ঢাকা অফিস।।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। এ সময় হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। গতকাল জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেখানে শিক্ষার্থী-জনতার ঢল নামে। বিক্ষোভ কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়- হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
শাহবাগ অবরোধের কারণে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মানুষ বিকল্প রুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছায়।
ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে আসছে ইনকিলাব মঞ্চ। এরই অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করা হয়। বিক্ষোভকারীরা ওসমান হাদি হত্যার বিচার চেয়ে ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচি চলাকালে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ‘সুশীলতা অনেক হয়েছে। সুশীলতার কারণে ওসমান হাদির রক্ত এই জমিনে ঝরেছে। আমাদের আর পেছনে যাওয়া চলবে না। আমাদের এই রাজপথ শহীদের রক্তের বদলা নেওয়ার জন্য।
তিনি আরও বলেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না। এ অবরোধ চলছে, এ অবরোধ চলবে।’
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে জানানো হয়েছে, এদিন হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকে ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর ও চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বক্তারা হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন।










































