Home Lead তিন কারণে খুলনায় বাড়ছে হত্যাসহ অপরাধ কর্মকাণ্ড

তিন কারণে খুলনায় বাড়ছে হত্যাসহ অপরাধ কর্মকাণ্ড

296

সৈয়দ রানা কবীর
খুলনায় তিন কারণে চুরি, ছিনতাই, মারামারি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। গত ৯মাসে মাদক, এলাকার আধিপত্য ও নারী ঘটিত কারণে প্রায় অর্ধশত হত্যাকান্ডের ঘটনা ঘটেছে খুলনাজুড়ে। তবে বেশি ঘটেছে মাদককে কেনদর করে। পুলিশের দাবি অপরাধ প্রবনতা অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে।
আইনশৃঙ্খলার কতিপয় সদস্যদের পরোক্ষ ও প্রত্যক্ষ মদদে খুুলনায় বেড়েছে মাদকের বেচা-কেনা। এতে মাদকসেবিদের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। মাদকের নেশায় বুদ হয়ে থাকা কিশোর ও যুবকরা জড়িয়ে পড়ছে নানা রকম অপরাধের সাথে। আর তাতে বাড়ছে চুরি, ছিনতাই, মারামারি, খুনসহ নানা অপরাধ প্রবণতা। আইনশৃঙ্খলা বাহিনী এ সকল অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। মাদকের বিরুদ্ধে মহানগর বিএনপি আন্দোলন অব্যাহত রাখলেও আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান পদক্ষেপ চোখে পড়েছে না।
একাধিক সুত্রে জানাগেছে, খুলনার কিশোর ও যুবকরা মাদকের করাল গ্রাসে পড়েছে। অথচ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে নিরব। এলাকায় এলাকায় আসক্ত কিশোর ও যুবকদের সমন্বয়ে গঠিত হয়েছে কিশোর গ্যাং। একএক এলাকায় এক এক নামে আবির্ভূত এই সকল কিশোর ও যুবকদের গ্যাং। অনেক থানার কর্মকর্তারা তাদের অবস্থান ও আবির্ভাব সম্মন্ধে জানলেও কোন কার্যকরি ব্যবস্থা গ্রহণ করছেন না। স্থানীয় বাসিন্দারা তাদের ভয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দিতেও পারছেন না।
কয়েকটি থানা এলাকার অনেকে অভিযোগ করেন, কিছু মাদক ব্যবসায়ী পুলিশের ছত্রছায়ায় এই ব্যবসা করছে। নগরীর সদর থানা, সোনাডাঙ্গা, খালিশপুর, দৌলতপুর, হরিণটানা, লবনচরা ও আড়ংঘাটা থানা এলাকায় মাদকের প্রায় অর্ধশত স্পট রয়েছে।
অথচ সংশ্লিষ্ট এলাকার আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা তা অস্বীকার করছেন। তারা কখনো কখনো মাদকদ্রব্য অধিদপ্তরের উপরও দোষ চাপাচ্ছেন।
এ দিকে মাদকদ্রব্য অধিদপ্তরের খুলনার এক কর্মকর্তা বলেন, তাদের জনবল সংকট থাকা সত্বেও তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। তবে মাঝে মাঝে পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে যত সামান্য কিছু গাঁজা উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িতদের কয়েকজনকে তারা ইতিমধ্যে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ইতিমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে লবনচরা থানা পুলিশ বিপুল পরিমাণের গাঁজা উদ্ধার করেছে।
মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, ‘প্রতিনিয়ত মাদক ব্যবসার ভাগাভাগি নিয়ে হামলা, মামলা ও হত্যাকাণ্ডও ঘটছে। এর ফলে শিল্প ও বন্দর নগরী খুলনা আবারও অশান্ত হয়ে উঠেছে।
তিনি বলেন, ‘মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষার জন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের অবাধ বাণিজ্য বন্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’
বিএনপি মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, নেতারা বলেন, ‘খুলনা নগরীতে অভিনব পন্থায় রাঘব বোয়ালদের ছত্রচ্ছাত্রায় ক্রমেই ছড়িয়ে পড়ছে মাদক নামক ব্যাধি। যুবসমাজকে মাদকের ভয়াবহ করাল গ্রাস থেকে বিরত রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঠিকভাবে কাজ করতে হবে।
কেএমপির মিডিয়া সেলের সহকারী কমিশনার খন্দকার হোসেন আহম্মদ (মিডিয়া) জানান, সর্বশেষ লবনচরা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমানের গাঁজা উদ্ধার করা হয়েছে। মহানগরীর ৮ থানা এলাকায় প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে। তবে নগরীতে মাদক, অধিপত্য ও নারী ঘটিত কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এ সকল ঘটনা পুলিশের তদন্তে উঠে এসেছে। বর্তমানে পুলিশের টহল বাড়ানোসহ বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।