সৈয়দ রানা কবীর
নদীতে ভাঙছে সুন্দরবন। কমছে বনভূমি। বনের বিভিন্ন স্থানে বিলীন হয়ে যাচ্ছে বন বিভাগের জেটি ও স্থাপনা। অফিস ব্যারাক ছাড়তে বাধ্য হচ্ছেন বনরক্ষীরা। সুন্দরবনের ৯টি স্থানের ভাঙন ঠেকাতে গত সেপ্টেম্বরে পূর্ব সুন্দরবন বিভাগের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডের সহায়তা চাওয়া হয়েছিল। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড যতসামান্য বালুভর্তি জিও ব্যাগ ফেললেও তাতে তেমন কোনো কাজ হয়নি। ফলে ম্যানগ্রোভ সুন্দরবনের অনেকাংশ এখন নদীগর্ভে বিলীন হতে চলেছে। সরকারের আশু কার্যকরি পদক্ষেপ গ্রহণের দাবি খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের।
বন বিভাগ সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে সুন্দরবনের বিভিন্ন স্থানে ভাঙন চলছে। বেশ বড় এলাকা গাছপালাসহ নদীতে বিলীন হয়ে যাচ্ছে। বিশেষ করে দুবলা ফরেস্ট অফিসের জেটি, খাবার পানির একাধিক পুকুর, অফিস ভবন, মেহেরআলী চরের সাইক্লোন শেল্টার ও মিষ্টি পানির পুকুর সাগরে বিলীন হয়েছে। সাগরে বিলীন হয়েছে কটকার পুরাতন রেস্ট হাউস ভবন ও জেটি। বগি ফরেস্ট অফিসের দোতলা ভবন নদীতে বিলীন হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। অনেক স্থানে অফিস ও পুকুর নদীতে বিলীন হওয়ার পথে।
বন বিভাগ সুত্রে জানাযায়, ৯টি স্থানে এভাবে ভাঙন দেখা দিয়েছে। এগুলো হলো, কচিখালী অভয়ারণ্যকেন্দ্র, কটকা অভয়ারণ্য কেন্দ্র, চান্দেশ্বর টহল ফাঁড়ি, জেলেপল্লি দুবলা টহল ফাঁড়ি, বগি ফরেস্ট স্টেশন, ঝাপসি টহল ফাঁড়ি, জোংড়া টহল ফাঁড়ি, করমজল বন্যপ্রাণী প্রজননকেন্দ্র ও শুয়ারমারা টহল ফাঁড়ি। এই প্রেক্ষাপটের পানি উন্নয়ন বোর্ডের সহায়তা চাওয়া হয়েছে। তবে তেমন কোন সাড়া এখনো পাওয়া যায়নি।
সুন্দরবনের প্রধান পর্যটন স্পট কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সোয়েবুর রহমান জানান, সাগরের ভাঙনে কটকার বিস্তীর্ণ বনাঞ্চল সাগরে বিলীন হচ্ছে। বনভূমি ক্রমাগতভাবে ভাঙছে। কমছে সুন্দরবনের এলাকা। শত শত গাছপালা সাগরে বিলীন হয়ে গেছে। কটকার পুরাতন রেস্টহাউস ভবনটি সাগরে বিলিন হয়ে গেছে। তাছাড়া সুন্দরবনের গহিনে অনেক জায়গা এখন নদী ও খালে বিলীন হয়েগেছে। কটকার ফরেস্ট অফিসটি এখন ভাঙনের মুখে রয়েছে ।
বগি ফরেস্ট স্টেশন কর্মকর্তা আ. সবুর বলেন, তাদের অফিস-কাম ব্যারাকটি ও এখন নদীতে বিলীন হয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। ঝুঁকি এড়াতে তারা ভবন ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। বগি ফরেস্ট অফিসের ভাঙন ঠেকাতে গত সেপ্টেম্বর-অক্টোবর মাসে পানি উন্নয়ন বোর্ড নদীতে কিছু বালুর বস্তা ডাম্পিং করেছিল। কিন্ত যত সামান্য জিও ব্যাগ নদী ভাঙন ঠেকাতে কোন কাজেই লাগেনি ।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব জানান, সুন্দরবনের বিভিন্ন স্থানের বনভূমি যেমন নদীতে ভাঙছে, তেমনি আবার অনেক জায়গায় নদীতে চর জেগে উঠেছে। নদীভাঙনের ফলে সুন্দরবনের অনেক ক্ষতি হচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের পরে ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে। খুলনাসহ বিভাগের দক্ষিণ পশচিমাঙচলের বড় বড় প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে একমাত্র ঢাল হিসাবে দাঁড়য়ে থাকে এই সুন্দরবন। অথচ কোন সরকারের শাসনামলেও দেশের একমাত্র মুল্যবান এই সম্পদের উন্নয়নের ক্ষেত্রে কোন কার্যকরি পদক্ষেপ গ্রহন করা হয়নি বলে সুত্র জানায়।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মো. আলবুন্নি জানান, সুন্দরবন বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে বগি ফরেস্ট স্টেশন অফিসের সামনে ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ নদীতে ফেলা হয়েছে। কিন্ত তা প্রয়োজনের চেয়ে অপ্রতুল। সুত্র জানায় বাজেট স্বল্পতার কারণে সুন্দরবনের অন্যান্য স্থানে ভাঙন প্রতিরোধে কাজ করা সম্ভব হয়নি।
পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করীম জানান, সুন্দরবনের কয়েকটি স্থানে ব্যাপকভাবে ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনে ইতিমধ্যে অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে এরূপ ভাঙন শুরু হয়েছে বলে তার ধারণা। জরুরি ভিত্তিতে সুন্দরবনের ৯টি স্থানের ভাঙন ঠেকাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ জানিয়ে গত বছরের সেপ্টেম্বর মাসে একটি পত্র দেওয়া হয়েছিল। পানি উন্নয়ন বোর্ড বগিতে ভাঙনকবলিত স্থানে কিছু বালুভর্তি জিও ব্যাগ নদীতে ফেলেছিল। কিন্তু প্রয়োজনের চেয়ে অপ্রতুল হওয়ায় তাতে ভাঙন ঠেকানো সম্ভব হয়নি। ফলে দেশের একমাত্র ম্যানগ্রোভ সুন্দরবন এখন নদীগর্ভে বিলীন হতে চলেছে।











































