ঢাকা অফিস।।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং তারেক রহমানের সপরিবার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গতকাল ঢাকাসহ দেশের মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির উদ্যোগে জুমার নামাজ শেষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকাসহ সারা দেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ জনগণকে এই দোয়ায় অংশ নিতে এর আগে অনুরোধ জানায় বিএনপি।
বৃহস্পতিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক নির্দেশনায় নেতা-কর্মীদের এই দোয়ার আহ্বান জানানো হয়। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারেক রহমান। এরপর তিনি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় স্মৃতিসৌধে।










































