Home আন্তর্জাতিক মুখোমুখি ফ্রান্স-রাশিয়া

মুখোমুখি ফ্রান্স-রাশিয়া

12


আন্তর্জাতিক ডেস্ক।।
ইউক্রেন যুদ্ধ ও ইউরোপের নিরাপত্তা নিয়ে মুখোমুখি অবস্থানে চলে এসেছে পারমাণবিক শক্তিধর ‍দুই দেশ ফ্রান্স ও রাশিয়া। ফ্রান্স প্রস্তাব দিয়েছে, ইউরোপকে তারাই পরমাণু সুরক্ষা দেবে। এখন যুক্তরাষ্ট্র এই সুরক্ষা দেয়। কিন্তু তার বদলে ফ্রান্স এই সুরক্ষা দেয়ার প্রস্তাব দিয়েছে। ম্যাক্রোঁ ফ্রান্সের পারমাণবিক অস্ত্র অন্যান্য ইউরোপীয় দেশের প্রতিরক্ষার জন্য এগিয়ে দেবে বলে যে মন্তব্য করেছেন, রাশিয়া সেটাকে একটি ‘হুমকি’ হিসেবে দেখছে।

বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ রাশিয়াকে ‘ফ্রান্স ও ইউরোপের জন্য হুমকি’ বলে অভিহিত করেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে ইউক্রেন সংঘাতের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন করায় ফরাসিরা ‘আইনতভাবে উদ্বিগ্ন’।

জার্মানির সম্ভাব্য পরবর্তী চ্যান্সেলর ফ্রিড্রিখ মার্টজ-এর সাথে ফোনে আলাপের পর ফরাসী নেতা বলেন, ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধক বিস্তৃত করা নিয়ে তিন একটি আলোচনা শুরু করবেন।

এর প্রতিক্রিয়ায় লাভরভ বলেন, অবশ্যই এটা রাশিয়ার প্রতি একটা হুমকি। তিনি বলেন,‘তিনি (ম্যাক্রোঁ) যদি আমাদেরকে একটি হুমকি হিসেবে দেখেন … এবং বলেন যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার প্রয়োজন আছে, রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছেন, তাহলে অবশ্যই এটা একটা হুমকি।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সম্ভবত ফ্রান্সকে ইঙ্গিত করে পরে বলেন, “এখনো এমন লোক আছে যারা নেপোলিয়নের সময়ে ফিরে যেতে চায়, তারা ভুলে যায় কীভাবে সেটা শেষ হয়েছিল।”

ফরাসী সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ১৮১২ সালে রুশ সাম্রাজ্য হামলা করেন, এবং তার ছয়-মাসব্যাপী বিপর্যয়গ্রস্ত অভিযান রাশিয়ার বিজয়ের মধ্যে দিয়ে শেষ হয়।