Home খেলাধুলা শ্রীলঙ্কা সফরের চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত চলবে অনুশীলন

শ্রীলঙ্কা সফরের চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত চলবে অনুশীলন

17

ক্রীড়া প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর বিসিবি আল্টিমেটাম দিয়েছে। ৯ দিন পরও তার কোন জবাব আসেনি। শোনা যাচ্ছে লঙ্কান বোর্ড অভ্যন্তরীন সভা করছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে; কিন্তু শেষ কথা হলো বিসিবিকে এখন পর্যন্ত কোন কিছুই আনুষ্ঠানিকভাবে জানায়নি লঙ্কান বোর্ড।
এদিকে শ্রীলঙ্কা সফর সামনে রেখে চলছে জাতীয় দলের অনুশীলন। বোর্ড থেকে এটাকে আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি বলা হচ্ছে না। তাই ২৭ জনের ট্রেনিং ক্যাম্পের নামকরণ করা হয়েছে ‘স্কিল ক্যাম্প।’ এখন প্রশ্ন উঠেছে, সফর তো অনিশ্চিত, এ অবস্থায় ২৭ ক্রিকেটার ও ৪/৫ জন ভিনদেশি কোচ এবং সাপোর্টিং স্টাফকে হোটেল সোনারগাঁ, প্যান প্যাসিফিক হোটেলে রেখে জাতীয় দলের এই অনুশীলন চালানো হবে আর কতদিন? ট্যুর বাতিলের ঘোষণা আসলেও কি এ অনুশীলণ চলবে? আর ঘোষণা না আসা পর্যন্তও কি ট্রেনিং চলবে?
এসব কৌতুহলি প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিবি সিইও। তার কথায় পরিষ্কার। শ্রীলঙ্কা সফর নিয়ে চূড়ান্ত ঘোষণা আসার আগ পর্যন্ত অনুশীলন চলবে এবং সিরিজ না হলে কি করা হবে? সে পরিকল্পনাও আছে। আর তাই মুখে এমন কথা, ‘দেখুন! আমাদের অভ্যন্তরীন কিছু প্ল্যান তো অবশ্যই আছে। এই সিরিজ যদি কন্টিনিউ না করি সে ক্ষেত্রে আমাদের অন্য প্ল্যান আছে। প্লেয়ারদের অনুশীলনটা আমরা কন্টিনিউ রাখবো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত। আমাদের অনুশীলন বা অন্যান্য যে বিষয়গুলো যেভাবে চলছে সেগুলো কন্টিনিউ করবো। এরপর সিরিজ সংক্রান্ত কোন সিদ্ধান্ত চূড়ান্ত হলে কোন প্ল্যানে পরিবর্তন আসলে আসবো।’
এদিকে সিইও আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেটা ঘরোয়া ক্রিকেট নিয়ে। তার আজকের শেষ কথা, ‘যদি সিরিজ আয়োজন হয়, এরপরও আমাদের প্ল্যান আছে ঘরোয়া লিগ নিয়ে।’

শ্বাসরুদ্ধকর ম্যাচে পারলো না ধোনির চেন্নাই

ক্রীড়া প্রতিবেদক

লক্ষ্যটা ছিল এভারেস্টের চূড়ার সমান। যে কারণে ফ্যাফ ডু প্লেসি আর মহেন্দ্র সিং ধোনির দুর্দান্ত লড়াই সত্ত্বেও জিততে পারলো না চেন্নাই সুপার কিংস। ৬ উইকেটে ২০০ রান করার পরও রাজস্থান রয়্যালসের কাছে হেরে গেলো ১৬ রানে।
আবুধাবি আর দুবাইয়ের চেয়ে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম যে রান প্রসবিনী, সেটা এই মাঠের প্রথম ম্যাচেই বোঝা গেলো। আগের তিন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আবু ধাবি এবং দুবাইতে। ওই দুই স্টেডিয়ামে ১৬০ ওপর রান নিয়ে যাওয়াটাই যেন ছিল বিশাল এক চ্যালেঞ্জের। অথচ, আজ শারজায় দুই দলের স্কোর হলো মোট ৪১৬ রানের (২১৬ + ২০০)। হাই স্কোরিং ম্যাচ দর্শক আনন্দও দেয় বেশ ভালো। আইপিএলের চতুর্থ ম্যাচে এসে যেন দর্শকরা প্রকৃত আনন্দ খুঁজে পেয়েছে। পুরো ম্যাচে যে হলো মোট ৩৩ বার বলকে সীমানার ওপর দিয়ে বাইরে পাঠিয়েছিল দুই দলের ব্যাটসম্যানরা! রাজস্থান মেরেছে মোট ১৭টি ছক্কা এবং চেন্নাই মেরেছে মোট ১৬টি ছক্কার মার। এর মধ্যে একাই ৯টি ছক্কা মেরেছিলেন রাজস্থানের ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন।
জয়ের জন্য ২১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুরালি বিজয় আর শেন ওয়াটসনের ব্যাটে শুরুটা বেশ ভালোই করেছিল চেন্নাই সুপার কিংস। ২১ বলে ২১ রান করে মুরালি আউট হলেও শেন ওয়াটসন করেন ২১ বলে ৩৩ রান। এরপরই মূলত ফ্যাফ ডু প্লেসির তা-ব শুরু হয়। ৩৭ বলে তিনি খেলেন ৭২ রান। ১টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ৭টি। ডু প্লেসি আউট হন চেন্নাইর শেষ ব্যাটসম্যান হিসেবে। তিনি আউট হওয়ার সময় চেন্নাইর রান প্রয়োজন ছিল ৭ বলে ৩৮। মহেন্দ্র সিং ধোনি অপরাজিত থেকে চেষ্টা করেন সেই রান তোলার। কিন্তু তিনি নিতে পেরেছেন কেবল ২১। যার ফলে ১৬ রানে হারতে হলো তাদেরকে। ১৭ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন ধোনি। ছক্কার মার মারেন ৩টি। ১৬ বলে ২২ রান করেন কেদার যাদব। ৬ বলে ১৭ রান করে আউট হন স্যাম কুরান। রাজস্থানের হয়ে রাহুল তেওয়াতিয়া নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন জোফরা আর্চার, স্রেয়াশ গোপাল এবং টম কুরান। টম কুরান ৪ ওভারে একাই দেন ৫৪ রান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২১৬ রান করে রাজস্থান রয়্যালস। সাঞ্জু স্যামসন করেন ৭৪ রান। ৬৯ রান করে আউট হন স্টিভেন স্মিথ। শেষ মুহূর্তে ৮ বলে ২৭ রান করে রাজস্থানের স্কোরকে বিশালকারে রূপ দেন জোফরা আর্চার। টানা চার বলে চারটি ছক্কা মারেন তিনি। মূলতঃ আর্চারের ওই ইনিংসই ব্যবধান গড়ে দিল দুই দলের মধ্যে।

আচরণবিধি মানতে নির্বাচন কমিশনের কঠোর নির্দেশনা

ক্রীড়া প্রতিবেদক

আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন সামনে রেখে চলছে দুই পক্ষের তুমুল প্রচার-প্রচারণা। কাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ এবং শেখ মোহাম্মদ আসলামের নেতৃত্বাধীন সমন্বিত পরিষদ ভোটারদের মন জয় করার চেষ্টা করছে।
কাজী মো. সালাউদ্দিন বিরোধীরা ইতিমধ্যেই দেশের কয়েকটি বিভাগে গিয়ে প্রচারণা চালিয়েছেন। তবে ইশতেহার ঘোষণার পর থেকে সম্মিলিত পরিষদ ঢাকাতেই তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে মঙ্গলবার কাবের ভোটারদের সঙ্গে বসেছিলেন কাজী সালাউদ্দিন-সালাম মুর্শেদীরা। বুধবার বসেছিলেন জেলার ভোটারদের সঙ্গে।
শেখ মোহাম্মদ আসলাম তার প্যানেলের সবাইকে নিয়ে আলোচনা করেছেন। গতকাল বুধবার সম্মিলিত পরিষদের প্যানেল পরিচিতি ও ইশতেহার ঘোষণার কথা থাকলেও তা হয়নি। এই পরিষদের নেতা সিনিয়র সহসভাপতি প্রার্থী শেখ মোহাম্মদ আসলাম জানিয়েছেন, তারা ১ অক্টোবর প্যানেল পরিচিতি ও নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠান করবেন।
এদিকে ভোট সামনে রেখে দুই পক্ষের মধ্যে কিছুটা কাদা ছোঁড়াছুড়ি শুরু হওয়ায় নির্বাচন কমিশন আচারণবিধি মানতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রার্থীদের। প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার মেজবাহ উদ্দীন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাফুফে নির্বাচন বিধিমালার ৭(৭) ধারা অনুযায়ী নির্বাচনী প্রচারণা সংক্রান্ত বিধিসমূহ লঙ্ঘন করলে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শুরু হচ্ছে যুবাদের ‘বিশ্বকাপ ধরে রাখার মিশন’

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) গত ২৩ আগস্ট থেকে শুরু হয়েছিল আবাসিক ক্যাম্প। ১৮ সেপ্টেম্বর শেষ হয়েছে ক্যাম্পের কার্যক্রম। এরপর ৪৭ জন ক্রিকেটার নিয়ে প্রাথমিক অনূর্ধ্ব-১৯ দল গঠন করা হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে যুবা টাইগারদের বিশ্বকাপ মিশনের প্রাথমিক যাত্রা। যেটা এর আগে কখনো দেখা যায়নি। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন বিষয়টাই দেশের ক্রিকেটে নতুন এক অভিজ্ঞতা।
গতকাল বুধবার জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মো. কাওসার। ইতিমধ্যে ঢাকায় এসে কোয়োরেন্টিনে আছেন অনূর্ধ্ব-১৯ দলের লঙ্কান কোচ নাভিদ নেওয়াজ এবং ইংলিশ প্রধান ট্রেনার রিচার্ড স্টয়নার। কায়সার বলেন, ‘প্রাথমিকভাবে ক্রিকেটারদের নিয়ে স্কিল ট্রেনিং ক্যাম্প শুরু করবো। এটাকে বিশ্বকাপ প্রস্তুতি বলবো না তবে বিশ্বকাপের প্রাথমিক যাত্রা বলা যায়। এই স্কোয়াডটা কত সদস্যের হয়েছে সেটা আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেব। তাদের নিয়েই আমরা তিন থেকে চার সপ্তাহের একটি স্কিল ট্রেনিং ক্যাম্প করবো। আরো কিছু সিদ্ধান্ত নেওয়ার বাকি আছে। আশা করি ১ অক্টোবর থেকে শুরু করতে পারব। হেড কোচ নাভিদ নেওয়াজ এসেছেন ১৭ সেপ্টেম্বর। আর ট্রেনার স্টয়নার ২২ তারিখ রাতে। ওরা কঠোর কোয়ারেন্টিনে আছে। ’

করোনা পজিটিভ ক্রিকেটার রাহী

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাস কখন কার শরীরে বাসা বাধবে তার কোনো নিশ্চয়তা নেই। বায়ো বাবল সুরক্ষা নিশ্চিত করার পরও কোনো না কোনো ছিদ্র খুঁজে বের করবেই। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের রাখা হয়েছে খুব সতর্কতার সঙ্গে। তবুও করোনা হানা থেকে বাঁচতে পারছেন না কেউ কেউ।
সর্বশেষ টেস্টে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে জাতীয় দলের পেসার আবু জায়েদ রাহীর। ২২ সেপ্টেম্বর করা করোনা টেস্টের রিপোর্ট হাতে এসেছে গতকাল। তাতেই দেখা যাচ্ছে, করোনা পজিটিভ আবু জায়েদ রাহী। গত ১৮ সেপ্টেম্বর হওয়া করোনা টেস্টে সবাই নেগেটিভ হয়েছিলেন। তবে দুজন ছিলেন বর্ডার লাইনে (বর্ডার নেগেটিভ)। ফলে ১৬ জন অনুশীলনও করলেও বাকি ১১ জনকে দুরে রাখা হয়েছিল।

অক্টোবরে পাকিস্তান সফর করবে জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে পাকিস্তান সফরের জন্য সরকারের কাছ থেকে অনুমতি পেল জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামী অক্টোবর-নভেম্বরে পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে।
পাকিস্তান সফরে জিম্বাবুয়ের যাওয়ার নিশ্চয়তা আসার পরই, সূচি নির্ধারণ করে দুই দেশের ক্রিকেট বোর্ড। ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত। ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ। টি-২০ সিরিজ হবে ৭ থেকে ১০ নভেম্বর। মুলতানে ওয়ানডে সিরিজ হতে পারে। সেটি হলে ২০০৮ সালের পর এই ভেন্যুতে প্রথমবার হবে ওয়ানডে ম্যাচ।

বার্সেলোনা ছেড়ে ইংল্যান্ডে সেমেদো

ক্রীড়া প্রতিবেদক

পালাবদলের হাওয়ায় বার্সেলোনার বাগান থেকে ঝরে পড়লো আরেকটি ফুল। ন্যু ক্যাম্প ছাড়লেন এবার ফুলব্যাক নেলসন সেমেদো। কাতালুনিয়ার রাজধানী ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমালেন ২৬ বছর বয়সী পর্তুগিজ। তার নতুন ঠিকানা প্রিমিয়ার লিগের দল উলভারহ্যাম্পটন।
গতকাল বুধবার তার দলবদলের খবর নিশ্চিত করেছে বার্সেলোনা। কাতালান কাবটি জানিয়েছে, তিন বছরের চুক্তিতে প্রাথমিকভাবে উলভসকে দিতে হচ্ছে ৩০ মিলিয়ন ইউরো (২৭.৬১ মিলিয়ন পাউন্ড), আনুষঙ্গিক আরও ১০ মিলিয়্ন যোগ করা হয়েছে চুক্তিতে। চুক্তির শর্তে থাকা বোনাস দিতে হলে উলভসের খরচ পড়বে ৩৭ মিলিয়ন পাউন্ড। তাতে সেমেদো হবেন ইংলিশ কাবটির সবচেয়ে দামি খেলোয়াড়।

ফ্রেঞ্চ ওপেনেও নেই আন্দ্রিসকিউ

ক্রীড়া প্রতিবেদক

দর্শক রেখে ফ্রেঞ্চ ওপেন শুরুর পরিকল্পনা থাকলেও কোর্টের আসল তারকাদেরই পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। বিশেষ করে মেয়েদের এককে। একে একে নাম প্রত্যাহার করে নিচ্ছেন তারকা খেলোয়াড়রা। কেউ করোনার কারণে তো কেউ চোটের কারণে। এবার ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিয়ানকা আন্দ্রিসকিউ। বাকি মৌসুমেও দেখা যাবে না তাকে।
আন্দ্রিসকিউ মূলত নিজেকে পুরোপুরি ফিট করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৯ সালে ইউএস ওপেন জেতার পর গত অক্টোবরে চোট আক্রান্ত হন ডাব্লিউটিএ ফাইনালসে। এর পর আর কোর্টেই নামতে পারেননি। এখন হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে ও অনুশীলনের দিকে মনোযোগ দেওয়াই তার লক্ষ্য। ফ্যাশিং মিডোয় ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জেতার পর আন্দ্রিসকিউ এই বছরে অস্ট্রেলিয়ান ওপেনেও খেলতে পারেননি। এমনকি নাম প্রত্যাহার করে নেন এই বছরের ইউএস ওপেন থেকেও।

অশ্রু ভেজা চোখে বার্সা ছাড়লেন সুয়ারেস

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে প্রিয় কাব বার্সেলোনা ছেড়েছেন লুইস সুয়ারেস। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই হয়তো এই তারকা ফরোয়ার্ডের সঙ্গে অ্যাতলেটিকো মাদ্রিদের নতুন চুক্তির খবর পাওয়া যাবে।
গতকাল বুধবার কাতালান জায়ান্টদের অনুশীলন কমপ্লেক্সে গিয়েছিলেন সুয়ারেস। আর সেখান থেকেই সতীর্থ ও কর্মকর্তাদের কাছে বিদায় নেন এই উরুগুয়ের আক্রমণভাগের ফুটবলার। তবে চলে যাওয়ার সময় এক আবেঘন পরিবেশ তৈরি হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যাওয়ার সময় সুয়ারেস তার চোখের পানি ধরে রাখতে পারেননি। এর আগে সুয়ারেস-বার্সা বিচ্ছেদ নাটকে নতুন মোড় নেয়। আগের অবস্থান থেকে এবার ১৮০ ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছেন বার্সা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তোমেউ। ফলে বিনা ট্রান্সফার ফি’তেই অ্যাতলেটিকো মাদ্রিদে যেতে উরুগুইয়ান স্ট্রাইকারের আর কোনো বাধা রইলো না।

করোনা আক্রান্ত রিয়াল মাদ্রিদের ওডেগার্ড

ক্রীড়া প্রতিবেদক

রিয়াল মাদ্রিদ শিবিরে আবারও করোনার হানা। এবার কোভিড-১৯ এ পজিটিভ হয়েছেন দলের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। পিসিআর টেস্টে তার আক্রান্ত হওয়ার খবরটি পাওয়া যায়।
নরওজিয়ান এই তারকাকে এখন ১০ দিনের কোয়ারেন্টিনে কাটাতে হবে। এরপর ফের একবার টেস্ট করে নেগেটিভ হলে তবেই তিনি দলে ফিরতে পারবেন। রিয়ালের লিগের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলার পরই ওদেগার্ডের করোনা পজিটিভ আসে। প্রতিপক্ষের এই কাবের হয়েই তিনি ২০১৯-২০ মৌসুমে ধারে খেলেছিলেন। এর আগে রিয়ালের স্ট্রাইকার মারিয়ানো দিয়াজ কোভিড পজিটিভ হয়েছিলেন। আর ওডেগার্ড পজিটিভ হওয়ায় বর্তমানে রিয়ালের কোভিড পজিটিভ খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াল দুইয়ে।

আক্রমণভাগে রোনালদোর নতুন সঙ্গী মোরাতা

ক্রীড়া প্রতিবেদক

অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে আলভারো মোরাতাকে ধারে দলে ভিড়িয়েছে জুভেন্টাস। ফলে ‘তুরিনের বুড়ি’দের আক্রমণভাগে এই স্প্যানিশ স্ট্রাইকার হতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন সঙ্গী।
এর আগে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত জুভেন্টাসে খেলে গেছেন মোরাতা। সেসময় তার সতীর্থ ছিলেন দলটির বর্তমান কোচ আন্দ্রে পিরলো। মূলত সেই পুরনো সম্পর্কের কারণেই মোরাতাকে আনতে ব্যক্তিগতভাবে উদ্যোগ দেন ইতালিয়ান কোচ। তবে মোরাতার মাদ্রিদ ছাড়ার কারণ অবশ্য শুধু পিরলো একাই নন। অ্যাতলেটিকোয় কোচ দিয়েগো সিমিওনের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল মোরাতার। এর জের ধরেই ওয়ান্দা মেত্রোপলিতানো ছাড়তে চেয়েছিলেন তিনি। এরইমধ্যে পুরনো সতীর্থ পিরলোর ডাক আসায় আর দেরি করেননি স্প্যানিশ তারকা।

ম্যানচেস্টার ইউনাইটেডের দাপুটে জয়

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়নশিপের দল লুটন টাউনের বিপক্ষে দাপুটে জয়ে কারাবো কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বদলি হিসেবে নামা ম্যাসন গ্রিনউডের এক গোল ও এক অ্যাসিস্টে রেড ডেভিলরা জিতেছে ৩-০ ব্যবধানে।
৪৪তম মিনিটে হুয়ান মাতার পেনাল্টি থেকে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ওলে গানার সুলশারের দল। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য চেষ্টা চালাতে থাকে লুটন। টম লোকির শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দিয়ে ইউনাইটেডের জাল অক্ষত রাখেন রেড ডেভিলদের জার্সিতে অভিষেক ম্যাচ খেলতে নামা গোলরক্ষক ডিন হ্যান্ডারসন। এরপর ৮৮তম মিনিটে গ্রিনউডের পাস থেকে দলের দ্বিতীয় গোলটি করেন মার্কাস রাশফোর্ড। নির্ধারিত যোগ করা প্রথম মিনিটে লুটনের জালে শেষ বলটি জড়িয়ে দেন গ্রিনউড। পরের রাউন্ডে ইউনাইটেড প্রতিপক্ষ হিসেবে পেতে পারে প্রিমিয়ার লিগের দল ব্রাইটন বা চ্যাম্পিয়্নশিপের প্রিস্টনকে।

বার্সার সঙ্গে ফাতির নতুন চুক্তি

ক্রীড়া প্রতিবেদক

একের পর এক খেলোয়াড় যখন ন্যু ক্যাম্প ছাড়ছেন, তখন আনসু ফাতিকে আনুষ্ঠানিকভাবে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করলো বার্সেলোনা। তার সঙ্গে নতুন একটি লম্বা চুক্তি করেছে কাতালানরা। এই স্প্যানিশ উইঙ্গারের বাই-আউট কজ এখন ৪০ কোটি ইউরো।
২০২৪ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকার নতুন চুক্তি করলেন ১৭ বছর বয়সী ফাতি। ইন্টার মিলানে চলে যাওয়া আর্তুরো ভিদালের ২২ নম্বর জার্সি উঠবে তার গায়ে। ৩১ অক্টোবর ১৮তম জন্মদিনের আগে সিনিয়র খেলোয়াড় হিসেবে তার আত্মপ্রকাশ হলো। এই সপ্তাহে শুরু হওয়া লা লিগায় ফাতি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা। গত বছরের ২৫ আগস্ট রিয়াল বেতিসের বিপক্ষে ৫-২ গোলে জয়ের ম্যাচে অভিষেক হয় তার। কাব ইতিহাসের দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বার্সার জার্সি পরেন ১৬ বছর ও ২৯৮ দিনের ফাতি।

গোঁড়ালির চোটে মার্শের আইপিএল শেষ

ক্রীড়া প্রতিবেদক

মাত্র এক ম্যাচ খেলেই মিচেল মার্শের আইপিএল শেষ হয়ে গেল! পায়ের ইনজুরির কারণে দেশে ফিরে যাচ্ছেন এই অস্ট্রেলিয়ান। তার জায়গায় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক অলরাউন্ডার জ্যাসন হোল্ডারকে দলে এনেছে সানরাইজার্স হায়দরাবাদ।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে চলতি আইপিএলে সানরাইজার্সের হয়ে প্রথম ম্যাচে বোলিং করতে নেমেই পায়ে চোট পান মিচেল মার্শ। সেই চোটের কারণে ওভারটাও পুরো করতে পারেননি তিনি। মাত্র ৪ বল করেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। পরে ব্যাটিংয়ে দশ নম্বরে নেমে প্রথম বলেই শূন্য রানে ফিরেন তিনি। সানরাইজার্স টুর্নামেন্টে নিজেদের প্রথম সেই ম্যাচ ১৯ রানে হারে। গোঁড়ালির চোটে এবারের আইপিএল শেষ তার। অস্ট্রেলীয় এই অলরাউন্ডারের আগে ডেকান চার্জাস ও রাইজিং পুনে সুপার জায়ান্টের হয়ে আইপিএলে খেলেছিলেন। সানরাইজার্সের হয়ে নিজের প্রতিভা দেখানোর সুযোগটা হারালেন এই মৌসুমে মার্শ। আইপিএলে এখন পর্যন্ত ২১ ম্যাচে ২০ উইকেট শিকার করেছেন তিনি। সেরা বোলিং ২৫ রানে ৪ উইকেট। ব্যাট হাতে আইপিএলে তার গড় মাত্র ১৭.৩১। সবমিলিয়ে রান করেছেন ২২৫। সর্বোচ্চ রান ৩৮।