খুলনা শিশু হাসপাতালের এডহক কমিটির সদস্য এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর খুলনা সিটি ইউনিটের সাবেক কার্যনির্বাহী সদস্য ও আজীবন সদস্য| আজিজা খানম এলিজা বলেন, সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলে নারীর কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, শিক্ষা ও নিরাপত্তা জোরদার এবং অর্থনৈতিক ক্ষমতায়নকে অগ্রাধিকার দেবেন| দলীয় অঙ্গনে তার দীর্ঘ অভিজ্ঞতা ও সক্রিয় ভূমিকার কারণে তার প্রার্থিতা গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে|











































