Home আঞ্চলিক স্বাধীনতা দিবসে খুলনায় উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘বানৌজা অপরাজেয়’

স্বাধীনতা দিবসে খুলনায় উন্মুক্ত নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘বানৌজা অপরাজেয়’

12

স্টাফ রিপোর্টার।।


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা অপরাজেয় খুলনার বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।


দেশে নির্মিত প্রথম পাঁচটি পেট্রোল ক্র্যাফটের একটি এই যুদ্ধজাহাজ, যা ২০১৩ সালে নৌবাহিনীর বহরে যুক্ত হয়। এটি দেশের সমুদ্রসীমায় টহল, চোরাচালান প্রতিরোধ, জেলেদের নিরাপত্তা, উদ্ধার অভিযানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনে নিয়োজিত থাকে।

বুধবার (২৬ মার্চ) দুপুরে জাহাজের অধিনায়ক কমান্ডার এস এম এলমে আযম জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই যুদ্ধজাহাজ সবসময় প্রস্তুত। সাধারণ মানুষকে এর কার্যক্রম সম্পর্কে জানাতে আজ পরিদর্শনের সুযোগ দেওয়া হয়েছে।

জাহাজটিতে ৩৭ মি.মি. ডাবল ব্যারেল গানসহ আধুনিক অস্ত্রশস্ত্র সংযোজিত রয়েছে। এটি ঘণ্টায় ২১ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে এবং ৩৬০° যুদ্ধ পরিচালনা সক্ষমতা রয়েছে। এছাড়া, জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজে সহায়তার জন্য বিশেষ সরঞ্জামও রয়েছে।

বিকেল ৪টা পর্যন্ত খুলনার বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে এই যুদ্ধজাহাজ পরিদর্শন করতে পারবেন আগ্রহী দর্শনার্থীরা।