ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এই বছর বাতিল হয়েছে এএফসি কাপের খেলা। তাতে অংশ নিয়েছিল বাংলাদেশের দুটি কাব। এর মধ্যে আবাহনী লিমিটেড প্রাথমিক পর্বের বাধা পেরোতে পারেনি। আর বসুন্ধরা কিংস গ্রুপ পর্বে খেলতে পেরেছে মাত্র একটি ম্যাচ। তবে আগামী বছরের জন্য এই দুটি দলকেই আবার দেখা যেতে পারে এএফসি কাপে।
যেহেতু করোনায় এবারের ঘরোয়া মৌসুম পরিত্যক্ত হয়েছে। তাই আগের মৌসুমের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা ও রানার্সআপ আবাহনী আগামী আসরেও খেলার জন্য এগিয়ে আছে। কেননা এএফসি কাপ খেলতে হলে কাব লাইসেন্সিং প্রয়োজন পড়ে। অবশ্য এই দুটি কাব ছাড়াও এই লাইসেন্সিং আছে শেখ রাসেল ও সাইফ স্পোর্টিংয়ের।
এখন এএফসির সঙ্গে মৌখিক কথা বলে বাফুফের ধারণা হয়েছে, বসুন্ধরা ও আবাহনীর সুযোগ বেশি। বাফুফের কম্পিটিশন কমিটির ম্যানেজার জাবের বিন তাহের আনসারি বলেছেন, ‘এএফসির সঙ্গে কথা বলে মনে হয়েছে যে গত লিগের (এক মৌসুম আগে) চ্যাম্পিয়ন ও রানার্স আপের খেলার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে বসুন্ধরা ও আবাহনী এগিয়ে থাকবে। এছাড়া এই বছরের ফেডারেশন কাপ ধরলেও বসুন্ধরার খেলা নিশ্চিত। সেক্ষেত্রে পরের কাবটি হতে পারে আবাহনী। এখন এই দুটি কাব কোনও কারণে না খেললে, তখন শেখ রাসেল কিংবা সাইফের সুযোগ থাকবে। তবে সেই সম্ভাবনাও নেই। আশা করি, আগামী মাসের শুরুর দিকে সবকিছু চূড়ান্ত হবে।’
গেইল ঝড়ে কলকাতাকে হারাল পাঞ্জাব
ক্রীড়া প্রতিবেদক
এবারের আইপিএলে প্রথম ৭ ম্যাচে কিংস ইলিভেন পাঞ্জাবের হয়ে খেললেননি ক্রিস গেইল। আর এই সময় দলও জিতেছে মাত্র একটি ম্যাচ। তবে ক্যারিবিয়ান তারকা আসার পর ৫ ম্যাচের সবকটিতেই জিতেছে লোকেশ রাহুলরা। এর প্রতিটিতেই অবদান ছিল গেইলের। নিজেদের শেষ ম্যাচে তো তার ঝড়ো ফিফটির ওপর ভর করেই জয় পেল পাঞ্জাব।
সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ক্রিস গেইল ও মানদীপ সিংয়ের হাফসেঞ্চুরিতে কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটর বিশাল ব্যবধানে হারিয়েছে পাঞ্জাব। ১৫০ রানের লক্ষ্যে উদ্বোধনী জুটিতে ৪৭ রান তোলেন অধিনায়ক রাহুল ও মানদীপ। তবে বরুণ চক্রবর্তীর বলে ব্যক্তিগত ২৮ রানে ফিরে যান রাহুল। তবে দ্বিতীয় উইকেট জুটিতেই প্রায় জয় নিশ্চিত হয়ে যায় পাঞ্জাবের। ১০০ রানের পার্টনারশিপ গড়েন মানদীপ ও গেইল। গেইল মাত্র ২৯ বলে ২টি চার ও ৫টি ছক্কায় ৫১ রান করে বিদায় নেন। মানদীপ ৫৬ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার শুবমান গিলেন হাফসেঞ্চুরি ও অধিনায়ক ইয়ন মরগানের ৪০ রানে ভর করে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে কলকাতা। গিল ৪৫ বলে ৫৭ রান করেন। শেষ দিকে লোকি ফার্গুসন ১৩ বলে ২৪ করলেও বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। পাঞ্জাব বোলারদের মধ্যে মোহাম্মদ শামি সর্বোচ্চ ৩টি উইকেট নেন। দুটি করে উইকেট দখল করেন ক্রিস জর্ডান ও রবি বিষ্ণনয়ই। দারুণ ব্যাট করার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পান ক্রিস গেইল।
এদিকে এ জয়ে আসরের ৪ নাম্বারে উঠে এলো পাঞ্জাব। আর পাঁচে নেমে গেল কলকাতা।
তারিকসহ ক্যাম্পে যোগ দিলেন বসুন্ধরা কিংসের ১২জন
ক্রীড়া প্রতিবেদক
নেপাল ম্যাচ সামনে রেখে শুরু হওয়া ক্যাম্পে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের ১২ জন ফুটবলার। চোট কাটিয়ে ওঠা মাশুক মিয়া জনি ও মতিন মিয়া যোগ দেননি এখনও। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে গত শনিবার থেকে ক্যাম্প শুরু করেছে দল।
জনি ও মতিন ছাড়া আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, আতিকুর রহমান ফাহাদ, কাজী তারিক রায়হান, রবিউল হাসান, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ ও মোহাম্মদ ইব্রাহিম মঙ্গলবার যোগ দিয়েছেন। এদের মধ্যে ক্যাম্পে ডাক পাওয়া নতুন মুখ ফিনল্যান্ড প্রবাসী তারিক। ক্যাম্পে যোগ দিয়ে জাতীয় দলে জায়গা পাওয়ার আশাবাদ জানিয়েছেন কিংসের এই ডিফেন্ডার।
এএফসি কাপে সেরা সোহেলের গোল
ক্রীড়া প্রতিবেদক
গত বছর ২১ আগস্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভ দলের বিপক্ষে দর্শণীয় এক গোল করে এএফসি কাপের সপ্তাহসেরা হয়েছিলেন আবাহনীর সোহেল রানা। পরবর্তীতে ওই গোল এএফসি কাপের বছরসেরা রানার্সআপ হয়েছিল।
এএফসি কাপের আঞ্চলিক সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে নাবীব নেওয়াজ জীবনের পাস থেকে ২৫ গজ দূর থেকে করা সেই গোলটি জায়গা করে নিয়েছে গত ১০ বছরের এএফসি কাপের সেরা ৩২-এ। দর্শকদের ভোটেই ৩২ গোলের মধ্যে একটিকে সেরা নির্বাচন করবে এএফসি। ‘ব্র্যাকেট চ্যালেঞ্জ’ নামে সেরা গোলের প্রতিযোগিতায় ইতিমধ্যে সোহেল রানা হারিয়েছেন সিঙ্গাপুরের হোম ইউনাইটেডের ফরোয়ার্ড খায়রুল নিজাকমকে। দুই জনের মধ্যে দর্শকদের ভোটের যে প্রতিযোগিতা হয়েছে সেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন আবাহনীর সোহেল রানা জিতেছেন ৮৬ শতাংশ ভোট পেয়ে। তার প্রতিপক্ষ পেয়েছেন মাত্র ১৬ শতাংশ ভোট। সেরা ৩২ থেকে এখন সেরা ১৬ তে। একইভাবে দর্শকরা ভোট দিয়ে সেরা আটে তুলবেন ৮ জনকে। এভাবে সেরা চার, সেরা দুই এবং সেরা গোল বেছেন নেবেন এশিয়ার ফুটবল দর্শকরা।
রেফারি আব্দুল আজীজ এর ইন্তেকাল
ক্রীড়া প্রতিবেদক
সাবেক ফিফা রেফারি আব্দুল আজীজ আর নেই। গতকাল মঙ্গলবার বিকেলে বারডেম হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পৃথিবী ছেড়ে গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮। রেখে গেছেন স্ত্রী ও তিন মেয়ে।
১৯৭৪ সালে সহকারী রেফারি হিসেবে রেফারিং শুরু আব্দুল আজীজের। ২৮ বছর বয়সে তিনি প্রথম ফিফা রেফারি হয়েছিলেন। তিনি ছিলেন সবচেয়ে কম বয়সে ফিফা ব্যাজ পাওয়া বাংলাদেশি রেফারি। ক্যারিয়ারে ২৮টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার সুযোগ হয়েছিল তার। এছাড়া ঘরোয়া ফুটবলে ৩০০’র বেশি ম্যাচে বাঁশি বাজিয়েছেন। মাঠে শক্তভাবে ম্যাচ পরিচালনার জন্য আব্দুল আজীজের আলাদা সুনাম ছিল।
ভারতের অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা
ক্রীড়া প্রতিবেদক
অস্ট্রেলিয়া সফরের আগে চোট ধাক্কা পেতেই হলো ভারতকে। তিন ফরম্যাটের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি ওপেনার রোহিত শর্মার। অস্ট্রেলিয়ায় ৪ টেস্টের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও সম সংখ্যক ওয়ানডে খেলবে ভারত। প্রাথমিকভাবে যে সূচিটি জানা গেছে, তাতে ২৭ নভেম্বর ওয়ানডে দিয়ে সফরটি শুরু হওয়ার কথা। শেষ দিকে হবে চার টেস্ট। যা শুরু হওয়ার কথা ১৫ জানুয়ারি।
ভারতের টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, শুভমান গিল, সাহা, ঋষভ পান্ত, বুমরাহ, সামি, উমেশ যাদব, নবদীপ সৈনি, কুলদীপ যাদব, রবীন্দ্র যাবেদা, রবীচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজ। ওয়ানডে দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগারওয়াল, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সামি, নবদীপ সৈনি, শার্দুল ঠাকুর। টি-টোয়েন্টি দল: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, নবদীপ সৈনি, দীপক চাহার ও বরুন চক্রবর্তী।
শ্রীলঙ্কার বিপক্ষে দু’টি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা
ক্রীড়া প্রতিবেদক
দুই টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে শ্রীলঙ্কা। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২০২০-২১ মৌসুমের ডিসেম্বর-জানুয়ারিতে লঙ্কানদের বিপক্ষে দু’টি টেস্ট খেলবে প্রোটিয়ারা। প্রথম টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর, সেঞ্চুরিয়নে এবং দ্বিতীয় টেস্ট হবে ০৩ জানুয়ারি, জোহানেসবার্গে। ঐতিহাসিক বক্সিং ডে এবং নতুন বছরের স্লটে হবে ম্যাচ দু’টি।
লঙ্কানদের বিপক্ষে সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের বিপক্ষ নভেম্বর-ডিসেম্বরে তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডের সময়সূচি ধার্য করেছে সিএসএ। ইংলিশদের বিপক্ষে এই সিরিজ আয়োজন নিয়ে সরকারের সবুজ সংকেতও পেয়েছে প্রোটিয়ারা। এরপর ২০২০-২১ মৌসুমে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষ তিনটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা।
পিকে-কৌতিনহোকে ছাড়াই তুরিনে যাচ্ছে বার্সা
ক্রীড়া প্রতিবেদক
ইনজুরির কারণে আগে থেকেই নেই স্যামুয়েল উমতিতি ও মূল গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান। এরপর ছিটকে গেছেন জেরার্ড পিকে ও ফিলিপ্পে কৌতিনহোও। সবমিলিয়ে খর্বশক্তির দল নিয়েই জুভেন্টাসের মাঠে নামবে বার্সেলোনা। জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচকে সামনে রেখে গতকাল মঙ্গলবার দল ঘোষণা করেছেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান।
আজ বুধবার রাতে তুরিনের অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই জায়ান্ট। এখন পর্যন্ত ইতালিয়ান জায়ান্টদের এই মাঠে কোনো জয় তুলে নিতে পারেনি ব্লুগ্রানারা। সেই ১৯৭০/৭১ সালের ফেয়ার্স কাপ থেকে ২০১৭/১৮ সালের চ্যাম্পিয়নস লিগের ম্যাচ, এখন পর্যন্ত এই মাঠে তিনবার হেরেছে বার্সা, বাকিগুলো ড্র। জুভেন্টাস ম্যাচের জন্য ঘোষিত বার্সার স্কোয়াড : ডেস্ট, আরুজো, সার্জিও বুসকেতস, অ্যালেনা, গ্রিজম্যান, মিরালেম জেনিচ, ব্রেথওয়েট, মেসি, দেম্বেলে, রিকি পুইগ, নেতো, লেংলে, পেদ্রি, ত্রিনকাও, জর্দি আলবা, সার্জি রবার্তো, ডি ইয়ং, আনসু ফাতি, জুনিয়র ফিরপো, ইনাকি পেনা, আরনাউ তেনাস।
হেয়ং মিনের গোলে জিতলো টটেনহ্যাম
ক্রীড়া প্রতিবেদক
দারুণ ছন্দে থাকা কোরিয়ান তারকা সন হেয়ং মিনের গোলে বার্নলির বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পারস। সোমবার রাতে ঘরের মাঠে এই জয় পায় স্পার্সরা।
ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেও গোল আদায় করে নিতে পারেনি হোসে মরিনহোর শিষ্যরা। বিরতির পর ৭৬ মিনিটে কর্নার পায় টটেনহ্যাম। এ সময় হ্যারি কেনের নেওয়া কর্নার কিক থেকে উড়ে আসা বলে মাথা লাগিয়ে জালে জড়ান সন হেয়ং মিন। তিনি একেবারেই আনমার্ক ছিলেন।
এটি ছিল প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে হেয়ং মিনের অষ্টম গোল। ৮ গোল নিয়ে তিনি চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন। আর গোলে সহায়তায় শীর্ষে আছেন হ্যারি কেন। হেয়ং মিনের গোলের আগের মিনিটেই হেড নিয়েছিলেন হ্যারি কেনও। কিন্তু সেটি ফিরিয়ে দেন বার্নলির গোলরক্ষক। বাকি সময়ে অবশ্য আরো কোনো গোল হয়নি। তাতে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে টটেনহ্যাম। এটা ছিল ষষ্ঠ ম্যাচে টটেনহ্যামের তৃতীয় জয়। ৬ ম্যাচ থেকে ১১ পয়েন্ট সংগ্রহ করে টটেনহ্যাম উঠে এসেছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে।
তিনবার পিছিয়ে পড়েও ড্র করল রোমা
ক্রীড়া প্রতিবেদক
সিরি-এ লিগে সোমবার উত্তেজনাপূর্ণ ম্যাচে তিনবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত এসি মিলানকে জিততে দেয়নি রোমা। মিলানের মাঠে আত্মবিশ্বাসী রোমা ৩-৩ গোলে স্বাগতিকদের রুখে দিয়েছে।
ম্যাচে দুই দলের পক্ষেই দুটি বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হতে দেখা গেছে খেলোয়াড়দের। মিলানের পক্ষে জোড়া গোল করেছেন জ্লাটান ইব্রাহিমোভিচ। এর মাধ্যমে নতুন মৌসুমে পঞ্চম ম্যাচে এসে প্রথমবারের মত পয়েন্ট হারালো সিরি-এ টেবিলের শীর্ষে থাকা এসি মিলান। ৩৯ বছর বয়সী সুইস তারকা ইব্রাহিমোভিচ এ নিয়ে তিন ম্যাচে ৬ গোল করলেন। কোভিড-১৯’এ আক্রান্ত হওয়ায় এর মধ্যে তিনি দুটি ম্যাচ খেলতে পারেননি। ইব্রাহিমোভিচ ছাড়াও এ্যালেক্সিস সালেমেকার্স মিলানের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন। অন্যদিকে রোমার হয়ে গোলগুলো পরিশোধ করেছেন এডেন জেকো, জর্ডান ভেরেটুট ও মারাশ কুমবুলা। নাপোলি ও সাসুলোর চেয়ে দুই পয়েন্ট এগিয়ে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে মিলান। সমান সংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করা রোমার অবস্থান নবম।
এক মাসের জন্য ছিটকে গেলেন আগুয়েরো
ক্রীড়া প্রতিবেদক
পেশী সমস্যার কারণে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ম্যানচেস্টার সিটি তারকা সার্জিও আগুয়েরো। সিটি বস পেপ গার্দিওলা এই তথ্য নিশ্চিত করেছেন।
হাঁটুর অস্ত্রোপচার শেষে ফিরে এসে ৩২ বছর বয়সী এই আর্জেন্টাইন শনিবার প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন। কিন্তু পেশীর সমস্যার কারণে বিরতির পর আর মাঠে নামতে পারেননি। এছাড়া ইনজুরির কারণে সাইডলাইনে চলে গেছেন গ্যাব্রিয়েল জেসুস। যে কারণে সেন্ট্রাল ফরোয়ার্ড পজিশন নিয়ে বেশ দুঃশ্চিন্তায় পড়েছেন গার্দিওলা। প্রিমিয়ার লিগের পাঁচ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচেই পয়েন্ট হারিয়েছে সিটি।
স্বপ্নের নায়ককে ছুঁতে চান জোকোভিচ
ক্রীড়া প্রতিবেদক
ছোটবেলা থেকে তিনি পিট সাম্প্রাসকে অনুসরণ করেই বড় হয়েছেন। সেই স্বপ্নের নায়কের মতো টানা ছয় মৌসুমে বিশ্বের এক নম্বর টেনিস তারকা হিসেবে মৌসুম শেষ করতে চান নোভাক জোকোভিচ।
কিংবদন্তি সাম্প্রাসের কীর্তি স্পর্শ করতে হলে দুটি মাত্র জয় প্রয়োজন নোভাকের। এই সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া ভিয়েনা এটিপি টেনিস প্রতিযোগিতায় সেই সোনালি সুযোগ রয়েছে তাঁর কাছে। ৩৩ বছরের সার্বিয়ান তারকা ২০১১, ২০১২, ২০১৪, ২০১৫ এবং ২০১৮ সালে এক নম্বর তারকা হিসেবে বছর শেষ করেছিলেন।
মিশরে পুরুষ ফুটবল দলে নারী কোচ
ক্রীড়া প্রতিবেদক
শহরের রাস্তায় ছেলেদের সাথে ফুটবল খেলে বড় হওয়া এবং পরবর্তীতে মিশর জাতীয় নারী দলের অধিনায়ক হিসেবে নিজের স্থান সুপ্রতিষ্ঠিত করেছিলেন ফাইজা হায়দার। এখন একটি পুরুষ পেশাদার কাবের প্রথম নারী কোচ হিসেবে নাম লিখিয়ে আলোচনায় এসেছেন ৩৬ বছর বয়সী ফাইজা।
জানা গেছে, চতুর্থ বিভাগের কাব আইডিয়াল গোল্ডির কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এ সম্পর্কে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ফাইজা বলেছেন, ‘শুরুতে কিছুটা অস্বস্তিতে পড়েছিলাম। কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম তারা আমার কাছ থেকে সত্যিকার অর্থেই কিছু শিখতে চায়, নিজেদের দক্ষতা বাড়াতে চায়।’ ফাইজা আরো জানিয়েছেন মিশরের নারী ও পুরুষ কোচদের মধ্যে কেবলমাত্র তিনিই ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ কর্তৃক স্বীকৃত প্রিমিয়ার স্কিলস কোচ এডুকেটর মর্যাদা অর্জন করেছেন।
পাকিস্তানের দ. আফ্রিকা সফর চূড়ান্ত
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের প্রকোপে স্থগিত হওয়া পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা সফর আলোর মুখ দেখতে যাচ্ছে। নতুন সূচিতে ২০২১ সালের এপ্রিলে সীমিত ওভারের সিরিজ খেলবে দুই দল।
দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগে এফটিপির সূচি পূরণ করতে সম্মত হয়েছে পাকিস্তান। কয়েক দিনের মধ্যে এই দুটি সিরিজের সূচি প্রকাশ করা হবে।











































