স্পোর্টস ডেস্ক
জাতীয় দলে নেই, তাই বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন সাকিব আল হাসান। ২ মৌসুম পর ফিরেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। তবে ফেরার প্রথম ম্যাচটা সুখকর হলো না তার জন্য। নিজে তো ব্যাটে-বলে সাফল্য পাননি, হেরেছে তার দলও।
এবার সাকিব খেলছেন অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনসের। বাংলাদেশ সময় আজ শুক্রবার ভোরে শুরু হওয়া সিপিএলের ত্রয়োদশ আসরের উদ্বোধনী ম্যাচে সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসের কাছে ৬ উইকেটে হেরেছে সাকিবের অ্যান্টিগা।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে আগে ব্যাটিং করে অ্যান্টিগা। যেখানে মাত্র ১৭.১ ওভারে ১২১ রানে গুটিয়ে যায় সাকিবের দল। ব্যাট হাতে দুই অঙ্কের রান স্পর্শ করলেও সাকিবের স্ট্রাইকরেট ছিল দৃষ্টিকটু। ছয় নম্বরে নামা এই বাঁহাতি ১৬ বলে করেন ১১ রান। হাঁকাতে পারেননি কোনো বাউন্ডারি।
অ্যান্টিগা ১২১ রান তোলে মূলত কারিমা গোরের ৩৪ বলে ৬১ রানের ইনিংসে। দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন ফ্যাবিয়ান অ্যালেন। মাত্র ২২ রান খরচায় ৪ উইকেট নেন সেন্ট কিটসের আফগান স্পিনার ওয়াকার সালামখেইল। পরে ম্যাচসেরাও হন তিনি।
১২২ রানের জবাব দিতে নেমে আলিক আথানেজ (৩৭), এভিন লুইস (২৫), আন্দ্রে ফ্লেচার (১৯) ও জেসন হোল্ডারদের (১৮) সম্মিলিত প্রচেষ্টায় ৫ ওভার বাকি থাকতেই ৬ উইকেটের জয় পায় সেন্ট কিটস। ১ ওভার বল করে ৬ রান দিয়ে উইকেটশূন্য থাকেন সাকিব। অ্যান্টিগার পরের ম্যাচ বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর ৫টায়, বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে।











































