Home জাতীয় জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী

জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী

7


ঢাকা অফিস
বৈশ্বিক চাপ থাকলেও আপাতত জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ ছাড়া তিনি গুজব এড়িয়ে অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, ‘মব’কে প্রশ্রয় দেওয়া হচ্ছে কিনাু জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘মব সম্পর্কে আমাদের সরকার, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য খুবই আলোচিত। আপনারা সবাই জানেন, আমাদের পজিশন কী। তবে আমাদের পক্ষ থেকে সবার মাথায় রাখতে হবে, আমরা যখন একটি আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছি, তখন দীর্ঘদিনের একটা বেআইনি প্রেক্ষাপটের ওপর দাঁড়িয়ে আমাদের দায়িত্বটা পালন করতে হচ্ছে। আশা করছি, দীর্ঘদিনের যে জঞ্জাল, দীর্ঘদিনের যে অপস্মৃতি আমাদের মাথার মধ্যে কাজ করছে, সেখান থেকে আমরা খুব দ্রুতই আইনের জায়গায় চলে আসতে পারব। আমাদের সরকার মব সংস্কৃতিকে দমন করে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ।’
সরকারি ব্যয়ে মিতব্যয়িতা ও ভিআইপি সংস্কৃতি কমানোর বিষয়ে তিনি বলেন, ‘সংসদ সদস্যরা ট্যাক্সমুক্ত গাড়ি ও প্লট সুবিধা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ভিআইপি প্রটোকলও সীমিত করা হয়েছে।’
দেশের সামাজিক সুরক্ষা থেকে শুরু করে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন ও নিরাপত্তাু রাষ্ট্রের প্রতিটি খাতে উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার সমন্বিত ও বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান জহির উদ্দিন।
মন্ত্রী আরও জানান, ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে ৩৭ হাজারের বেশি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে, যার আওতায় প্রতিটি পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা পাবে। পর্যায়ক্রমে সারাদেশের পরিবারগুলোকে এই কর্মসূচির আওতায় আনা হবে। স্বাস্থ্য খাতে ই-হেলথ কার্ড চালু ও এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার বেশির ভাগই নারী হবেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।
কৃষি খাতে নতুন উদ্যোগ হিসেবে ‘কৃষক কার্ড’ চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, পহেলা বৈশাখ থেকে ১১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে ২১ হাজারের বেশি কৃষকের মাঝে এই কার্ড বিতরণ শুরু হবে। এতে কৃষকরা বছরে ২ হাজার ৫০০ টাকা প্রণোদনা পাবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের এক মাসের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান এবং তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।