সরকারি বরাদ্দ নেই # কেসিসির নিজস্ব অর্থায়নই ভরসা
মো রাজু হাওলাদার।।
খুলনায় চরম আকারে ধারণ করেছে মশার উপদ্রব। খুলনা মহানগরীতে মশার উপদ্রব স্থায়ীরূপ লাভ করলেও সাম্প্রতিক সময়ে এ সঙ্কট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। যে কারণে শুধু রাতেই নয় সারা দিনই মশার উপদ্রবে নগরবাসীর স্বাভাবিক জীবন চরমভাবে ব্যহত হচ্ছে। ব্যবসা-বানিজ্য, শিক্ষার্থীদের লেখা-পড়াসহ স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। গত বছরেই খুলনায় ডেঙ্গু মহামারী চরম আকারে ধারণ করেছিল। তারই ফলশ্রুতিতে অনেক মানুষই মৃত্যুবরণ করেছেন। কেসিসি থেকে মাঝে মধ্যে নগরীর সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার আশে পাশে কিছু ওষুধ ছিটালেও মহানগরীর বির্স্তীণ এলাকা এর আওতায় আসেনি।
নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের নিরালা আবাসিক এলাকার রিপন শিকদার খুলনাঞ্চলকে বলেন, ‘গরমের শুরুতেই মশার উপদ্রব বেড়েছে। নিরালাসহ কেসিসির বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মশা বেরেই চলেছে। মাঝে মাঝে সিটি করপোরেশনের মশা নিধন কার্যক্রম দেখা গেলেও তা পর্যাপ্ত নয়। কেসিসির কোটি কোটি টাকা ব্যয় করেও কেন এ সমস্যার সমাধান করা যাচ্ছে না, তা আমরা বুঝতে পারি না।’
নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার খুলনাঞ্চলকে বলেন, খুলনার বিভিন্ন এলাকায় মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। কিছুদিন আগে আমরা নাগরিক সমাজের সংগঠন থেকে মশারি মিছিল বের করি। মশা নিধন কার্যক্রম অপ্রতুল, নিয়মিত লার্ভিসাইড স্প্রে করা হয় না। জলাবদ্ধতা ও অপরিচ্ছন্ন ড্রেনের কারণে মশা বংশবিস্তার করছে। তাই নগরীতে প্রয়োজন ড্রেন, খাল, পুকুর, ডোবা, জলাশয়, নর্দমা, ঝোঁপ-ঝাঁড় ইত্যাদি নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং মানসম্মত ভেজাল বিহীন কীটনাশক পরিকল্পিত উপায়ে ছিটানো।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, ‘গরমের শুরু থেকেই মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। কর্তৃপক্ষ যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেয়, তবে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। এতে জনস্বাস্থ্য বিপর্যয়ের মুখে পড়তে পারে।’
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে খুলনায় কয়েকশ ডেঙ্গু রোগী শনাক্ত হয়, যাদের অনেকে মারাত্মক অবস্থায় হাসপাতালে ভর্তি হন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী, গত বছর ৭০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হন, এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। এছাড়া অন্যান্য সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট ভর্তি রোগী সংখ্যা ছিল ১ হাজার ৩৩৩ জন, এরমধ্যে মৃত্যু হয় ১৭ জনের। বর্তমানে হাসপাতালমুখী হচ্ছেন রোগীরা।
খুলনা সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী আব্দুল আজিজ জানান, কেসিসি মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। নিয়মিত ফগিং কার্যক্রমের জোরদার করা হয়েছে। ৩১ টি ওয়ার্ডে ৩১ জন কেসিসির নিয়োজিত কর্মচারী সকাল ও বিকালে প্রতিটি ড্রেনে ও খাল-বিলে ওষুধ ছিটাচ্ছে।’ তবে আমাদের সরকারী অধিদপ্তর থেকে কোন অর্থ বরাদ্ধ নাই। কেসিসির নিজস্ব ফান্ড থেকেই মশা নিধনের কার্যক্রম প্রক্রিয়া চলমান আছে। ভব্যিতে নগরবাসীর জন্য আরোও জোড়ালো পদক্ষেপ নেওয়া হবে।











































