স্পোর্টস ডেস্ক
রিয়াল মাদ্রিদের দ্বিতীয় দল ‘কাস্তিয়া’র খেলোয়াড় হলেও মৌসুমের শুরুতেই মূল দলে দেখা যেতে পারে আর্জেন্টাইন তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে। ওসাসুনার বিপক্ষে লা লিগার উদ্বোধনী ম্যাচে তাকে মাঠে নামানোর ইঙ্গিত দিয়েছেন রিয়ালের কোচ জাবি আলোনসো।
রিভার প্লেট থেকে এই মৌসুমেই স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ১৮ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। অনেকটা ভিনিসিউস জুনিয়র কিংবা আর্দা গুলেরদের মতোই, মাস্তানতুয়োনোর প্রাথমিক গন্তব্যও রিয়ালের ‘কাস্তিয়া’ দল। তবে প্রতিভা ও মানের বিচারে ইতোমধ্যেই মূল দলের নজর কাড়তে শুরু করেছেন তিনি।
আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও অভিষেক হয়ে গেছে মাস্তানতুয়োনোর। রিয়াল কোচ জাবি আলোনসো তার প্রশংসায় বলেন, ‘প্রথমবার ওর সঙ্গে কথা বলার সময় আমি অবাক হয়েছিলাম। তখন তার বয়স মাত্র ১৭, কিন্তু আত্মবিশ্বাস ছিল দারুণ। রিয়াল মাদ্রিদের মতো বড় মঞ্চে আসতে তার মধ্যে কোনো ভয় ছিল না।’
আলোনসো আরও যোগ করেন, ‘তার পরিপক্বতা, মানসিকতা এবং মাঠে অবদান চোখে পড়ার মতো। আগামীকাল কিছু সময়ের জন্য মাঠে নামতে পারে সে। দলে নতুন উদ্দীপনা, গতি ও শক্তি যোগ করবে। সে রক্ষণেও মনোযোগী এবং আক্রমণে বেশ কার্যকর। ফাইনাল পাস দেওয়ার ক্ষেত্রেও তার দক্ষতা রয়েছে।’
লা লিগা শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুয়ে ওসাসুনার বিপক্ষে মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচেই অভিষেক ঘটতে পারে ভবিষ্যতের সম্ভাবনাময় এই তারকার।











































