স্টাফ রিপোর্টার
সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য ৯জন নারী সাংবাদিককে ল্যাপটপ দিয়েছে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)।
রবিবার (০১ ফেব্রুয়ারি) সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবির বালু মিলনাতয়নে কানাডার একটি দাতা সংস্থার অর্থায়নে আর্টিকেল নাইনের সহযোগিতায় এ ল্যাপটপ প্রদান করা হয়।
বিজেপিসির সভাপতি কৌশিক দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। বক্তব্য দেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোস্তফা জামাল পপলু, ইন্ডিপেন্ডেন্ট টিভির অ্যাসাইনমেন্ট এডিটর মাহমুদা আক্তার মৌমিতা, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো.হেদায়েৎ হোসেন মোল্লা, একুশে টেলিভিশনের বিভাগীয় প্রধান আশরাফুল ইসলাম নূর, যুগান্তরের খুলনা বিভাগীয় প্রধান আহমেদ মুছা রঞ্জু, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, নুর হোসেন জনি, মোহাম্মদ মিলন, মোসলেহ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে খুলনা, ঢাকা, গোপালগঞ্জ ও বাগেরহাটে কর্মরত ৯ জন নারী সাংবাদিককে কানাডার দাতা সংস্থা প্রদত্ত ল্যাপটপ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশী নারী। অন্যান্য পেশার থেকে সাংবাদিকতায় নারীর অংশগ্রহণ তুলনামূলক কম। তরা পিছিয়ে থাকলেও সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই সাংবাদিকতায় নারীদের ভূমিকা আরো উজ্জ্বল ও অংশগ্রহণ বাড়াতে হবে। আমাদের নারীরা ঘরে-বাইরে সর্বত্র তাদের সক্ষমতার স্বাক্ষর রেখে চলছেন। কোন প্রতিবন্ধকতা তাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা তাদের আরো উচ্চ আসনে দেখতে চাই।











































