Home আঞ্চলিক পূর্ব সুন্দরবনের নদীতে দুই হরিণ শিকারী আটক: ফাঁদসহ ট্রলার জব্দ

পূর্ব সুন্দরবনের নদীতে দুই হরিণ শিকারী আটক: ফাঁদসহ ট্রলার জব্দ

16


শরণখোলা প্রতিনিধি
পূর্ব সুন্দরবনের কটকা বনাঞ্চলের নদীতে ফাঁদসহ দুই হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে শিকারীদের একটি ট্রলার। আটক দুই শিকারীকে রবিবার (১ ফেব্রুয়ারী) সকালে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে সুন্দরবনের বেতমোর নদীতে নিয়মিত টহলের সময় একটি ট্রলার আটক করে। ট্রলারে তল্লাশী চালিয়ে ৫শ ফুট হরিণ ধরার ফাঁদ জব্দ করেন। ট্রলারের পাটাতন রক্তে মাখা দেখতে পান বনরক্ষীরা। শিকারীরা সুন্দরবনে হরিণ শিকার করে ফিরে আসছিলো এ সময় বনরক্ষীদের দেখতে পেয়ে তারা রাতের আধারে হরিণের মাংস নদীতে ফেলে দেয় বলে বনরক্ষীরা জানান। আটক দুইজন হলেন, আঃ মালেক আকন (৬০) ও আবদুল কালাম হাওলাদার (৫৫) । এদের বাড়ী বরগুনার তালতলী থানার সকিনা গ্রামে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম বলেন, সুন্দরবনের বেতমোর নদীতে হরিণ শিকারের ফাঁদসহ আটক দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের রবিবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।