Home আঞ্চলিক সুন্দরবনে ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আটক, জিম্মি উদ্ধার

সুন্দরবনে ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আটক, জিম্মি উদ্ধার

1


মোংলা প্রতিনিধি
সুন্দরবনে মুক্তিপণের জন্য জিম্মি করে রাখা এক জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় কুখ্যাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে (৪৫) আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি দেশীয় ওয়ান শুটার গান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়া সুন্দরবনের পৃথক আরেকটি অভিযানে ডাকাতদের রসদসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জিম্মি জেলেকে উদ্ধার করা হয়। পরে রাত ১টার দিকে দাকোপের মল্লিকবাড়ি এলাকা দিয়ে পালানোর চেষ্টাকালে আসাবুর সানাকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আসাবুর বাহিনীর অবস্থান শনাক্ত করে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে অভিযান চালায়। এ সময় একটি কাঠের নৌকাসহ জিম্মি জেলেকে উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যায়।
পরে আটক আসাবুর সানার দেওয়া তথ্য অনুযায়ী, সুতারখালী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটার গান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আসাবুর খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা।
কোস্ট গার্ড জানায়, ২০২৪ সালের ১২ নভেম্বর আসাবুর সানাকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও সুন্দরবনে ডাকাতি কার্যক্রমে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, শনিবার দুপুর ২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া নদীসংলগ্ন এলাকায় নিয়মিত টহলের সময় সন্দেহজনক একটি কাঠের নৌকায় তল্লাশি চালায় কোস্ট গার্ড। এ সময় ডাকাতদের রসদসহ নৌকাটি জব্দ করা হয়। তবে এ সময় কাউকে পাওয়া না যাওয়ায় ডাকাত দলের সদস্যদের শনাক্ত করা সম্ভব হয়নি। পরে জব্দ নৌকা ও রসদ দোবেকি ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আজ রবিবার বিকালে এসব তথ্য জানান। তিনি বলেন, আটক ব্যক্তি, জব্দ নৌকা, অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।