স্টাফ রিপোর্টার
বটিয়াঘাটা সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থীকে রূপসা ষ্ট্যান্ড রোডের ইস্পাহানি লেনে বন্ধু হুমায়ুনের বাসায় নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণের পর হত্যাচেষ্টা মামলার পলাতক প্রধান আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতি (৪২) কে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রার শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ঈশান কবির খান নগরীর মৌলভীপাড়া সুলতান আহম্মেদ রোডের হুমায়ুন কবির খানের ছেলে।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই জামাল উদ্দিন জ্যোতিকে আদালতে হাজির করেন। আদালতের বিচারক অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন। এর আগে মামলার অপর আসামি জ্যোতির বন্ধু হুমায়ুনকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই জামাল উদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ছোট বয়রার শান্তিনগর এলাকায় র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে। তাকে রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন বটিয়াঘাটা সরকারি ডিগ্রী কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়াশুনা করে। আসামি জ্যোতির সাথে তার দুই মাস পূর্বে পরিচয় হয় এবং বিবাহের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে জ্যোতি ওই তরুণীকে বিবাহের প্রলোভন দেখিয়ে মামলার ২ ও ৩নং আসামিদ্বয়ের সহযোগিতায় গত ২৬ এপ্রিল সকাল ৯টার দিকে খুলনা সদর থানাধীন রুপসা স্ট্যান্ড রোডে ২নং আসামি হুমায়ুন কবির এর ভাড়াকৃত বাসার রুমের ভিতর ডেকে নিয়ে যায় এবং সেখানে জ্যোতি ওই তরুণীকে বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ২৮ এপ্রিল রাত ১০টার সময় ওই তরুণী জ্যোতিকে বিবাহের কথা বললে অভিযুক্ত আসামিরা ভিকটিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে জ্যোতির হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ওই তরুণীকে চিকিৎসার জন্য খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং তার মা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন যার নং-৩৪।











































