Home আলোচিত সংবাদ নারীর ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতি

নারীর ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতি

13


-ফাতেমা তুজ জোহরা
আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে নারীদের অর্জনকে উদযাপন এবং উন্নত দেশ গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকৃতির দিন । আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখে পালিত হয়। প্রতিটি নারীকে উদযাপন করার জন্য দিনটি পালন করা হয়। এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন’।

সারা বিশ্বব্যাপী একটি প্রধান উপলক্ষ্য হিসেবে এই দিবস উদযাপন হয়ে থাকে। বিশ্বের এক এক প্রান্তে নারী দিবস উদযাপনের প্রধান লক্ষ্য এক এক রকম। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপন মূখ্য বিষয় হয়, আবার কোথাও নারীদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক পৃষ্ঠপোষকতা বেশি গুরুত্ব পায়।

এই দিবসটি উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। ১৮৫৭ সালে মজুরি বৈষম্য, কর্মঘন্টা নির্দিষ্ট করা , কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকরা। সেই মিছিলে চলে সরকারের লেঠেল বাহিনীর দমন-পীড়ন। প্রতিবাদে নারীরা ক্রমেই সংগঠিত হতে থাকেন। পরে ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারী নিউইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়। ক্লারা ছিলেন জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের একজন। পরের বছর ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৭টি দেশ থেকে ১০০ জন নারী প্রতিনিধি এতে যোগ দিয়েছিলেন। এ সম্মেলনে ক্লারা প্রতি বৎসর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। এতে আরো সিদ্ধান্ত হয় যে, পরের বছর অর্থাৎ ১৯১১ সাল থেকে নারীদের সমঅধিকার দিবস হিসেবে দিনটি পালিত হবে। দিবসটি পালনে এগিয়ে আসে বিভিন্ন দেশের গণতান্ত্রিক ও সমাজতন্ত্রীরা। ১৯১৪ সাল থেকে বেশ কয়েকটি দেশে ৮ মার্চ পালিত হতে থাকে। বাংলাদেশেও ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পূর্ব থেকেই এ দিবসটি পালিত হতে শুরু করে। ১৯৭৫ সালে ৮ মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয় এবং দিবসটি পালনের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায় জাতিসংঘ। এরপর থেকে সারা পৃথিবী জুড়েই পালিত হচ্ছে দিনটি নারীর সমঅধিকার আদায়ের প্রত্যয় পুনর্ব্যক্ত করার অভীপ্সা নিয়ে।

নারী অধিকার প্রতিষ্ঠায় এতো ত্যাগ,তীতীক্ষা ও সংগ্রামের লড়াইয়ে অনেক সাফল্য অর্জন করলেও নারী-পুরুষের সমতা সুনিশ্চিত হয়নি। সমাজে এখনো নারীরা অবহেলিত। এই অবদমন আর্থিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেও সুষ্পষ্ট। নারী বিষয়ক তথ্য পরিসংখ্যান থেকে বলা যায় যে, ক্ষমতায়ন ও অংশগ্রহণের দিক থেকে নারীরা পিছিয়ে আছে। বাংলাদেশের নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহনের হার কম যা বর্তমানে ৩৭.০৪৫ শতাংশ যেখানে ওইসিডি দেশগুলোতে ৫২.৭৬ শতাংশ এবং বিশ্বব্যাপী ৪৭.৮৪ শতাংশ (সূত্র:বিশ্ব উন্নয়ন সূচক)।

নারী আন্দোলনের দীর্ঘ পথপরিক্রমায় নারী সমাজের যথেষ্ট অগ্রগতি হলেও জেন্ডার সমতার বিষয়টি এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হতে পারেনি। এ চিত্র শুধু বাংলাদেশেই নয়,পৃথিবীর সর্বত্র দৃশ্যমান। পুরুষরা এখনও বহু ক্ষেত্রে বেশি মাত্রায় সুবিধা ভোগ করেন। আর সেই কারণেই এই দিনটি অত্যন্ত গুরুত্বৃপূর্ণ। আফগানিস্তান, ইরান, ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অনেক দেশে নারীরা তাদের নিজ নিজ দেশে যুদ্ধ, সহিংসতা এবং সরকারি নীতি পরিবর্তনের প্রেক্ষাপটে নিজেদের অধিকারের জন্য লড়াই করে গেছেন এবং এখনও করছেন। আফগানিস্তানে ফের তালেবান সরকার ক্ষমতায় আসার পর সেখানে নারীদের জন্য উচ্চাশিক্ষা ও চাকরি নিষিদ্ধ করা হয়; এমনকি বাড়ির বাইরে যেতে হলেও বৈধ পুরুষ সঙ্গী নিয়ে যাওয়ার নিয়ম জারি করে তালেবান সরকার। ইরানেও নারী অধিকারের বিষয়টি সম্প্রতি মাথাচাড়া দিয়ে উঠেছে। ২০২২ সালের সেপ্টেম্বরে ঠিকভাবে হিজাব না পরার অভিযোগে ২২ বছরের তরুণী মাইসা আমিনিকে গ্রেপ্তার করে তেহরানের নৈতিকতা বিষয়ক পুলিশ। এরপর পুলিশি হেফাজতেই তার মৃত্যু হলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাদেশে।

সেই বিক্ষোভে নারীরা নিজেদের মাথার স্কার্ফ বা হিজাব খুলে, আগুনে পুড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। সেই বিক্ষোভে যোগ দিয়েছিলেন ইরানের পুরুষরাও। শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই নয়, পশ্চিমের অনেক দেশেও অধিকারের জন্য এখনও লড়ছেন নারীরা। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে যে খাদ্য নিরাপত্তাহীনতা, অপুষ্টি, দারিদ্র্য এবং লিঙ্গ-ভিত্তিক সহিংসতার সৃষ্টি হয়েছে, তার সবচেয়ে বড় ভুক্তভোগী হলো নারী। এছাড়া, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে সম্প্রতি নারীদের গর্ভপাতের অধিকার নিয়েও চলেছে বেশ হট্টগোল। মূলত, এসব বাধাবিপত্তি পেরিয়ে আগামী দিনগুলোতে নারীর সুন্দর জীবনের নিশ্চয়তার জন্যই আনুষ্ঠানিকভাবে এই নারী দিবসের প্রয়োজন এখনও রয়েছে বলে মনে করেন বিশ্বের নারী ও মানবাধিকার কর্মীরা।

অথচ দেশ কিংবা সমাজের উন্নয়ন নির্ভর করে জনগোষ্ঠীর সামগ্রিক অবদান ও অংশগ্রহনে ওপর। অর্থাৎ সমাজের অর্ধেক জনগোষ্ঠীর (নারী) অংশগ্রহণ ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবস্থা ও সামাজিক কর্মকান্ডে নারীর অংশগ্রহন বেড়েছে সত্য, কিন্তু তা কাঙ্ক্ষিত মাত্রার অনেক নিচে অবস্থান করছে। শুধু তাই নয়, নারী নির্যাতন ও বঞ্চনাও উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব হয়নি। দেশের নারীসমাজ এখনো নানা ধরনের পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় নির্যাতন বঞ্চনার শিকার। শিল্পক্ষেত্রে নারী শ্রমিকের বঞ্চনা একটি আলোচিত বিষয়। যৌতুক প্রথা, বাল্যবিয়ে, ধর্মীয় কুসংস্কার, পারিবারিক জীবনে পুরুষতান্ত্রিক মনোভাবের আধিপত্য,প্রথা, মান্ধাতার আমলের মনোকাঠামো ইত্যাদি নারী অগ্রগতির পথে বড় বাধা। এসব অতিক্রম করার নিরন্তর প্রচেষ্টা চলছে দেশে। সরকারি-বেসরকারি পর্যায়ে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। কিন্তু আবহমানকালের প্রথাগত সামাজিক চিত্রটি একেবারে মুছে ফেলা সম্ভব হয়ে উঠছে না। যদিও নারী –পুরুষের লিঙ্গ সমতা সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে আছে বাংলাদেশ। অর্থনৈতিক অংশগ্রহণ, শিক্ষা , স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়ন এই চার মাপকাঠির ভিত্তিতে প্রত্যেক বছর জেন্ডার সমতা সূচক প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ডব্লিউইএফ গ্ল্যোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্স ২০২৪ শীর্ষক জেন্ডার সমতা সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান ৯৯তম।

নানা গবেষণা থেকে জানা যাচ্ছে বিভিন্ন ধরনের পারিবারিক নির্যাতনের ভয়ংকর ঘটনার তথ্য। যৌতুক ও অর্থের জন্য চলছে নারী হত্যা। সামগ্রিক অপরাধের পরিসংখ্যানের সিংহভাগ জায়গা দখল করে রেখেছে নিহত, নির্যাতিত, আহত নারী ও শিশুর মুখচ্ছবি। পাশবিক বর্বরোচিত কায়দায় মধ্যযুগীয় নৃশংসতা যেমনভাবে নারীর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে গ্রামে-গঞ্জে, গৃহকোণে, তেমনিভাবে নারীর সম্ভ্রম হানিকর বহু ঘটনা ঘটছে শহরের শিক্ষিত সমাজের অভিজাত এলাকা, অফিস ও বিশ্ববিদ্যালয়ে।

বিশ্ব নারী দিবসে এসব সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে কথা হবে। প্রতিবাদ হবে। নারীর অধিকার নিশ্চিত করে সমতাসূচক বাড়ানোর জন্য গৃহীত হবে বহুবিধ কর্মপন্থা। এইসব আশাবাদী উদ্যোগ শুধু নারী দিবসেই নয়, সারা বছরই গ্রহণ করা কর্তব্য। সমাজের উন্নয়ন ও অগ্রগতির জন্য পুরুষের পাশাপাশি নারীকেও মর্যাদায়, সম্মানে, অধিকারে এগিয়ে আনা প্রগতি ও মানবতার দাবি। কুসংস্কার, পশ্চাৎপদতা ও অবদমন থেকে নারীর মানবিক উন্নয়ন ও উত্তরণ সভ্যতার বিকাশের জন্যই জরুরি।

সবাইকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবিস্মরণীয় উক্তির সাথে কণ্ঠ মিলিয়ে বলতে হবে, সাম্যের গান গাই;আমার চক্ষে পুরুষ -রমনী কোন ভেদাভেদ নাই;বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর;অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আজ সেই দিন যেসময়ে সমাজের অগ্রগতিতে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহন রয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে নারীরা এগিয়ে চলেছে। তাইতো কবি বলেছিলেন,সেদিন সুদূর নয়- যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়।

নারীদের ক্ষমতায়ন মানে শুধু নারীদের জন্য নয়, এটি সমাজের অগ্রগতির জন্যও অত্যন্ত জরুরি। আমরা যদি সত্যিকার অর্থে নারীর প্রতি শ্রদ্ধাশীল হই, সমান সুযোগ নিশ্চিত করি এবং নারীদের পাশে দাড়াই তাহলে একটি সুন্দর,সাম্যপূর্ণ সমাজ গঠন সম্ভব হবে। আসুন এই নারী দিবসে আমরা প্রতিজ্ঞা করি-সমাজে নারীর অধিকার সুনিশ্চিত করব, নারীর প্রতি সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে রুখে দাড়াবো এবং সমাজের অগ্রগতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করব। পিআইডি ফিচার/ লেখক- ফাতেমা তুজ জোহরা, সহকারী তথ্য অফিসার, আঞ্চলিক তথ্য অফিস, খুলনা। সেল ফোন-০১৭৩৪৯৫৬৯৩২