স্টাফ রিপোর্টার।।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক লাঞ্ছিত ও অশোভন আচরণের সঠিক বিচার আগামী ৩ মের মধ্যে না হলে শিক্ষকরা ৪ মে থেকে ক্লাস বর্জনসহ কর্মবিরতি পালনের হুশিয়ারি দিয়েছেন। শিক্ষক ও অব্যাহিত পাওয়া ভিসিকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য সরবরাহ করে মিডিয়ায় প্রকাশে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক সমিতি। তবে কুয়েটের চলমান সংকট সমাধানে আরো সময় লাগবে বলে অভিমত প্রকাশ করেছেন স্থানীয় বাড়ির মালিক ও স্থানীয়রা।
শিক্ষকদের অভিযোগ, কুয়েটের চলমান ছাত্র-শিক্ষক সংকটের পিছনে কতিপয় কুচক্রী মহলের উস্কানি রয়েছে। এই চক্র কুয়েটের ইতিহাসে ছাত্রদেরকে এই প্রথম শিক্ষকের মুখোমুখি ও প্রতিপক্ষ হতে ইন্ধন যুগিয়েছে। ওই চক্রটি তাদের হীনস্বার্থ চরিতার্থ করতেই গত প্রায় একমাস তৎপর ছিলে।
শিক্ষক সমিতির সভাপতি ড. সাহিদুল ইসলাম বলেন, কুয়েটের ছাত্রদের সাথে শিক্ষকদের ছিল নিবিড় সম্পর্ক ও যোগাযোগ। কিন্ত গত ১৮ ফেব্রুয়ারির একটি অনাকাঙ্খিত ঘটনায় কতিপয় স্বার্থান্বেষী মহল তাদেরকে ভুল বুঝিয়ে ও মিথ্যা আশ্বাস দিয়ে কুয়েটের কিছু ছাত্রকে শিক্ষকদের প্রতিপক্ষ বানিয়েছে। তাদের দিয়ে কুয়েটের সদ্য অব্যাহতি পাওয়া ভিসিসহ শিক্ষকদের লাঞ্ছিত ও অশোভন আচরণে বাধ্য করেছে। যার ফলে এখন ওই মহলটি ছাত্রদেরকে শিক্ষকের প্রতিপক্ষ বানিয়েছে। যার ফলে দেশজুড়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( কুয়েট) এর ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এতে একটি শ্রেণির মানুষ লাভবান হচ্ছেন।
কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড ফারুক হোসেন বলেন, কিছু মিডিয়ায় অতিরঞ্জিত ও ভুল তথ্যের মাধ্যমে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষকদের নামে যে সকল সংবাদ প্রকাশিত হচ্ছে তা আদৌ সত্য নয়। এতে করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, ২০২৪ সালের ডিসেম্বর মাসে কুয়েটের সকল শিক্ষকদের নির্বাচনের মাধ্যমে বর্তমান কুয়েট শিক্ষক সমিতি গঠিত হয়েছে। শিক্ষকদের নামে দুর্নীতি ও ঠিকাদারির অভিযোগ সংক্রান্ত যে সকল অভিযোগ করে সংবাদ প্রকাশিত হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই সেক্টরের সাথে শিক্ষকদের কোন সম্পর্ক নেই। কুয়েটের শিক্ষকরা সব সময়ই ছাত্রদের পাঠদানসহ ছাত্রদের কল্যানকর কাজ করা ছাড়া তার বাইরে শিক্ষকদের করণীয় কিছু নাই। কিন্ত কিছু সার্থান্বেষী মহল সদ্য অব্যাহতি পাওয়া ভিসিসহ শিক্ষকদের নামে মিথ্যা তথ্য দিয়ে ভুল ও মনগড়া সংবাদ প্রচার করে কুয়েটের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। শিক্ষক নেতারা বলেন, ‘কুয়েট শিক্ষক সমিতি কোন শ্রমিক সংগঠন না। শিক্ষক সমিতি সাচিবিক দ্বায়িত্ব পালন করে।’
শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়ে জানান, শিক্ষক লাঞ্ছিত ও অশোভন আচরণের সঠিক বিচার না হওয়া পর্যন্ত তারা সকল ক্লাস ও কর্মকান্ড পরিচালনা থেকে বিরত থাকবেন ।
অপরদিকে শিক্ষার্থীরা সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জন্য শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যে ‘কুয়েট ১৯’ পেজে ওই চিঠি প্রকাশিত হয়েছে। প্রকাশিত চিঠিতে বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগের ছাত্র প্রতিনিধিদের স্বাক্ষর সংযুক্ত রয়েছে।
মূলত সম্প্রতি সময়ে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালু থাকার পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে কুয়েটে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। গত ১৮ ফেব্রুয়ারির ঘটনার পর শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব তৈরি হয়। ওইদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যসহ একাধিক শিক্ষক লাঞ্ছনার শিকার হন। এরপর একাধিকবার উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় ক্যাম্পাসে।
অপরদিকে শিক্ষার্থীরা ক্ষমা প্রার্থনা করছেন। তারা লিখেছে, ‘আমরা আপনাদের সন্তানসম। কোনো আচরণে যদি আপনাদের প্রতি অসম্মান প্রকাশ পেয়ে থাকে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ও বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা আমাদের পিতৃতুল্য। আপনাদের প্রতিটি কথা আমাদের জীবনের দিকনির্দেশনা। আমরা আশাবাদী, আপনারা আমাদের ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কুয়েট আবারও ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ হবে।’
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কিছু কুচক্রী মহল প্রকৃত ঘটনা আড়াল করে বিভ্রান্তি ছড়াচ্ছে ও শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছে।
তারা আরও লেখেন, ‘আমাদের আন্দোলন কখনোই শিক্ষাবিরোধী বা শিক্ষকবিরোধী ছিল না। এটি ছিল সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী শান্তিপূর্ণ একটি উদ্যোগ। নিরাপদ, রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষাপরিবেশ গড়ে তোলাই ছিল আমাদের একমাত্র লক্ষ্য। আন্দোলনের সময় কোনো শিক্ষার্থীর আচরণে যদি শিক্ষকদের মনে কষ্ট লেগে থাকে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।











































