স্টাফ রিপোর্টার
বার্ষিক পরীক্ষা চলাকালে সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের আকষ্মিক কর্মরিবতিকে বিপাকে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। সোমাবার এ কর্মসূচির কারণে মহানগরীর কোন সরকারি স্কুলেই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ফলে অনেক অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে স্কুলে এসে ফিরে গেছেন।
তারা বলেছেন, বছরের শেষ সময়ে পরীক্ষা চলাকালীন এমন ঘটনা কোমলমতি শিক্ষার্থীদের জন্য মানসিক চাপ সৃষ্টি করবে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের উদ্যোগ নিতে হবে।
খোঁজ নিয়ে জানাগেছে, সহকারী শিক্ষক পদটিকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করাসহ চার দফা দাবিতে খুলনাসহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। এ কারণে বিদ্যালয়গুলোতে সোমবার থেকে পরীক্ষা বন্ধ আছে। নগরীসহ জেলায় খুলনা জিলা স্কুল, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, ইকবালনগর বালিকা বিদ্যালয়, সরকারি মডেল হাই স্কুল, সরকারি দৌলতপুর মহসিন মাধ্যমিক বিদ্যালয়, দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সালাউদ্দিন ইউসুফ সরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ জেলায় ২০টির মতো সরকারি মাধ্যমিক রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে গত ২০ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়। কিন্তু আকষ্মিকভাবে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। কিন্তু এ কর্মসূচি সম্পর্কে অনেক শিক্ষার্থী আগে থেকে জানতে না পারায় বিদ্যালয়ে গিয়ে হতাশ হয়ে ফিরতে হয়েছে।
সন্তানকে খুলনা জিলা স্কুলে পরীক্ষা দিতে আসা একাধিক অভিভাবক জানান, বছরের শেষ সময়ে জিম্মি করে এ ধরণের কর্মসূচি শিক্ষার্থীদের প্রস্তুতিতে বিরূপ প্রভাব ফেলবে। পরীক্ষা দিতে এসে পরীক্ষা দিতে না পারায় তারা মানসিক চাপে পড়বে। শিক্ষকরা ভিন্নভাবেও কর্মসূচি দিতে পারতেন।
সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীরা না থাকলেও বিদ্যালয়টির নোটিশ বোর্ডে পরীক্ষা স্থগিতের বিষয়ে তথ্য দেওয়া হয়। নোটিশে বলা হয়, অনিবার্য কারণবশত পয়লা ডিসেম্বরের বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা স্থগিত থাকবে। পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। এছাড়া জিলা স্কুলের অফিসিয়াল ফেসবুকেও রবিবার রাতে পরীক্ষা বন্ধের নোটিশ দেওয়া হয়।
আন্দোলনরত শিক্ষকরা জানান, সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এর গেজেট প্রকাশ; বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা; সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া; ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের ২-৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন-সুবিধা বহাল করে গেজেট প্রকাশের চারটি দাবিতে তারা আন্দোলন করছেন। তাদের দাবি পূরণ হলে প্রয়োজনে ছুটির দিনে পরীক্ষা নিয়ে যথা সময়ে ফল প্রকাশ করবেন।











































