স্টাফ রিপোর্টার ও ডুমুরিয়া প্রতিনিধি
খুলনায় একদিনে দু’টি লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ জুন) খুলনা মহানগরীর ময়ূরী আবাসিক এলাকার কাশবন থেকে ইজিবাইক চালক জাহিদুর রহমানের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। অপরটি জেলার ডুমুরিয়া উপজেলার ১০ নং ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা মধ্যপাড়া বিল থেকে অজ্ঞাত পরিচয়ে নারীর লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ধারনা এ দু’জনকে হত্যা করা হয়েছে ।
ডুমুরিয়ায় রবিবার বিকালে বান্দা রঘুনাথপুর মৌজাধীন জনৈক অসিম বিশ্বাসের মৎস্য ঘেরের বেড়ি বাঁধের উপর থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় জিডি এন্ট্রি করা হয়েছে। থানা পুলিশ ও সিআইডি লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।
জানা যায়, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে অসিম বিশ্বাস তার মৎস্য ঘেরে যেয়ে দেখে বাঁধের উপর অজ্ঞাত এক মহিলার লাশ। তখন তিনি থানা পুলিশকে খবর দেন। থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক মহিলার মরদেহ দেখতে পাই। এরপর সিআইডি পুলিশ এসে অজ্ঞাত লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। তবে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে মহিলাকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে। শরীরে এসিড জাতীয় ক্যামিকেল দিয়েছে। লাশ ময়না তদন্তের পর আসল রহস্য জানা যাবে। স্থানীয় ইউপি সদস্য পৃথীষ বৈরাগী জানান, অজ্ঞাত এই মহিলা দিনমজুর হতে পারে। সে কারো না কারো ঘেরে কাজ করতে এসেছিলো হয়তো।
অপরদিকে মহানগরীর ময়ূরী আবাসিক এলাকার কাশবন থেকে উদ্ধার হওয়া ইজিবাইক চালক জাহিদুর রহমান ডুমুরিয়া এলাকার বাসিন্দা আইয়ুব আলীর ছেলে জাহিদুর রহমান হরিণটানা থানা এলাকায় বসবাস করত। পেশায় তিনি একজন ইজিবাইক চালক ছিলেন। ১০ জুন রাত থেকে সে নিখোঁজ হয়। বাবার সন্ধান চেয়ে ছেলে কিবরিয়া হাওলাদার থানায় সাধারণ ডায়েরী করে। রোববার দুপুর ৩ টার দিকে ময়ূরী আবাসিক এলাকার কাশবন থেকে পচা গন্ধ টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরে লাশের পরনের কাপড় দেখে পরিবারের সদস্যরা জাহিদুর রহমানকে শনাক্ত করে।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাসার জানান, জহিদুর রহমান ভাড়ায় ইজিবাইক চালত। ১০ তারিখ থেকে নিখোজ হলে তার ছেলে থানা জিডি করে। বিষয়টি আমরা গুরুত্বের সাথে নেয়।
তিনি বলেন, এটি একটি হত্যাকান্ড শ্বাসরোধ করে দুর্বৃত্তরা হত্যা করে ইজিবাইক নিয়ে তাকে এই কাশবনের মধ্যে ফেলে রেখে যায়। এ ঘটনার সাথে জড়িত আছে বলে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে কিন্তু তদন্তের স্বার্থে কোন কিছু বলা সম্ভব হচ্ছেনা বলে তিনি জানান।











































