Home আঞ্চলিক কয়রায় দুই মাসে ২৭৪ কেজি হরিণের মাংস জব্দ

কয়রায় দুই মাসে ২৭৪ কেজি হরিণের মাংস জব্দ

16


কয়রা প্রতিনিধি
সুন্দরবনে থামছেই না হরিণ নিধন। দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে শিকারীচক্র। গত দুই মাসে বনবিভাগ,পুলিশ ও কোস্ট গার্ড অভিযান চালিয়ে ২৭৪ কেজি হরিণের মাংস জব্দ করেছে ও তিনজনকে আটক করেছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ভালো নেই মায়াবী হরিণ। বন্য এ প্রাণীটি চোরা শিকারী ও পাচারকারীদের প্রধান টার্গেটে পরিণত হয়েছে। সাম্প্রতিককালে সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় জেলে-বাওয়ালীরা যেমন আতংকে রয়েছে অপরদিকে বেড়েছে হরিণ শিকারী চক্রের দৌরাত্ম। হরিণ শিকারীচক্র ও বনদস্যুদের কাছ থেকে অন্যান্য বণ্য প্রাণীও নিরাপদ নয়।
সুত্রে জানা গেছে, ১৫ জানুয়ারী খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা সুন্দরবনের সত্যপিরের ভারানী খাল এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৮০ কেজি হরিণের মাংস উদ্ধার করে। এসময় একটি নৌকা ও হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হলেও কাউকে আটক করতে পারেনি। ৩ জানুয়ারী পুলিশ অভিযান চালিয়ে ৩৪ কেজি হরিণের মাংস সহ পাইকগাছা উপজেলার কাশিম নগর গ্রামের আমিন উদ্দিন মোড়লের ছেলে ইকবাল মোড়লকে মহারাজপুর ইউনিয়নের কালনা বাজার থেকে মটরসাইকেল সহ আটক করে। ২০ ফেব্রুয়ারি খাসিটানা বন টহলফাড়ির বণরক্ষীরা অভিযান চালিয়ে সুন্দরবনের ছেড়ারখাল এলাকা হতে ৯০ কেজি হরিণের মাংস, ১টি নৌকা এবং হরিণ ধরার সরঞ্জাম জব্দ করে। ২২ জানুয়ারী বনবিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ঘড়িলাল বাজার সংলগ্ন কপোতাক্ষ নদ হতে ৬২ কেজি হরিণের মাংস ১টি নৌকা ও হরিণ ধরার সরঞ্জাম জব্দ করেছে। ৬ মার্চ পুলিশ অভিযান চালিয়ে আমাদী ইউনিয়নের হদুবুনিয়া গ্রামের প্রভাষ মন্ডলের বাড়ির সামনে থেকে প্রভাষ মন্ডল ও অসিত সানাকে ৮ কেজি হরিণের মাংস সহ গ্রেপ্তার করে। তাছাড়া জেলে বাওয়ালি, সুন্দরবন ভ্রমন করতে আসা দর্শনার্থীদের ও বন বিভাগের মধ্যে থেকে শোনা যায় বনের মধ্যে পরিত্যক্ত অবস্থায় শুকুরের চামড়াও মাঝে মধ্যে দেখা যায়। এতে করে ধারণা হচ্ছে যারা হরিণের মাংস কিনতে শুকরের মাংস দ্বারা প্রতারিত হচ্ছেন।
অন্যদিকে বন্য প্রাণী হত্যা করে সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস করে যাচ্ছে। প্রতিনিয়ত সুন্দবন থেকে হরিণ শিকার হলেও বন বিভাগের কর্মকান্ড নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে জেলে বাওয়ালীরা জানান, সুন্দরবনে বনবিভাগের টহল থাকলেও অদৃশ্য কারনে হরিণ শিকার বন্ধ হচ্ছে না। শিকারীচক্র বনবিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীকে ম্যানেজ করে,আবার কখনও তাদের চোখ ফাঁকি দিয়ে ফাঁদ পেতে হরিণ শিকার করা হয়। যার কারনে সুন্দরবনে হরিণ শিকার বৃদ্ধি পেয়েছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের কোবাদক,কাশিয়াবাদ ও বানিয়াখালী ফরেস্ট স্টেশন এলাকায় হরিণ শিকারীচক্র বেপরোয়া হয়ে উঠেছে। জানতে চাইলে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা সাদিকুজ্জামান বলেন, সুন্দরবনের হরিণ নিধন ও বিশ দিয়ে মাছ শিকার বন্দের জন্য বনবিভাগ ৩ মাসের একটি প্যাকেজ নিয়ে কাজ করছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, সুন্দরবন বনবিভাগের নিয়ন্ত্রনে হলেও আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। ইতিমধ্যে সুন্দরবনে অপরাধ মুলক কর্মকান্ডের সাথে জড়িত অনেক অপরাধীকে আটক করা হয়েছে।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শরিফুল ইসলাম বলেন, সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগের পাশাপাশি পুলিশ ও কোস্ট গার্ডের নিয়মিত টহল অব্যহত রয়েছে।
খুলনা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)এজেএম হাছানুর রহমান বলেন, সুন্দরবনের সম্পদ লুন্টনকারীদের বিরুদ্ধে বনবিভাগ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীরা যত শক্তি শালী হোক তাদের আইনের আওতায় আনা হবে।