আন্তর্জাতিক ডেস্ক।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কলকাতার শেষ বাসভবনটি কিনতে চান তার নাতনি মিষ্টি কাজী। এ জন্য তিনি কলকাতা পৌর করপোরেশনের (কেএমসি) কাছে আবেদন করেছেন। সম্প্রতি পৌর করপোরেশনের প্রশাসক স্মিতা পাণ্ডের সঙ্গে দেখা করে নিজের ইচ্ছার কথা জানান তিনি।
কলকাতায় বিদ্রোহী কবির কোনো স্থায়ী বাসভবন ছিল না। ১৯২০ সাল থেকে শহরটির বিভিন্ন ভাড়া বাড়িতে এবং পরিচিতজনদের বাসায় থেকেছেন তিনি। এর মধ্যে ৫এ, ক্রিস্টোফার রোডের একটি ফ্ল্যাটে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করেছিলেন কবি। তৎকালীন ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের (সিআইটি) আবাসন প্রকল্পের ওই ফ্ল্যাটটির আয়তন প্রায় ৭০০ বর্গফুট। এটিই ছিল কলকাতায় কবির সর্বশেষ বাসস্থান। খবর দ্য স্টেটসম্যানের।
সিআইটি পরে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট নামে পরিচিত হয়। ২০১৭ সালে সংস্থাটি কলকাতা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষের (কেএমডিএ) সঙ্গে একীভূত হয়।
মিষ্টি কাজী প্রয়াত কাজী সব্যসাচীর মেয়ে। তিনি জানিয়েছেন, ফ্ল্যাটটি কিনতে পারলে এর একটি কক্ষে কবির ব্যবহৃত জিনিসপত্র ও স্মৃতিচিহ্ন প্রদর্শনের ব্যবস্থা করবেন। সেখানে সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনও করতে চান তিনি। বাকি অংশে নিজে বসবাসের পরিকল্পনা রয়েছে তার।
মিষ্টি কাজী বলেন, ‘আমার দাদা এই সিআইটি রোডের ফ্ল্যাটে থাকতেন। ছোটবেলায় আমরাও সেখানে বড় হয়েছি। তখন কাজী নজরুল ইসলাম কিংবা আমার বাবা কাজী সব্যসাচীর বিশালত্ব পুরোপুরি বুঝতে পারিনি। পরে তা উপলব্ধি করেছি। ভারতে এটাই ছিল আমার দাদার শেষ বাসস্থান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে এখানে এসে তাকে বাংলাদেশে নিয়ে গিয়েছিলেন। সেখানে তার জন্য বড় একটি বাড়ির ব্যবস্থা করা হয়েছিল। তবে এই ফ্ল্যাটটি নিয়ে আমার বাবার একটি স্বপ্ন ছিল। সে কারণেই আমরা এটি কেনার উদ্যোগ নিয়েছি। এখানে প্রতিবছর তার স্মরণে অনুষ্ঠান করতে চাই।’
মিষ্টি কাজীর সঙ্গে ছিলেন ‘অগ্নিবীণা’ সংগঠনের সভাপতি রবিন মুখার্জি। তিনি বলেন, নজরুলের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ এই বাড়িতে থাকাকালেই প্রকাশিত হয়েছিল। সে সময় বাড়িটিতে বহু সাহিত্যিক, শিল্পী ও বিশিষ্টজনের আনাগোনা ছিল। এমন ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন একটি সম্পত্তি কবির পরিবারের কাছে না থাকাটা দুঃখজনক। পরিবারটি এখন ফ্ল্যাটটি কিনে একটি কক্ষে নজরুলের আসবাব ও ব্যক্তিগত সামগ্রী সংরক্ষণ করতে চায়। অন্য অংশে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।











































