স্পোর্টস ডেস্ক।।
পাকিস্তান শাহিনসের বিপক্ষে হার দিয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে যাত্রা শুরু করলো বাংলাদেশ। এদিন নুরুল হাসান সোহানের দল হেরেছে ৭৯ রানে।
২২৭ রান তাড়া করতে নেমে ৭ ওভারে বাংলাদেশ এ দলের সংগ্রহ ১ উইকেট ৯২। মোহাম্মদ নাঈমের উইকেট হারালেও জিশান আলম ও সাইফ হাসানের ব্যাটে চড়ে ভালো শুরু করে। এদিন সাইফের সঙ্গে ৮৬ রানের জুটিতে সঙ্গ দেওয়া জিশান ১৭ বলের ইনিংসে ৫ চার ও ১ ছক্কায় করে যান ৩৩ রান। তবে এ জুটি ভাঙ্গার পরই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। ৭.১ ওভার থেকে ১৬.৫— মধ্যেই ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ অলআউট হয় ১৪৮ রানে। জিশান ও সাইফ বাদে বাংলাদেশের পরের দিকের ব্যাটসম্যানদের কেউ আর হাল ধরতে পারেননি। আসা-যাওয়ার মধ্যে ছিলেন আফিফ হোসেন (৬), মাহিদুল ইসলাম (৬), মাহফুজুর রহমান (৩), মৃত্যুঞ্জয় চৌধুরীরা (২)। অধিনায়ক নুরুল হাসান কিছুক্ষণ একপ্রান্তে টিকে ছিলেন। কিন্তু সোহানের ইনিংসটাও থামে ১৬ বলে ২২ রানে। শেষ পর্যন্ত ১৬.৫ ওভারে অলআউটই হয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল।
এর আগে পাকিস্তান শাহিনস দুই’শর বেশি রানের সংগ্রহের ভিত করে ওপেনার খাজা নাফি এবং ইয়াসির খানের জুটির ওপর। ১১৮ রানের উদ্বোধনী জুটির পর পাকিস্তানের রান বড় সংগ্রহের দিকে নিয়ে যান তিনে নামা আবদুল সামাদ। ৫ ছক্কা আর ১ চারে ২৭ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি।
বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে একটি করে উইকেট নেন হাসান মাহমুদ, মাহফুজুর রহমান ও স্পিনার রাকিবুল হাসান। বাংলাদেশ পরের ম্যাচ খেলবে আগামীকাল নেপাল জাতীয় দলের বিপক্ষে। সেমিফাইনালের আগে মোট ৬টি ম্যাচ খেলবেন নুরুল হাসান সোহানের দল।











































