Home খেলাধুলা ১৬ বছরেই না ফেরার দেশে ফুটবল দলের অধিনায়ক

১৬ বছরেই না ফেরার দেশে ফুটবল দলের অধিনায়ক

7


স্পোর্টস ডেস্ক।।

প্রাণবন্ত হাসি, খেলাধুলার মাঠে দৌড়ঝাঁপ আর স্বপ্নভরা চোখ—এক নিমিষেই যেন সবকিছু থেমে গেল। মাত্র ষোলো বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন মেহেরপুর জেলা নারী ফুটবল দলের অধিনায়ক ও মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুস্মিতা।


সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার একটি হাসপাতালে মারা যান সুস্মিতা। প্রায় এক মাস আগে ভুলবশত অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার পর থেকেই শুরু হয় তার অসুস্থতা। এরপর যশোর ও ঢাকায় দীর্ঘ চিকিৎসা চললেও সুস্থ হয়ে আর মাঠে নামা হয়নি সম্ভাবনাময়ী এই ফুটবলারের।

চিকিৎসকদের মতে, ঘুমের ওষুধের প্রভাবে সুস্মিতার কিডনিতে জটিলতা তৈরি হয়। আর সেই জটিলতার সঙ্গেই শেষ লড়াইটা হেরে গেলেন এই কিশোরী ক্রীড়াবিদ।

ফুটবলে সুস্মিতার নেতৃত্বগুণ আর খেলায় দক্ষতা তাকে মেহেরপুর জেলা নারী ফুটবল দলের অধিনায়ক হিসেবে পরিচিতি এনে দেয়। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সবার চোখের মণি সুস্মিতা আজ নেই। হরিরামপুর গ্রামজুড়ে নেমে এসেছে শোকের আবহ।



মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নাতনি সুস্মিতা। ৯ বছর বয়সে বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে তিনি নানাবাড়িতেই বড় হচ্ছিলেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিটি ক্ষেত্রেই তার ছিল অসাধারণ প্রতিভার ছাপ।

ক্রিকেট ও ব্যাডমিন্টনে সাফল্য থাকলেও ফুটবলেই তার প্রতিভা সবচেয়ে উজ্জ্বলভাবে বিকশিত হয়। বিদ্যালয় পর্যায়ে ধারাবাহিক জয় এনে দিয়ে তিনি হয়ে ওঠেন জেলার নারী ফুটবল দলের অধিনায়ক। সতীর্থদের কাছে তিনি ছিলেন দৃঢ়চেতা অধিনায়ক, মাঠে নেতৃত্বে কঠোর এবং মাঠের বাইরে প্রাণবন্ত হাসিতে সবার আপনজন।

সুস্মিতার নানা আব্দুস সালাম বলেন, ‘প্রায় এক মাস আগে ভুল করে ঘুমের ওষুধ খেয়েছিল সুস্মিতা। তারপর থেকে আশা করতাম ও ভালো হয়ে ফিরবে। কিন্তু শেষ পর্যন্ত আর ফিরল না।’

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই মঙ্গলবার সকালে তার দাফন সম্পন্ন হয়েছে।