Home খেলাধুলা নতুন মুখ লোপেসকে নিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা

নতুন মুখ লোপেসকে নিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা

9


স্পোর্টস ডেস্ক

ক্লাব ফুটবলে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার পেলেন হোসে মানুয়েল লোপেস। প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার। প্রায় এক বছর পর ফিরেছেন তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ভালেন্তিন কার্বোনিও।

২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে আগামী মাসে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সোমবার ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

প্রত্যাশিতভাবেই আছেন অধিনায়ক লিওনেল মেসি। তবে দল থেকে বাদ পড়েছেন ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে কিছু পরিচিত মুখ। কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ডের কারণে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া এন্সো ফের্নান্দেস নেই এবারের দলে। আবারও উপেক্ষিত হয়েছেন পাওলো দিবালা।

নতুন মুখ লোপেস বর্তমানে খেলছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন তিনি—৪২ ম্যাচে করেছেন ১৫ গোল, সঙ্গে ৪টি অ্যাসিস্ট।

চোট কাটিয়ে ফিরেছেন ২০ বছর বয়সী কার্বোনি। হাঁটুর জটিল ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা এই মিডফিল্ডার সম্প্রতি ক্লাব বিশ্বকাপে ফিরেছেন এবং জাতীয় দলের জার্সিতে ফেরার সুযোগ পেয়েছেন। এর আগে আর্জেন্টিনার হয়ে তিনটি ম্যাচ খেলেছেন তিনি।

ফেরত আসা অন্য খেলোয়াড়দের মধ্যে আছেন হুলিও সোলার, আলান ভারেলা, ক্লাউদিও এচেভেরি, গনসালো মন্তিয়েল ও মার্কোস আকুনা। তবে জায়গা হয়নি ভালেন্তিন বার্কো ও নিকোলাস দমিনগেসের।

আগামী ৪ সেপ্টেম্বর নিজেদের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ৯ সেপ্টেম্বর স্কালোনির দল খেলবে ইকুয়েডরের মাঠে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনা এখন পর্যন্ত ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে। একুয়েডর ২৫ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে, আর ১৮ পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে আছে ভেনেজুয়েলা।

উল্লেখ্য, এই অঞ্চল থেকে শীর্ষ ছয় দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলবে।

আর্জেন্টিনার প্রাথমিক দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই), ওয়াল্তার বেনিতেস (ক্রিস্টাল প্যালেস)

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা (আতলেতিকো মাদ্রিদ), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), লিওনার্দো বেলার্দি (অলিম্পিক মার্সেই), হুয়ান ফইথ (ভিয়ারেয়াল), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), ফাকুন্দো মেদিনা (অলিম্পিক মার্সেই), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও), গন্সালো মন্তিয়েল (রিভার প্লেট), মার্কোস আকুনা (রিভার প্লেট), হুলিও সোলের (বোর্নমাউথ)

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), রদ্রিগো দে পল (ইন্টার মায়ামি), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), আলান ভারেলা (পোর্তো), আলেক্সিস মাক আলিস্তের (লিভারপুল), জিওভানি লো সেলসো (রেয়াল বেতিস), তিয়াগো আলমাদা (আতলেতিকো মাদ্রিদ), নিকোলাস পাস (কোমো), ভালেন্তিন কার্বোনি (জেনোয়া)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), হুলিয়ান আলভারেস (আতলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), নিকোলাস গনসালেস (জুভেন্টাস), জুলিয়ানো সিমেওনে (আতলেতিকো মাদ্রিদ), আনহেল কোররেয়া (আতলেতিকো মাদ্রিদ), ক্লাউদিও এচেভেরি (ম্যানচেস্টার সিটি), ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো (রিয়াল মাদ্রিদ), হোসে মানুয়েল লোপেস (পালমেইরাস)।