ক্রীড়া প্রতিবেদক
টেস্ট সিরিজ শেষ হয়েছে। দেশের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ দল। এবার আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টির লড়াই। চট্টগ্রামে আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রথম ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড সিরিজ। পরের দুটি ম্যাচ ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। তিন ম্যাচই হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।
টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে গতকাল প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশের স্কোয়াডে একমাত্র নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন। দেশের হয়ে একটি টেস্ট ও তিন ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও টি-টোয়েন্টিতে এখনও অভিষেক হয়নি ২৬ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটারের। মাহিদুলের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো না। তিনি এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলছেন। সেখানে ফাইনালের আগে তিন ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ২৭*, ৮ ও ১ রান। তবে সর্বশেষ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে ১২ ইনিংসে ১৭৪.৫৮ স্ট্রাইকরেটে ৩১৬ রান করেছিলেন।
মাহিদুলকে দলে নেওয়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক গাজী আশরাফ বলেছেন, ‘৪-৫ নম্বর পজিশনে খেলার মতো ব্যাটারের ঘাটতি আছে। বিশ্বকাপের আগে যারা বিকল্প হতে পারে তাদের সুযোগ দিতেই তাকে দলে নেওয়া হয়েছে।’ এ ছাড়া সর্বশেষ সিরিজে দলের সঙ্গে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি মোহাম্মদ সাইফউদ্দিন। এবার ফিরলেন তিনি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে আয়ারল্যান্ড সিরিজের দলে পরিবর্তন এসেছে দুটি প্রথম দুই ম্যাচের দলে নেই তাসকিন আহমেদ ও শামীম হোসেন। তাঁদের জায়গায় ডাক পেয়েছেন সাইফউদ্দিন ও মাহিদুল ইসলাম।
প্রসঙ্গত, তাসকিন বর্তমানে আবু টি-টেনে নর্দান ওয়ারিয়র্সের হয়ে খেলছেন। বিসিবি তার এনওসির মেয়াদ বাড়িয়েছে। টুর্নামেন্ট শেষ করে তিনি ফিরবেন। আর অফফর্মের কারণে বাদ পড়েছেন শামীম।
স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, মাহিদুল ইসলাম, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও সাইফউদ্দিন।











































