স্পোর্টস ডেস্ক।।
একদিন বাদেই চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল। অথচ ভারতেই বিপক্ষে শিরোপা নির্ধারণী সেই ম্যাচে নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার ম্যাট হেনরির খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। হেনরি শুধু নিউজিল্যান্ডেরই, এখনো পর্যন্ত চলতি টুর্নামেন্টেরই সেরা বোলার। হেনরিকে নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন কিউই কোচ গ্যারি স্টিড।
লাহোরে গত বুধবার সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেনরিখ ক্লাসেনের ক্যাচ নেওয়ার সময় কাঁধে চোট পান হেনরি। পরবর্তীতে বোলিংয়ে এলেও স্বস্তি পাননি। ম্যাচশেষে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার হেনরিকে ফাইনালে পাওয়ার ব্যাপারে আশাবাদ দেখিয়েছিলেন। তবে এবার কিউই কোচ স্টিড জানালেন, ফাইনালে হেনরি খেলতে পারবেন কি না সেটি এখনো অজানা।
স্টিডের ভাষ্য, ‘”আমাদের দিক থেকে ইতিবাচক দিক হলো সে আবার বোলিং করার জন্য মাঠে ফিরেছে। আমরা তার কিছু স্ক্যান এবং বাকিসব পরীক্ষা করেছি। আমরা তাকে এই ম্যাচে খেলার জন্য সর্বোচ্চ সুযোগ দেব। কিন্তু এখনো কিছুটা অজানা।’
এখনো পর্যন্ত ৪ ম্যাচ খেলে ১৬.৭০ গড়ে ১০টি উইকেট নিয়েছেন হেনরি। ফাইনালে তিনি যদি খেলতে না পারেন তাহলে সুযোগ পেতে পারেন আরেক পেসার জ্যাকব ডাফি। টুর্নামেন্টে একটি ম্যাচও খেলেননি তিনি। তবে চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ত্রিদেশীয় সিরিজে একটি ম্যাচে দেখা গেছে তাকে।











































