স্টাফ রিপোর্টার
শ্রম আইন লঙ্ঘণের অভিযোগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) ৪ কর্মকর্তার নামে খুলনা বিভাগীয় শ্রম আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ২৮ এপ্রিলের এ মামলায় আদালত ৪ জনের নামে সমন জারি করেছে। কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কুষ্টিয়া অফিসের শ্রম পরিদর্শক (সাধারণ) ফারজুন ইসলাম এ মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় শ্রম আদালতের পেশকার মো: নুরুজ্জামান। তিনি বলেন, গত ২৮ এপ্রিল মামলাটি আদালতে আসে। বিচারক শেখ রাজিয়া সুলতানা শুনানি শেষে মামলাটি আমলে নেন ও নথিভুক্ত করেন। একই সাথে সকলের নামে সমন জারি করেন। আগামী ১৪ মে এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
সমন জারি করা ৪ কর্মকর্তা হলেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনিশা আব্রাহাম, হেড অব অপারেশনস জর্জ লুইস মার্সেডো, সেক্রেটারি এবং সিনিয়র লিগ্যাল কাউন্সেল সৈয়দ আফজাল হোসেন, কোম্পানির কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে অবস্থিত লিফ ফ্যাক্টরির প্লান্ট ম্যানেজার মুকিত আহমেদ চৌধুরী।











































