স্পোর্টস রিপোর্টার
প্রথমবার বিশ্বকাপ খেলতে গিয়ে প্রত্যাশার চেয়েও ভালো খেলছে বাংলাদেশ। ভিন্ন ছবি এঁকেছেন আমিরুলরা। ভারতে আয়োজিত অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে ফ্রান্স-অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছেন। এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়া ও ওমানকে তো হেসে-খেলে হারিয়েছেন তারা। গতকাল মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে ১৭তম স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারায় বাংলাদেশ। এতে আসরের চ্যালেঞ্জার্স ট্রফি ওঠে সামিন-আমিরুলদের হাতে। এই ম্যাচেও হ্যাটট্রিক করেছেন আমিরুল ইসলাম। আসরে ছয় ম্যাচে এটি তার পঞ্চম হ্যাটট্রিক। টুর্নামেন্টে এখন আমিরুলের গোল সংখ্যা সর্বোচ্চ ১৮। গতকালের ম্যাচে একটি করে গোল করেছেন হজিফা হোসেন ও রাকিবুল হাসান।
মাত্র চার মাসের প্রস্তুতিতে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ যে ট্রফি নিয়ে ফিরবে, এমন ভাবাটাও বাড়াবাড়ি। প্রথমবারের মতো হকির যেকোনো পর্যায়ে বিশ্বকাপ খেলাই ছিল বাংলাদেশের কাছে বড় কিছু। সেখানে নিজেদের শুধু অংশগ্রহণেই সীমাবদ্ধ রাখেনি বাংলাদেশ। ছিল লড়াকু মানসিকতা, সেটিই এনে দিয়েছে সাফল্য। প্রিলিমিনারি রাউন্ড বা গ্রুপপর্বে বাংলাদেশ পেয়েছিল একবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও গতবারের রানার্সআপ ফ্রান্সকে। দুই দলের কাছে হারলেও লড়াকু নৈপুণ্য দেখায় বাংলাদেশ। গ্রুপে তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচ শেষ করে ৩-৩ গোলের দারুণ ড্রয়ে। পরে সেই কোরিয়ানদের স্থান নির্ধারণী ম্যাচে হারায় ৫-৩ গোলে। এর আগে ওমানকে ভাসায় গোলবন্যায়। হকিতে এশিয়ার উঠতি শক্তি ওমানকে হারায় ১৩-০ গোলে। ১৭তম স্থান নির্ধারণী ম্যাচে আইএইচএফ র্যাঙ্কিংয়ে ২০তম স্থানে থাকা অস্ট্রিয়াকে হারিয়ে বাংলাদেশ কুড়ায় আসরের চ্যালেঞ্জার্স ট্রফি। যদিও এই ম্যাচে জিততে ঘাম ঝরাতে হয়েছে আমিরুলদের। এক পর্যায়ে ম্যাচে ৫-১ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে চতুর্থ কোয়ার্টারে তিন গোল করে ম্যাচ জমিয়ে তোলে অস্ট্রিয়া। শেষ পর্যন্ত বিজয়ের হাসি হেসেছে বাংলাদেশই।
অনূর্ধ্ব-২১ দলের এমন পারফরম্যান্স দেশের হকির পালে নতুন হাওয়া এনে দিয়েছে। সাবেকরাও দেখতে পাচ্ছেন সম্ভাবনার জোয়ার। জাতীয় দলের সাবেক অধিনায়ক রফিকুল ইসলাম কামাল বলেন, ‘বাংলাদেশ দলের এমন পারফরম্যান্স মনে হয় না কেউ প্রত্যাশা করেছে। গ্রুপে যে ধরনের শক্তিশালী দল পড়েছে, একটু সহজ গ্রুপে পড়লে হয়তো কোয়ার্টার ফাইনালে আমরা চলে যেতে পারতাম।’ ৬ ম্যাচে ৫ হ্যাটট্রিকসহ ১৮ গোল করে আলো ছড়িয়েছেন পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আমিরুল ইসলাম। তাকে নিয়ে সাবেক অধিনায়ক মাহমুদুর রহমান চয়ন বলেন, ‘পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ হওয়ার প্রথাটা আমি শুরু করেছিলাম। এখন আশরাফুল-সবুজ আছে। আমিরুল আসায় প্রতিদ্বন্দ্বিতা বেড়ে গেল। আমার মনে হয় ও অনেক দূর যাবে।’ যুবারা সবাইকে চমকে দিয়েছেন জানিয়ে সাবেক ফরোয়ার্ড রফিকুল ইসলাম কামাল বলেন, ‘অবিশ্বাস্য ও অপ্রত্যাশিত পারফরম্যান্স করেছে যুবারা।
এককথায় চমকে দিয়েছে তারা। বাংলাদেশের বিপক্ষে সহজে জিতে যাবে- এখন এই ভাবনা আর ভাবতে পারছে না প্রতিপক্ষ দল। সমীহ করছে সবাই।’ পাঁচ হ্যাটট্রিকসহ ১৮ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা এখন আমিরুল ইসলাম। পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ হয়ে ওঠা এই তরুণকে নিয়ে অত্যন্ত আশাবাদী কামাল বলেন, ‘আগামী দিনের হকি তারকা হওয়ার সব গুণ আছে ওর মধ্যে। ঠাণ্ডা মাথার খেলোয়াড়। এক আসরে ১৮ গোল করা তো সহজ নয়। বিশ্ব হকির সবাই ওকে এখন চেনে।’
আমিরুলদের এমন পারফরম্যান্সের পরও ভবিষ্যৎ নিয়ে আছে অনিশ্চয়তা। অবশ্য দেশের হকির চিত্রটা এমনই, মাঝেমধ্যে আলোড়ন তুলে লম্বা সময়ের জন্য ঝিমিয়ে পড়ে। আন্তর্জাতিক ম্যাচ তো দূরের কথা, ঘরোয়া লীগও হচ্ছে না নিয়মিত। আমিরুল-রকিদের উন্নতির রাস্তায় বাধা তাই প্রতিনিয়ত। চয়ন বলেন, ‘আমরা যখন খেলেছি, সে সময় এ রকম বেশ কয়েকটা রেজাল্ট করেছি, যেটা আলোড়ন সৃষ্টি করেছিল। কিন্তু হকি ওই আগের জায়গায় থেকে গেছে। এই দলকে সুযোগ-সুবিধা দিলে মনে হয়, ভালো একটা সম্ভাবনা আছে। কিন্তু ওই যে, টুর্নামেন্ট খেলে আসার পরে যেন আবার সবাই হারিয়ে না যায়।’











































